সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জাল ভোট দেওয়ার সময় ৩ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ২টি ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে জাল ভোট দেওয়ার অভিযোগে ২ জনকে আটক করা হয়। তারা হলেন বর্ণি মাঝপাড়ার বাসিন্দা কাউসার ও ফাহিম আহমদ।
এছাড়া, রনিখাই হুমায়ূন রশীদ চৌধুরী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে একই অভিযোগে আরও ১ জনকে আটক করা হয়।
এ তথ্যটি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, জাল ভোট দেওয়ার সময় মোট ৩ জনকে আটক করা হলেও রনিখাই হুমায়ূন রশীদ চৌধুরী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আটক হওয়া ১ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।