খেলাধুলা
বিলবাওকে হারিয়ে সুপার কাপের ফাইনালে বার্সেলোনা
হান্সি ফ্লিকের অধীনে দুর্দান্তভাবে মৌসুম শুরু করলেও বছরের শেষদিকে এসে খেই হারিয়েছিল বার্সেলোনা। তবে পুরনো ক্লেশ ঝেড়ে ফেলে নতুন বছরে ফের জয়যাত্রা শুরু করেছে দলটি।
শনিবার কোপা দেল রের ম্যাচে চতুর্থ স্তরের দল বারবাস্ত্রোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে বছর শুরু করা বার্সেলোনার সামনে দ্বিতীয় ম্যাচেই ছিল শক্ত প্রতিপক্ষ— আথলেতিক বিলবাও। তবে সেই পরীক্ষাতেও সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে নতুন বছরে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছে নানা সমস্যায় জর্জরিত কাতালানরা।
বুধবার রাতে সৌদি আরবে অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের প্রথম সেমিফাইনালে বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা।
ম্যাচের ১৭তম মিনিটে গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন গাভি। অসংখ্য সুযোগ হাতছাড়া করার মাঝে ৫২তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন লামিন ইয়ামাল। সুযোগ পেয়েছিলেন বিলবাওয়ের খেলোয়াড়রাও তবে বার্সার অফসাইডের ফাঁদ আর নিজেদের ভুলের খেসারত দিতে হয়েছে দলটির।
আরও পড়ুন: হেরে ১২৬তম বছর শুরু বার্সেলোনার
এদিন ম্যাচের প্রথম থেকেই বিলবাওয়ের ওপর ছড়ি ঘোরাতে থাকে বার্সেলোনা। এর পরিপ্রেক্ষিতে চতুর্থ মিনিটেই পাল্টা আক্রমণে উঠে পরপর দুটি সুযোগ তৈরি করেন জুল কুন্দে-রাফিনিয়ারা। তবে ফিনিশিংয়ের অভাবে দুটিই মাঠে মারা যায়।
ম্যাচের প্রথম দশ মিনিট ৭০ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ রেখে মাঠে একক আধিপত্য বিস্তার করে বার্সেলোনা। তবে এর পর খানিকটা ঝিমিয়ে যায় তারা। এ সময় সুযোগ কাজে লাগানোর পরিবর্তে ধীর লয়ে খেলতে থাকে বিলবাও-ও। ফলে ম্যাচের গতি বেশ পড়ে যায়। অবশ্য এর মধ্যেই ম্যাচর সপ্তদশ মিনিটে চকিতে আক্রমণে উঠে গোল আদায় করে নেয় হান্সি ফ্লিকের শিষ্যরা।
পেদ্রির লং পাস ধরে বাঁ পাশ দিয়ে এগিয়ে গিয়ে বিলবাওয়ের ডিফেন্স চিরে ছয় গজ বক্সের মধ্যে নিচু ক্রস দেন আলেহান্দ্রো বালদে। আর দুই ডিফেন্ডারের চ্যালেঞ্জ সামলে তা থেকে গোল আদায় করে দলকে এগিয়ে নেন গাভি।
গোল পাওয়ার পর ফের উজ্জীবীত ফুটবলে ফেরে বার্সেলোনা। আরও পিছিয়ে পড়া ঠেকাতে মনোযোগী হয় এরনেস্তো ভালভের্দের শিষ্যরাও। ফলে আবারও জমে ওঠে ম্যাচ।
ম্যাচের ২৩তম মিনিটে বিলবাও গোলরক্ষক উনাই সিমোনকে একা পেয়েও ফিনিশিংয়ের অভাবে নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করেন রাফিনিয়া। তবে রাফিনিয়ার শট সিমোন ঠেকিয়ে দিলে তা চলে যায় পেছনে থাকা লামিনের কাছে। তিনি দুর্বল শট নিলে সেটিও প্রতিহত করে দলকে বিপদমুক্ত করেন সিমোন।
প্রথমার্ধের শেষের মিনিট দশেক সমতায় ফিরতে জোর চেষ্টা চালায় বিলবাও। একের পর এক আক্রমণেও ওঠে তারা। তবে ফিনিশিংয়ের ব্যর্থতা আর বার্সেলোনার খেলোয়াড়দের সম্মিলিত প্রচেষ্টায় তাদের আর গোলের মুখ দেখা হয়ে ওঠেনি। ফলে ব্যবধানে ধরে রেখেই বিরতিতে যায় কাতালানরা।
আরও পড়ুন: দ্বিতীয়ার্ধের চরম নাটকীয়তা শেষে ডর্টমুন্ড বধ বার্সেলোনার
প্রথমার্ধে ৫৩ শতাংশ সময় বলের দখল রেখে ৬টি শট নেয় বার্সেলোনা, যার চারটিই লক্ষ্যে রাখতে সক্ষম হয় তারা। অপরদিকে, বিলবাও পাঁচটি শট নিলেও তার মাত্র একটি লক্ষ্যে ছিল।
৪২২ দিন আগে
শাস্তি কমলেও ২ ম্যাচ নিষিদ্ধই থাকছেন ভিনিসিউস
ভ্যালেন্সিয়া গোলরক্ষকের সঙ্গে বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখার পর এবার আরও বড় শাস্তি পেলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলীয় উইঙ্গার ভিনিসিউস জুনিয়র। পরবর্তী দুই ম্যাচের জন্য তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
লা লিগার ম্যাচে গত শুক্রবার (৩ জানুয়ারি) ভালেন্সিয়া গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কির মুখে আঘাত করায় লাল কার্ড দেখেন ভিনিসিউস। শুরুতে পিছিয়ে পড়েও জুড বেলিংহ্যামের শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে ম্যাচটি জেতে রিয়াল মাদ্রিদ।
এক দিন পর রিয়াল বস কার্লো আনচেলত্তি দাবি করেন, ভিনিসিউসের ওই ঘটনাটি লাল কার্ড পাওয়ার মতো ছিল না এবং তার শাস্তি এড়ানোর ব্যাপারে আশা প্রকাশ করেন এই কোচ।
তবে আইন ভাঙায় সর্বোচ্চ শাস্তির মুখে না পড়লেও ন্যূনতম (২ ম্যাচ) শাস্তি পেতে হচ্ছে ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে। এই শাস্তি এড়াতে আপিল করেছিল রিয়াল মাদ্রিদ। রিয়ালের আপিলের পর শাস্তি না কমিয়ে এই নিষেধাজ্ঞা কেবল লা লিগার ম্যাচে সীমাবদ্ধ করেছে কর্তৃপক্ষ। ফলে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) স্প্যানিশ সুপার কাপের ম্যাচে খেলতে আর বাধা থাকছে না ভিনির।
শাস্তির ঘোষণা আসার পর নিজের আচরণ নিয়ে ক্ষমা চেয়েছেন ভিনিসিউস।
সৌদি আরবে অনুষ্ঠিত হতে চলা চার দলের স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ওঠার লক্ষ্যে এবার মায়োর্কার মোকাবিলা করবে রিয়াল মাদ্রিদ। আর আজ (বুধবার) রাতে আথলেতিক বিলবাউয়ের মুখোমুখি হবে বার্সেলোনা।
সুপার কাপ থেকে অব্যহতি পাওয়ায় লা লিগায় পরের দুই ম্যাচে ১৯ জানুয়ারি লাস পালমাস ও ২৬ জানুয়ারি রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে তাকে পাবে না রিয়াল মাদ্রিদ।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয়ের পর লা লিগায় ১৯ ম্যাচে ১৩ জয় ও ৪ ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে নতুন বছরের শুরুতেই টেবিলের শীর্ষস্থানে বসেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এক ম্যাচ কম খেলে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে রয়েছে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদ। এছাড়া পয়েন্ট খোয়াতে খোয়াতে শীর্ষস্থান হারিয়ে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে হারের বৃত্তে ঘুরপাক খাওয়া বার্সেলোনা।
৪২২ দিন আগে
বিপিএল: সিলেটকে ৮ উইকেটে হারাল রংপুর রাইডার্স
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের প্রথম ম্যাচে অ্যালেক্স হেলসের সেঞ্চুরিতে সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স।
সোমবার (৬ জানুয়ারি) রংপুর রাইডার্সের বিপক্ষে ঘরের মাঠে পরাজয়ের মুখে পড়ে সিলেট স্ট্রাইকার্স।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২০৫ রান করে সিলেট। তাদের হয়ে রনি তালুকদার, জাকির হাসান ফিফটি করেন এবং জাকের আলী ও অ্যারন জোন্সের জ্বলে উঠে তাদের শক্তিশালী স্কোর এনে দেয়।
শেষ পাঁচ ওভারে ৭৪ রান তুলতে সক্ষম হয় সিলেট। শেষ ওভারে আকিফ জাভেদের বোলিংয়ে জোন্স ও জাকের ৪টি ছক্কা হাঁকান। অন্যদিকে রংপুর রাইডার্সের হয়ে সবচেয়ে দক্ষতার সঙ্গে বল করেন মোহাম্মদ সাইফউদ্দিন। নিজের চার ওভারে ৩১ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন তিনি।
অপর পক্ষে ব্যাটসম্যান আজিজুল হাকিমকে শূন্য রানে হারায় রাইডার্স। তবে অ্যালেক্স হেলস এবং সাইফ হাসান তাদের বড় অঙ্কের মোট রান তুলে মূল ভিত্তি গড়েন।
অ্যালেক্স ১০টি চার ও ৭টি ছক্কায় ৫৬ বলে ১১৩ রান এবং সাইফ ৪৯ বলে ৩টি চার ও ৭টি ছক্কায় ৮০ রান করেন।
তাদের ব্যাটিং দক্ষতা পুরো রান সংগ্রহ করার সময় কাঙ্ক্ষিত হার নিয়ন্ত্রণে রেখেছিল। ১৮তম ওভারে সাইফ আউট হলেও লক্ষ্যে পৌঁছানোর দূরত্বে ছিল রংপুর রাইডার্স।
রাইডার্স ১৯ ওভারে লক্ষ্যে পৌঁছে যায়। ২ উইকেটে ২১০ রান তুলে নেয়। ম্যাচ জেতানো সেঞ্চুরির জন্য ম্যাচসেরা হয়েছেন অ্যালেক্স হেলস।
আরও পড়ুন: বিপিএল: রংপুরের বিপক্ষে বড় স্কোর সিলেটের
৪২৪ দিন আগে
বিপিএল: রংপুরের বিপক্ষে বড় স্কোর সিলেটের
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ঘরের দর্শকদের সামনে জ্বলে উঠলেন সিলেট স্ট্রাইকার্সের স্থানীয় খেলোয়াড়রা।
সোমবার (৬ জানুয়ারি) ঘরের মাঠে জাকির হাসান (৫০) ও জাকের আলীর (৫ বলে ২০) ব্যাটিং, রনি তালুকদিয়েরের হাফ সেঞ্চুরি ও অ্যারন জোন্সের ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলে ৪ উইকেটে ২০৫ রান করে সিলেট।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।
জর্জ মুনসে ১৮ রানে আউট হওয়ার আগে পাঁচ ওভারে ৪৭ রান নিয়ে দারুণভাবে শুরু করেন সিলেটের দুই ওপেনার।
৩২ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৫৪ রানের ইনিংস খেলে ধারাবাহিকতা ধরে রাখেন রনি তালুকদার। তিন নম্বরে ব্যাট করতে নামা জাকির হাসান ৩৮ বলে ৪টি ছক্কাসহ ৫০ রান করেন।
শেষ পাঁচ ওভারে অ্যারন জোন্স ও জাকের আলীর দুরন্ত সমাপনীতে ৭৪ রান যোগ করে সিলেট। শেষ ওভারে আকিফ জাভেদের বলে চার ছক্কা হাঁকান তারা।
রাইডার্সের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন দুটি উইকেট নেন।
আরও পড়ুন: পিএসএল প্লেয়ার্স ড্রাফটে ৮ বাংলাদেশি ক্রিকেটার
৪২৪ দিন আগে
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় ভূষিত হয়েও পুরস্কার নিতে যাননি মেসি
নিজের দীর্ঘ ক্যারিয়ারে বহু পুরস্কার জেতা লিওনেল মেসির সাফল্যের মুকুটে যোগ হয়েছে আরও একটি পালক। ইতিহাসের মাত্র দ্বিতীয় এবং প্রথম পুরুষ ফুটবলার হিসেবে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘মেডেল অব ফ্রিডম’ জিতেছেন এই আর্জেন্টাইন মায়েস্ত্রো। তবে ফুটবলকে অগ্রাধিকার দিয়ে সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি।
শৈশবের ক্লাব বার্সেলোনা ছেড়ে পিএসজি হয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মেসি। সেখানে ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মায়ামির পোস্টার বয় তিনি।
যুক্তরাষ্ট্রে পা দিয়েই দেশটির ফুটবলের ভোল পাল্টে দিয়েছেন মেসি। ফুটবলকে ‘সকার’ বলা আমেরিকানরা একসময় ফুটবলের চেয়ে হাতে নিয়ে দৌড়ানো কলেজ ফুটবলকে বেশি গুরুত্ব দিলেও লিওনেল মেসি যখন থেকে যুক্তরাষ্ট্রের মাঠে নামতে শুরু করেছেন, তখন থেকেই ফুটবল মাঠে শুরু হয়েছে উপচে পড়া ভিড়।
বরাবর টেবিলের তলানিতে থাকা ইন্টার মায়ামির জার্সি গায়ে জড়ানোর দুই বছরের মধ্যে তিনি ক্লাবটিকে জিতিয়েছেন ইতিহাসের প্রথম সাপোর্টার্স শিল্ড ট্রফি। হয়েছেন সৌমুমসেরা ফুটবলারও। এবার দেশটির ফুটবলে অবদান রাখার স্বীকৃতি হিসেবে মেডেল অব ফ্রিডম জিতলেন মেসি।
প্রতি বছর যুক্তরাষ্ট্রের নানা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রেসিডেন্টের পক্ষ থেকে দেওয়া হয় এই পুরস্কার। যুক্তরাষ্ট্রের নারী ফুটবলার মেগান রাপিনোর পর মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে এ বছর এই পুরস্কার জিতলেন মেসি।
গতকাল (শনিবার) রাতে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে পদক বুঝে নেওয়ার কথা ছিল তার। কিন্তু হোয়াইট হাউসের ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক।
ইন্টার মায়ামির অনুশীলনের সময়ের সঙ্গে মিলে যাওয়ায় নিজ হাতে পুরস্কার গ্রহণ করতে পারেননি মেসি। তার পক্ষে পুরস্কারটি গ্রহণ করে ইন্টার মায়ামি কর্তৃপক্ষ।
তবে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। এ বিষয়ে ক্লাবের মাধ্যমে মেসি হোয়াইট হাউসে একটি চিঠি পাঠান।
আরও পড়ুন: লামিনের মাঝে নিজের কৈশোর দেখতে পান মেসি
চিঠিতে মেসি লেখেন, আমি এই পুরস্কার পেয়ে খুবই সম্মানিত বোধ করছি। এই খেতাবে ভূষিত করায় আমি যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট বাইডেনের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দুর্ভাগ্যবশত, অন্যান্য ব্যস্ততার কারণে আমি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারিনি।
মেসিকে পুরস্কার দেওয়ার বিষয়ে এক বিবৃতিতে হোয়াইট হাউস লিখেছে, তিনি পেশাদার ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল খেলোয়াড়। লিওনেল মেসি ফাউন্ডেশন এবং ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে বিশ্বজুড়ে শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার বিষয়েও তিনি কাজ করে যাচ্ছেন।
মেসি ছাড়াও এ বছর অন্যদের মধ্যে মেডেল অব ফ্রিডম পেয়েছেন বাস্কেটবল কিংবদন্তি ম্যাজিক জনসন, হলিউড তারকা ডেনসেল ওয়াশিংটন, মাইকেল জে ফক্স, সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনসহ মোট ১৯ জন।
৪২৫ দিন আগে
পিএসএল প্লেয়ার্স ড্রাফটে ৮ বাংলাদেশি ক্রিকেটার
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সাধারণত মার্চে শুরু হলেও আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফির কারণে এবারের (দশম) আসর শুরু হওয়ার কথা এপ্রিল মাসে। এ উপলক্ষে চলতি মাসের ১১ তারিখ হয়ে যাবে টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট। ইতোমধ্যে ড্রাফটে জায়গা পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে পিসিবি, যেখানে যায়গা পেয়েছেন বাংলাদেশের ৮ ক্রিকেটার।
পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তানের নান্দনিক সৌন্দর্য্যের শহর গোয়াদরে অনুষ্ঠিত হবে এবারের ড্রাফট। পাঁচ ক্যাটাগরিতে বাংলাদেশসহ মোট ১৯টি দেশের ৫১০ জন বিদেশি ক্রিকেটার ড্রাফটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে ওই আট বাংলাদেশি ক্রিকেটার স্থান পেয়েছেন শীর্ষ দুই ক্যাটাগরি প্লাটিনাম ও ডায়মন্ডে।
তারা হলেন— সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তৌহিদ হৃদয়।
এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের সঙ্গে একই সময়ে পিএসএল অনুষ্ঠিত হওয়ায় ক্রিকেটাররা খানিকটা অস্বস্তিতে পড়ে গেছেন। তবে যেসব বিদেশি খেলোয়াড় আইপিএলে দল পাননি, তাদের অনেকেই পিএসএলের ড্রাফটে নাম দিয়েছেন।
তাদের মধ্যে অন্যতম বড় নাম— অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স ক্যারি ও ক্রিস লিন, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, টিম সাউদি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, মাইকেল ব্রেসওয়েল, ফিন অ্যালেন ও মার্ক চ্যাপম্যান, দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা, রেসি ফন ডার ডুসেন ও রিজা হেনড্রিকস।
এছাড়া রয়েছেন— শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল মেন্ডিস, চারিত আসালাঙ্কা, দাসুন শানাকা ও পাতুম নিশাঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, এভিন লুইস, কাইল মায়ার্স ও ব্র্যান্ডন কিং, ইংল্যান্ডের জেসন রয়, অ্যালেক্স হেলস, ডাউইড মালান ও স্যাম বিলিংস, আফগানিস্তানের মোহাম্মদ নবী, মুজিব উর রহমান ও হজরতউল্লাহ জাজাই এবং জিম্বাবুয়ের রায়ান বার্ল।
এর আগে, গত বুধবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে পিএসএলে ৩০ বাংলাদেশি ক্রিকেটারের নিবন্ধনের কথা জানিয়েছিল ক্রিকেট পাকিস্তান। তাই বাকিরা গোল্ড, সিলভার ও ইমার্জিং— এ তিন ক্যাটাগরিতে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
৪২৫ দিন আগে
বরিশালকে হেসেখেলে হারিয়ে রংপুরের জয়যাত্রা অব্যাহত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে দুর্দান্ত শুরু করেছে রংপুর রাইডার্স। দলটির জয়ের ধারায় এবার কাটা পড়ল তারকায় ঠাসা বরিশাল।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল।
প্রথম দুই ম্যাচে আগে ব্যাট করে প্রতিপক্ষকে আটকে দিয়ে জিতেছিল রংপুর। অপরদিকে, দুর্বার রাজশাহীর বিপক্ষে ১৯৮ রান তাড়া করে ১১ বল বাকি থাকতেই নিজেদের প্রথম ম্যাচটি জিতে নেয় বরিশাল। ফলে তারকাসমৃদ্ধ দুই দলের এই ম্যাচটি নিয়ে একটু বাড়তি উত্তেজনাই ছিল।
আজ টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান নেন রংপুর অধিনায়ক সোহান। এরপর তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, শান্ত, তৌহিদ হৃদয় ও কাইল মেয়ার্সদের নিয়ে গড়া শক্তিশালী ব্যাটিং লাইন-আপ ধসিয়ে দিয়ে বরিশালকে ১২৪ রানে গুটিয়ে দেন রংপুরের বোলাররা।
১২৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে দ্বিতীয় ওভারেই ইকবাল হোসেন ইমনের জোড়া শিকারে পরিণত হন আজিজুল হাকিম তামিম ও তৌফিক খান। দুজনকেই ফিরতে হয় রানের খাতা খোলার আগেই। এরপর সাইফ হাসানকে সঙ্গে নিয়ে ১৫ ওভারেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অ্যালেক্স হেলস।
রংপুরের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেন অবশ্য সাইফ। ৪৬ বলে তিনটি ছক্কা ও ৬টি চারের সাহায্যে ৬২ রান করেন তিনি। অপর প্রান্তে তিন ছক্কা ও চারটি চারে ৪৯ রান করে অপরাজিত থাকেন হেলস।
টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের অন্য দলগুলোর চেয়ে অনেকটা এগিয়ে গেল রংপুর। বাকি দলগুলো এক বা দুই ম্যাচ খেলে এখনও দুই পয়েন্টের বেশি সংগ্রহ করতে পারেনি।
রংপুর ছাড়া এখন পর্যন্ত অপরাজিত দল রয়েছে শুধু খুলনা টাইগার্স। প্রথম ম্যাচে চিটাগং কিংসকে হারানো খুলনা নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল ঢাকা ক্যাপিটালসের মোকাবিলা করবে।
সংক্ষিপ্ত স্কোর
ফরচুন বরিশাল: ১২৪/১০ (১৮.২ ওভার) (তামিম ২৮, নবী ২১, মুশফিক ১৫; খুশদিল ৩/১৮, ইফতিখার ২/১০, নাহিদ ২/৩২)।
রংপুর রাইডার্স: ১২৮/২ (১৫ ওভার) (সাইফ ৬২*, হেলস ৪৯*; ইমন ২/৪১)।
ফলাফল: রংপুর রাইডার্স ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সাইফ হাসান।
৪২৮ দিন আগে
তাসকিনের রেকর্ড গড়া ম্যাচটি জয়ে রাঙাল রাজশাহী
বল হাতে তাসকিন আহমেদ বিশ্বরেকর্ড গড়ার পর এনামুল হক বিজয় ও রায়ান বার্লের ব্যাটিং ঝলকে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে অনায়াস জয় পেয়েছে দুর্বার রাজশাহী। তাসকিনের তাণ্ডবের পরও ব্যাটাররা ভালো সংগ্রহ পেলেও বোলিংয়ে কার্যকারিতার ছাপ ফেলতে না পারেনি ঢাকা। ফলে বিপিএলের চলতি আসরের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও হারের স্বাদ পেল দলটি।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিপিএলে দিনের প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে দুর্বার রাজশাহী।
এদিন ঢাকার ৭ ব্যাটারকে সাঝঘরের পথ চিনিয়ে আন্তর্জাতিক ও যেকোনো ধরনের স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র তৃতীয় বোলার হিসেবে রেকর্ড বইয়ে জায়গা করে নেন তাসকিন আহমেদ। তবে তার বিধ্বংসী বোলিংয়ের পরও ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে ঢাকা।
চতুর্থ ব্যাটার হিসেবে মাঠে নেমে ঢাকার শাহাদাৎ হোসেন দিপু ৪১ বলে সর্বোচ্চ ৫০ রান করেন। এছাড়া তৃতীয় ব্যাটার স্টিভি এসকিনাজি করেন ৪৬ রান।
আরও পড়ুন: বিপিএলে ৭ উইকেট নিয়ে তাসকিনের বিশ্বরেকর্ড
দ্বিতীয় ইনিংসে ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই মোহাম্মদ হারিসকে হারায় রাজশাহী। এরপর চতুর্থ ওভারের পঞ্চম বলে ৮ বল মোকাবিলা করে কোনো রান না করেই জিসান আলম আউট হলে ইয়াসির আলী রাব্বিকে নিয়ে রানরেটের দিকে খেয়াল রেখে ব্যাট চালাতে থাকেন এনামুল হক বিজয়।
দশম ওভারের প্রথম বলে ২০ বলে ২২ রান করে দলীয় ৭৩ রানের মাথায় ইয়াসির ফিরে গেলে রায়ান বার্লকে নিয়ে বাকি কাজটুকু সারেন বিজয়। ৩৩ বলে তিনটি ছক্কা ও পাঁচটি চারে ৫৫ রানের ক্যামিও ইনিংস খেলেন জিম্বাবুইয়ান ব্যাটার। অপরপ্রান্তে ৪৬ বলে তিনটি ছক্কা ও ৯টি চার মেরে ইনিংস-সর্বোচ্চ ৭৩ রানে অপরাজিত থাকেন বিজয়। ফলে ১১ বল বাকি থাকতেই ৭ উইকেটের বড় জয় পায় রাজশাহী।
প্রথম ম্যাচে ব্যাটাররা ১৯৭ রানের পুঁজি এনে দেওয়ার পর বোলাররা ফরচুন বরিশালের টপ অর্ডার ধসিয়ে দিলেও হেরে যায় রাজশাহী। তবে বোলিং-ব্যাটিংয়ে দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে আজ জয়ে ফিরেছে দলটি।
আরও পড়ুন:
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা ক্যাপিটালস: ১৭৪/৯ (দিপু ৫০, এসকিনাজি ৪৬, শুভম ২৪; তাসকিন ৭/১৯)।
দুর্বার রাজশাহী: ১৭৯/৩ (১৮.১ ওভার) (বিজয় ৭৩*, বার্ল ৫৫*, রাব্বি ২২; মোস্তাফিজ ১/৩৩, বাবু ১/৩৫)।
ফলাফল: দুর্বার রাজশাহী ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: তাসকিন আহমেদ।
৪২৮ দিন আগে
বিপিএলে ৭ উইকেট নিয়ে তাসকিনের বিশ্বরেকর্ড
চলমান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে রেকর্ড বইয়ের একাধিক জায়গায় স্থান করে নিয়েছেন দুর্বার রাজশাহীর পেসার তাসকিন আহমেদ। টি-টোয়েন্টি ম্যাচে একাই সাত উইকেট নিয়ে ব্যক্তিগত ক্যারিয়ার, ঘরোয়া, এমনকি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও অনন্য উচ্চতায় উঠেছেন এই বাংলাদেশি পেসার।
ইনিংস শেষে ঢাকা ক্যাপিটালসের স্কোরবোর্ডে ১৭৪ রান যুক্ত হলেও তাসকিনের বোলিং বিশ্লেষণ ৪-০-১৯-৭।
বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিং পারফরম্যান্স এটিই। এছাড়া বিপিএলের ইতিহাসেও এটি সেরা বোলিংয়ের রেকর্ড।
বিপিএলে এর আগে সেরা বোলিং ছিল মোহাম্মদ আমিরের। ২০২০ সালে খুলনা টাইগার্সের হয়ে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ১৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন এই পাকিস্তানি পেসার। আর বাংলাদেশের বোলারদের মধ্যে বিপিএলে সেরা বোলিংয়ের রেকর্ডটি এতদিন ছিল রংপুর রাইডার্সের হয়ে আবু হায়দারের (৫/১২)।
আরও পড়ুন: মিরপুরে বিপিএলের টিকিট বুথে অগ্নিসংযোগ, ভাঙচুর
ক্যারিয়ারসেরা বোলিংয়ে আজ বিশ্বরেকর্ডও গড়েছেন ডানহাতি এই পেসার। আন্তর্জাতিক ও যেকোনো ধরনের স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র তৃতীয় বোলার হিসেবে ৭ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি।
গত বছর চীনের বিপক্ষে ৮ রান খরচায় ৭ উইকেট নেওয়ার নজির গড়েন মালেয়েশিয়ার পেসার সিয়াজরুল ইদ্রুস। তার আগে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে লেস্টারশায়ারের হয়ে বার্মিংহ্যাম বিয়ার্সের বিপক্ষে ১৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন কলিন আকারম্যান।
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড ছিল সাকিব আল হাসানের। ২০১৩ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বারবাডোজ ট্রাইডেন্টসের হয়ে ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।
৪২৮ দিন আগে
মিরপুরে বিপিএলের টিকিট বুথে অগ্নিসংযোগ, ভাঙচুর
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী দিনই টিকিট পেতে মিরপুরে স্টেডিয়ামের গেটে ভাঙচুর চালিয়েছিল বিক্ষুব্ধ দর্শকরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ আবারও উত্তপ্ত হয়েছে মিরপুরের পরিস্থিতি।
টিকিট না পেয়ে বিক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার (২ জানুয়ারি) একটি টিকিট বুথে আগুন দিয়েছে। দুপুর ১২টার দিকে সুইমিংপুলের ২ নম্বর গেটে এ ঘটনা ঘটে।
পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর বিক্ষুব্ধ জনতা স্টেডিয়ামের ৫ নম্বর গেটে চলে যায়।
শুধু তাই নয়, সুইমিংপুল কমপ্লেক্সে ভাঙচুরও চালিয়েছেন ভক্ত-সমর্থকরা। দর্শকদের ক্ষোভ, টিকিটের দাম অনেক বেশি।
আরও পড়ুন: দুর্দান্ত বোলিংয়ে সিলেটকে হারিয়ে রংপুরের দুইয়ে দুই
জানা যায়, অনলাইনে যাঁরা টিকিট কাটতে পারছেন না, তাদের জন্যই মূলত টিকিট বিক্রি করা হচ্ছিল এই বুথ থেকে। সকাল থেকে টিকিটের জন্য আগে থেকে নির্ধারিত মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অপেক্ষা করছিলেন দর্শকরা। তবে সাড়ে এগারোটা নাগাদ বাঁশের বেড়া ধাক্কাতে থাকেন দর্শকরা। পরে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বুথে ভাঙচুর চালান দর্শকরা। একপর্যায়ে সেখানে আগুন দেয় বিক্ষুব্ধরা।
এবারের বিপিএলের টিকিট অনলাইন থেকেই কেনা যাচ্ছে। অনলাইন ক্রেতাদের জন্য অফিশিয়াল ওয়েবসাইট থেকে টিকিট কাটার ব্যবস্থা রাখা হয়েছে।
এ ছাড়া মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকেও সংগ্রহ করা যাচ্ছে টিকিট। তবে গত ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে থাকায় বুথ থেকে টিকিট ক্রয়ের ব্যবস্থা রেখেছিল বিসিবি।
৪২৮ দিন আগে