খেলাধুলা
হেরে ১২৬তম বছর শুরু বার্সেলোনার
২৪ ঘণ্টাও হয়নি জমকালো আয়োজনে ক্লাব প্রতিষ্ঠার ১২৫তম বার্ষিকী উদযাপন করেছে বার্সেলোনা। এর মধ্যেই পুচকে লাস পালমাসের কাছে হেরে বসেছে তারা।
শনিবার লা লিগার ১৫ রাউন্ডের ম্যাচে ঘরের মাঠে পয়েন্ট টেবিলের তলানির দিকে থাকা লাস পালমাসের কাছে ২-১ গোলে হেরে গেছে হান্সি ফ্লিকের দল।
এর ফলে ১৫ ম্যাচে ১১ জয় ও ১ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের চূড়ায় থাকলেও শীর্ষস্থান নড়বড়ে হয়ে গেছে বার্সেলোনার। দুই ম্যাচ কম খেলে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ওই দুই ম্যাচ জিতে ব্লাউগ্রানাদের টপকে শীর্ষস্থান দখল করার দারুণ সুযোগ এসেছে কার্লো আনচেলত্তির শিষ্যদের কাছে।
এই হারের ফলে লা লিগায় সবশেষ তিন ম্যাচ টানা জয়বঞ্চিত রইল বার্সেলোনা। এর মধ্যে মাত্র এক ম্যাচ ড্র করে এক পয়েন্ট অর্জন করেছে তারা। ফলে সবশেষ তিন ম্যাচে তাদের অর্জন কেবল ওই একটি পয়েন্ট।
এদিন প্রথমার্ধে সফরকারীদের ওপর ছড়ি ঘুরিয়েও কাজের কাজ করতে ব্যর্থ হয় বার্সেলোনা। ফলে স্কোরলাইনে কোনো পরিবর্তন আনতে না পেরেই বিরতিতে যায় দুদল। তবে বিরতি থেকে ফিরেই এগিয়ে যায় লাস পালমাস।
ম্যাচের ৪৯তম মিনিটে পাল্টা আক্রমণে উঠে সতীর্থের লং পাস ধরে ডান পাশ দিয়ে বক্সে ঢোকার মুখে কোনাকুনি জোরালো শট নেন সান্দ্রো রামিরেস। বল ঝাঁপিয়ে পড়া ইনিয়াকি পেনিয়ার নাগালের বাইরে দিয়ে গিয়ে জালে জড়িয়ে যায়। ফলে খেলায় আধিপত্য দেখাতে না পারলেও এগিয়ে যায় সফরকারীরা।
পিছিয়ে পড়ার পর প্রতিপক্ষকে আরও চেপে ধরে বার্সেলোনা। এরই ধাবাহিকতায় ম্যাচের ৬১তম মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান রাফিনিয়া।
প্রতিপক্ষের বক্সের সামনে বার্সেলোনা বল নিয়ে নাড়াচাড়া করার মাঝে হঠাৎ কিছুক্ষণের জন্য মনোযোগ হারায় লাস পালমাস। এই সুযোগে পেদ্রির কাছ থেকে বল ধরেই বক্সের বেশ বাইরে থেকে বুলেট শটে পোস্টঘেঁষে লক্ষ্যভেদ করেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।
তবে সমতায় ফিরলেও বার্সার হাই লাইন ডিফেন্স ভেঙে ৬ মিনিট পর ফের এগিয়ে যায় লাস পালমাস। মাঝমাঠ থেকে বার্সার ডিফেন্স লাইনে অপেক্ষা করা ফাবিও সিলভার কাছে চমৎকার একটি উড়ন্ত পাস দেন হাভিয়ের মুনিয়োস। পাস ধরে ক্ষিপ্র গতিতে এগিয়ে গিয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে পেনিয়াকে বোকা বানান সিলভা।
দ্বিতীয়বার পিছিয়ে পড়ার পর ৭০ ও ৭১তম মিনিটে দুবার গোলের সুযোগ তৈরি করেন যথাক্রমে দ্বিতীয়ার্ধের শুরুতে নামা লামিন ইয়ামাল ও রাফিনিয়া। তবে পালমাস গোলরক্ষক জ্যাসপার সিলিসেনের নৈপুণ্যে দুবারই হতাশ হন তারা।
ম্যাচের ৭৮তম মিনিটে অবশ্য ফেররান তোরেসের গোলে ফের সমতায় ফেরে বার্সেলোনা, তবে অফসাইডে গোলটি বাতিল হয়ে যায়।
এরপর আরও কয়েকবার চেষ্টা করেও গোল আদায় করতে না পারলে ১২৫তম প্রতিবার্ষিকীর উদযাপন মাটি করে মাঠ ছাড়তে হয় ফ্লিকের শিষ্যদের।
রবিবার রাতে টেবিলের আরেক তলানির দল গেতাফের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি জিতে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর দারুণ সুযোগ থাকবে চ্যাম্পিয়নদের। এর আগে আজ রাতে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে জিততে পারলে বার্সার সঙ্গে ব্যবধান কমাতে পারবে আতলেতিকো মাদ্রিদও।
৫৫১ দিন আগে
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ
আয়ারল্যান্ডকে টানা দুই ম্যাচ হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ওয়ানডেতে ১৫৪ রানের বড় ব্যবধানে জয়ের পর ৫ উইকেটে দ্বিতীয় ওয়ানডে জিতেছেন নিগার সুলতানারা।
শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ৬ উইকেটে ১৯৩ রান করেন আইরিশ মেয়েরা। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে এটাই তাদের সর্বোচ্চ সংগ্রহ।
দলের হয়ে ৮৮ বলে সর্বোচ্চ ৬৮ রান করেন অধিনায়ক এমি হান্টার। এছাড়া ওরলা প্রেন্ডেরগাস্ট ৩৭ ও লাউরা ডেলানি ৩৩ রান করেন।
বাংলাদেশের পক্ষে সুলতানা খাতুন ১০ ওভারে ৩২ রান দিয়ে দুটি উইকেট নেন।
১৯৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৪৩.৫তম ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।
বাঘিনীদের হয়ে ব্যাট হাতে ৮৯ বলে সর্বোচ্চ ৫০ করেন ফারজানা। এছাড়া সুপ্তার ব্যাট থেকে আসে ৬৩ বলে ৪৩ রান, জ্যোতি ফেরেন ৩৯ বলে ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে। শেষে ২৯ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন স্বর্ণা।
মিরপুরে নারী ওয়ানডে ক্রিকেটে এটিই সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। এর আগে ১৬৭ রানের তাড়ায় পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে ২২৫ রান তাড়ায় ম্যাচটি টাই হয়েছিল।
৫৫১ দিন আগে
লাউতারো মনোনয়ন না পাওয়ায় ইন্টার প্রেসিডেন্টের ক্ষোভ
গত মৌসুম থেকে দারুণ ছন্দে রয়েছেন ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেস। ইতালিয়ান ক্লাবটির পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও মাঠে আলো ছড়িয়ে চলেছেন এই ফুটবলার। তবে তা স্বত্ত্বেও ফিফার ‘দ্য বেস্ট’-এর সংক্ষিপ্ত তালিকায় তাকে মনোনীত না করায় মোটেও খুশি নয় ইন্টার মিলান কর্তৃপক্ষ।
শুক্রবার ফিফার ওয়েবসাইটে ২০২৪ সালের দ্য বেস্টের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। ১১ জনের ওই সংক্ষিপ্ত তালিকায় রিয়াল মাদ্রিদের ৬ খেলোয়াড়সহ আছে ব্যালন দ’র জয়ী রদ্রি ও মেসির নাম। তবে ইন্টারের হয়ে ঘরোয়া ডবল ও আর্জেন্টিনার জার্সিতে কোপা আমেরিকা জিতেও ফিফার সেরাদের তালিকায় স্থান করে নিতে পারেননি লাউতারো।
এ বিষয়ে ক্ষোভ ঝেড়েছেন নেরাজ্জুরিদের প্রেসিডেন্ট বেপ্পে মারোত্তা। ২০২৩-২৪ মৌসুমে মোট ৪৪ ম্যাচে ২৭ গোল করে ইন্টারকে স্কুদেত্তো ও ইতালিয়ান সুপার কাপ জিতিয়ে এবং আর্জেন্টিনার জার্সিতে ১৬ ম্যাচে ১১ গোল করে দলটিকে কোপা আমেরিকা জিতিয়েও কীভাবে ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড মনোনয়ন পান না, তা বুঝতে পারছেন না মারোত্তা।
ফিফার সমালোচনা করে তিনি বলেন, ‘অসাধারণ একটি মৌসুম কাটানোর পরও লাউতারোকে ফিফা দ্য বেস্ট মেন’স প্লেয়ারের জন্য মনোনীত না করাটা সত্যিই আশ্চর্যের, একইসঙ্গে বিষয়টি হতাশারও। কোপা আমেরিকায় সে সর্বোচ্চ গোলদাতা ছিল, লিগেও (সেরি-আ) তা-ই। লাউতারো আরও বেশি সম্মান ও স্বীকৃতি পাওয়ার দাবি রাখে।’
আরও পড়ুন: ফিফা বর্ষসেরার তালিকায় মেসি
গত মৌসুমটি সত্যিই লাউতারো মার্তিনেসের জন্য অসাধারণ এক মৌসুম ছিল। ইন্টারকে ১৯তম স্কুদেত্তো জেতানোর অভিযানে মৌসুমজুড়ে দারুণ পারফর্ম করেন তিনি। সেরি-আয় গত মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পাশাপাশি লিগের গোল্ডেন বুটও (সর্বোচ্চ গোলদাতা) জিতেছেন ইন্টার অধিনায়ক।
ইতালিয়ান সুপাকাপের ফাইনালে তার একমাত্র গোলেই নাপোলিকে হারায় ইন্টার মিলান। ফাইনাল ম্যাচের সেরা ফুটবলারও হন এই আর্জেন্টাইন।
এরপর জাতীয় দলের জার্সিতে আর্জেন্টিনার টানা দ্বিতীয় কোপা আমেরিকা জয়ে তার ছিল বড় ভূমিকা। ফাইনালে ২৭ বছর বয়সী এই স্ট্রাইকারের একমাত্র গোলেই চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। আসরের সর্বোচ্চ গোলদাতা হয়ে জেতেন কোপা আমেরিকার গোল্ডেন বুটও।
সব মিলিয়ে গত মৌসুমে ৫৮ ম্যাচে ৩৫ গোল ও ৮ অ্যাসিস্টের মাধ্যমে মোট ৪৩ গোলে অবদান রাখেন তিনি।
এমনকি, ক্লাব ও জাতীয় দলে ভূমিকার জন্য লাউতারোর আর্জেন্টাইন সতীর্থ লিওনেল মেসিকে মনোনীত করা হলেও একই রকম অর্জন নিয়ে বাদ পড়েছেন তিনি।
৫৫২ দিন আগে
বার্সার বিশেষ দিনে নিজের ‘বিশেষ দিন’ কোনটি, জানালেন মেসি
ফুটবল ক্লাব বার্সেলোনার ১২৫তম জন্মদিন আজ। বিশেষ এই দিনে ক্লাবটির আয়োজনে যে সামিল হতে পারবেন না, তা আগেই জানিয়ে দিয়েছিলেন বার্সেলোনার ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসি। তবে এই দিনে বার্সাকে নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন তিনি।
কাতালুনিয়ার সরকারি টেলিভিশন টিভি৩-কে দেওয়া এক স্বাক্ষাৎকারে নিজের বেড়ে ওঠা থেকে শুরু করে আজকের ‘মেসি’ হয়ে ওঠার পেছনে ক্লাব বার্সেলোনা ও শহরটির অবদানের কথা জানিয়েছেন আর্জেন্টাইন মায়েস্ত্রো।
কিশোর বয়সে ২০০০ সালে আর্জেন্টিনা ছেড়ে বার্সেলোনায় আসেন মেসি। এরপর যোগ দেন ক্লাবটির অ্যাকাডেমি লা মাসিয়ায়। তারপর মূল দলে অভিষেকের পর থেকে শুধু ক্লাবটিরই নয়, গোটা ফুটবল ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন তিনি।
বার্সেলোনার ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বলতে গিয়ে শুরুতেই ক্লাবকে অভিনন্দন জানান তিনি।
বলেন ‘বার্সেলোনার অংশ হওয়া, ক্লাবটির ভক্ত হতে পারা আমার কাছে অত্যন্ত সম্মানের। আমি ভাগ্যবান যে ঈশ্বর আমাকে সেখানে নিয়ে গিয়েছিলেন এবং জীবনের বেশিরভাগটাই আমি অসাধারণ এই ক্লাবটিতে কাটাতে পেরেছি।’
বিশেষ দিনে বার্সেলোনাকে মিস করছেন জানিয়ে তিনি বলেন, ‘এটি একটি বিশেষ ক্লাব, বাকি সব ক্লাবের চেয়ে আলাদা।… ক্লাব, শহর, সেখানকার মানুষ, সবার ভালোবাসা- সবকিছুই আমি মিস করি।’
স্পেনে বসবাস করার সময় ১৮৯৯ সালে সুইস ব্যবসায়ী জোয়ান গাম্পার বার্সেলোনা শহরের ফুটবলে আগ্রহী ব্যক্তিদের নিয়ে একটি ক্লাব গঠনের আহ্বান জানান। এ বিষয়ে বিজ্ঞাপন দিয়ে অভাবনীয় সাড়া পান তিনি।
এরপর ওই বছরের ২৯ নভেম্বর ফুটবল ক্লাব বার্সেলোনা প্রতিষ্ঠা করেন গাম্পার। তারপর ফুটবল ছাপিয়ে এই ক্লাবটিই হয়ে ওঠে কাতালানদের জাতীয়তাবাদের প্রতীক। কাতালুনিয়ার স্বাধীনতা আন্দোলনের দীর্ঘ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা এই ক্লাবটি তাই সমর্থকদের কাছে শুধু ফুটবল ক্লাব নয়, তার চেয়ে বেশিকিছুই।
প্রতিষ্ঠার ১২৫ বছরে ২৬টি লা লিগা, সর্বোচ্চ ৩১টি কোপা দেল রে, ১৪টি স্প্যানিশ সুপার কাপ, ৫টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি ফিফা ক্লাব বিশ্বকাপসহ অসংখ্য শিরোপা জিতেছে বার্সেলোনা। আর ২০০৪ সালের ১৬ অক্টোবর মাত্র ১৭ বছর বয়সে বার্সার মূল দলে অভিষেকের পর থেকে এসব অর্জনের নেপথ্যে গুরুত্বপূর্ণ নায়ক বনে যান মেসি।
৫৫২ দিন আগে
ফিফা বর্ষসেরার তালিকায় মেসি
কোপা আমেরিকা জয় এবং ইন্টার মায়ামির হয়ে মাঠে দারুণ সময় কাটালেও এ বছরের ব্যালন দ’রের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন না লিওনেল মেসি। তবে বছরজুড়ে মেসির কাজের স্বীকৃতি দিতে ভোলেনি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০২৪ সালে ফুটবলের বর্ষসেরার পুরস্কার ‘দ্য বেস্ট’-এর তালিকায় রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
শুক্রবার ফিফার ওয়েবসাইটে ২০২৪ সালের দ্য বেস্টের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। ১১ জনের ওই সংক্ষিপ্ত তালিকায় রয়েছে মেসির নাম।
মেসি ছাড়াও এই তালিকায় রয়েছেন এবারের ব্যালন দ’র জয়ী রদ্রি। এছাড়া রিয়াল মাদ্রিদের ৬ খেলোয়াড় রয়েছেন এই তালিকায়- ভিনিসিউস জুনিয়র, জুড বেলিংহ্যাম, দানি কারভাহাল, ফেদেরিকো ভালভার্দে, টনি ক্রুস ও কিলিয়ান এমবাপ্পে। এ ছাড়াও ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড, বায়ের লেভারকুজেনের ফ্লোরিয়ান ভিয়ার্টস ও বার্সেলোনার বিস্ময়বালক লামিন ইয়ামালও জায়গা করে নিয়েছেন এই তালিকায়।
এ নিয়ে ফিফা ‘দ্য বেস্ট’ প্রচলনের পর থেকে এ পর্যন্ত ৯ বারই মনোনয়ন পেলেন মেসি। এর মধ্যে তিনি পুস্কারটি জিতেছেন তিনবার (২০১৯, ২০২২ ও ২০২৩ সালে)।
‘দ্য বেস্ট’ পুরুষ ফুটবলারের পাশাপাশি আরও ১০টি পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ফিফা। এর মধ্যে রয়েছে বর্ষসেরা নারী ফুটবলার, বর্ষসেরা কোচ, বর্ষসেরা গোলরক্ষক, বর্ষসেরা একাদশ ও বর্ষসেরা গোলের পুরস্কার। এছাড়া দেওয়া হবে ফিফা ফ্যান অ্যাওয়ার্ড।
পুরস্কারগুলোর প্রত্যেকটির জন্য ভোট দিতে পারেন ভক্ত-সমর্থকরা। সেরা খেলোয়াড়, সেরা কোচ ও সেরা গোলরক্ষক নির্বাচনে মোট ভোটের এক চতুর্থাংশ রাখা হয়েছে দর্শকদের জন্য, বাকি তিন ভাগ দেন ফিফার সদস্যদেশগুলোর অধিনায়ক, কোচ ও গণমাধ্যম প্রতিনিধিরা। সেরা গোল ও একাদশ নির্বাচনে ভক্তদের ভোটের হার অর্ধেক। ফিফার ওয়েবসাইটে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত ভোট দেওয়া যাবে।
২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় নিয়ে প্রতিটি বিভাগের সংক্ষিপ্ত মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ফিফা। ‘দ্য বেস্ট’-এর ১১ জনের মধ্যে ইউরোপেরে বাইরে থেকে মনোনয়ন পেয়েছেন শুধু মেসিই।
আরও পড়ুন: হ্যাটট্রিক করে রোনালদোকে ছুঁলেন মেসি
তাকে মনোয়ন দেওয়ার ব্যাখ্যায় ফিফা বলেছে, বয়স ৩৭ হয়ে গেলেও ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা দলে ব্যাপক ভূমিকা রেখে চলেছেন মেসি। তার অনুপ্রেরণামূলক পারফরম্যান্সে ২০২৩ লিগস কাপের পর রেকর্ড সংখ্যক পয়েন্ট অর্জন করে ২০২৪ সালের সাপোর্টার্স শিল্ড জিতেছে মায়ামি। এছাড়া এ সময়ের মধ্যে তার নেতৃত্বে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। এমনকি বিশ্বকাপ বাছাইয়ের লাতিন আমেরিকা অঞ্চলে জয় দিয়ে বছর শেষ করা আর্জেন্টিনা রয়েছে পয়েন্ট টেবিলের চূড়ায়, আর সর্বোচ্চ ৬ গোল নিয়ে সবার উপরে মেসি।
এক নজরে ‘দ্য বেস্ট’-এর সংক্ষিপ্ত তালিকা
সেরা পুরুষ ফুটবলার: জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড/রিয়াল মাদ্রিদ), দানিয়েল কারভাহাল (স্পেন/রিয়াল মাদ্রিদ), আর্লিং হালান্ড (নরওয়ে/ম্যানচেস্টার সিটি), টনি ক্রুস (জার্মানি/রিয়াল মাদ্রিদ), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ), লিওনেল মেসি (আর্জেন্টিনা/ইন্টার মায়ামি), রদ্রিগো এরনান্দেস (স্পেন/ম্যানচেস্টার সিটি), ফেদেরিকো ভালভার্দে (উরুগুয়ে/রিয়াল মাদ্রিদ), ভিনিসিউস জুনিয়র (ব্রাজিল/রিয়াল মাদ্রিদ), ফ্লোরিয়ান ভিয়ার্টস (জার্মানি/বায়ের লেভারকুজেন), লামিন ইয়ামাল (স্পেন/বার্সেলোনা)।
সেরা কোচ: শাবি আলোনসো (বায়ের লেভারকুজেন), কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ), লুইস দে লা ফুয়েন্তে (স্পেন), পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি), লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা)।
সেরা গোলরক্ষক: জানলুইজি দোন্নারুম্মা (ইতালি/পিএসজি), এদেরসন মোরায়েস (ব্রাজিল/ম্যানচেস্টার সিটি), আন্দ্রিই লুনিন (ইউক্রেন/রিয়াল মাদ্রিদ), মাইক মাইনিয়ঁ (ফ্রান্স/এসি মিলান), এমিলিয়ানো মার্তিনেস (আর্জেন্টিনা/অ্যাস্টন ভিলা), দাভিদ রায়া (স্পেন/আর্সেনাল), উনাই সিমোন (স্পেন/আথলেতিক বিলবাও)।
৫৫২ দিন আগে
কোচিংয়ে ফিরলেন ল্যাম্পার্ড, দল পেয়েছেন নিস্টলরয়ও
গত কয়েকদিন ধরে গুঞ্জন ছিল- ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের লিগ চ্যাম্পিয়নশিপের একটি ক্লাবের দায়িত্ব নিয়ে দেড় বছর পর কোচিংয়ে ফিরছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। এবার গুঞ্জন সত্যি করে এল অফিশিয়াল ঘোষণা। চ্যাম্পিয়নশিপের ক্লাব কভেন্ট্রি সিটির প্রধান কোচের দায়িত্ব নিতে চলেছেন চেলসির কিংবদন্তি খেলোয়াড় ও সাবেক এই কোচ।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ল্যাম্পার্ডকে কোচিংয়ে দায়িত্ব দেওয়ার কথা জানায় কভেন্ট্রি। আড়াই বছরের জন্য ৪৬ বছর বয়সী এই কোচের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ক্লাবটি।
এর ফলে কভেন্ট্রিতে মার্ক রবিনসের স্থলাভিষিক্ত হচ্ছেন ল্যাম্পার্ড। ক্লাবটিতে আট বছর দায়িত্ব পালনের পর চলতি মৌসুমে ১৪ ম্যাচের সাতটিই হেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন রবিনসন। শেষ পর্যন্ত এই মাসের শুরুতে বরখাস্ত হন তিনি।
চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ১৭ নম্বরে রয়েছে কভেন্ট্রি সিটি। অবনমন অঞ্চল থেকে ২ পয়েন্ট ওপরে থেকে দলটির দায়িত্ব গ্রহণ করতে হচ্ছে ল্যাম্পার্ডকে।
২০১৮ সালে ডার্বি কাউন্টির হয়ে কোচিংয়ে নাম লেখান ল্যাম্পার্ড। এরপর ২০১৯ সালে চেলসির কোচ হন তিনি। দুই বছর পর স্ট্যামফোর্ড ব্রিজ থেকে বরখাস্ত হয়ে ২০২২ সালে প্রিমিয়ার লিগের আরেক ক্লাব এভারটনের বস হন তিনি। সেখানেও ক্যারিয়ার দীর্ঘ হয়নি কিংবদন্তি এই ফুটবলারের।
আরও পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ আমোরিম
পরে ২০২৩ সালের এপ্রিলে গ্রাহাম পটারকে বরখাস্ত করে ল্যাম্পার্ডকে মৌসুমের বাকি সময়ের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয় চেলসি। মৌসুম শেষে ২০২৩ সালের মে মাসে চেলসির দায়িত্ব ছাড়ার পর থেকে কোচিংয়ের বাইরে ছিলেন তিনি। এবার নিজের কোচিং ক্যারিয়ারকে আলোর মুখ দেখাতে আরও একটি সুযোগ পেলেন ল্যাম্পার্ড।
লেস্টার সিটির দায়িত্বে নিস্টলরয়
এদিকে, প্রিমিয়ার লিগে লেস্টার সিটির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তী কোচ হিসেবে কিছুদিন আগে দায়িত্ব ছাড়া রুড ফন নিস্টলরয়।
এর ফলে ওয়েলশ কোচ স্টিভ কুপারের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন নিস্টলরয়। লেস্টার সিটির কোচ হিসেবে ১৫৭ দিন ছিলেন কুপার। গত শনিবার প্রিমিয়ার লিগে চেলসির কাছে ২-১ গোলে হারার পর তাকে ছাঁটাই করে ক্লাব কর্তৃপক্ষ।
এদিকে, ব্যর্থতার বৃত্ত থেকে ইউনাইটেডকে বের করতে ব্যর্থ হওয়ায় গত ২৭ অক্টোবর এরিক টেন হাগকে কোচের পদ থেকে সরিয়ে তারই সহকারী নিস্টলরয়কে অন্তর্বর্তী কোচ বানায় ইউনাইটেড।
আরও পড়ুন: ব্যর্থতার বৃত্ত থেকে ইউনাইটেডকে বের করতে পারবেন আমোরিম?
সেখানে মাত্র ৪ ম্যাচ ডাগআউটে দাঁড়ানোর সুযোগ হয় নিস্টলরয়ের। তার মধ্যে তিনটি ম্যাচে জয় ও একটি ড্র করে ওল্ড ট্র্যাফোর্ডে অপরাজিত সংক্ষিপ্ত এক অধ্যায় শেষ করেন তিনি।
মজার ব্যাপার হচ্ছে, ইউনাইটেডের দায়িত্বে থাকাকালে গত ১০ নভেম্বর নিজের শেষ ম্যাচে লেস্টার সিটিকে ৩-০ গোলে হারায় নিস্টলরয়ের শিষ্যরা। এর দুই সপ্তাহ পরই সাবেক এই ডাচ স্ট্রাইকারকে কোচিংয়ের দায়িত্ব দিল ক্লাবটি।
এর আগে, স্বদেশি ক্লাব পিএসভি আইন্ডহোভেনের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন নিস্টলরয়। তার অধীনে ২০২২-২৩ মৌসুমে ডাচ কাপ জিতেছিল পিএসভি।
৫৫৩ দিন আগে
৪২ রানে অলআউট হয়ে শ্রীলঙ্কার লজ্জার রেকর্ড
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ১৯১ রানে থামালেও মার্কো ইয়ানসেনের আগুনে বোলিংয়ে পুড়ে ছাই হয়ে গেল শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ। আর এর ফলে দুটি লজ্জার রেকর্ড নিজেদের নাম লেখাল তারা।
ডারবানে সিরিজের প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৩.৫ ওভারে ৪২ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা।
নিজেদের টেস্ট ইতিহাসে এটিই শ্রীলঙ্কার সর্বনিম্ন স্কোর। এর আগে কখনোই ৫০ রানের নিচে অলআউট হয়নি দলটি।
এর আগে টেস্টে লঙ্কানদের সর্বনিম্ন স্কোর ছিল ৭১। ১৯৯৪ সালে পাকিস্তানের বিপক্ষে গড়া এই লজ্জার রেকর্ডটি ম্লান হয়েছে আজ। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটিই কোনো দলের সর্বনিম্ন ইনিংস। এর আগে, ২০১৩ সালে নিউজিল্যান্ডকে ৪৫ রানে গুটিয়ে দিয়েছিল প্রোটিয়ারা।
আরও পড়ুন: ভারতের বিষয়ে আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে পিসিবি
এদিন মাত্র ১৩.৫ ওভারেই শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। টেস্ট ক্রিকেটের দেড়শ বছরের ইতিহাসের এর চেয়ে ছোট ইনিংস রয়েছে আর মাত্র একটি। ১৯২৪ সালের জুনে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১২.৩ ওভারে গুটিয়ে গিয়ে টেস্ট ইতিহাসের সবচেয়ে ক্ষণস্থায়ী ইনিংসের বিব্রতকর রেকর্ডটি গড়ে এই দক্ষিণ আফ্রিকাই। ওই ইনিংসে তারা তুলেছিল ৩০ রান। সেই ঘটনার ১০০ বছর পর ঘটল অমন আরেকটি অঘটন। টেস্ট ক্রিকেটে ১৫ ওভারের আগে কেবল এই দুটি ইনিংসই শেষ হয়েছে।
৫৫৩ দিন আগে
হেরে খাদের কিনারায় থাকা রিয়াল শিবিরে আরও দুঃসংবাদ
ফুটবলারদের ফর্মহীনতা, সমন্বয়ের অভাব ও চোটজর্জর দল নিয়ে ভোগান্তির মাঝেই গত রাতে লিভারপুলের কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। তবে এই হারের রাতে মরার ওপর খাড়ার ঘা হিসেবে নেমে এসেছে আরও চোটের দুঃসংবাদ।
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের পঞ্চম রাউন্ডের ম্যাচে বুধবার রাতে লিভারপুলের কাছে ২-০ গোলে হেরেছে ম্যাচজুড়ে বিবর্ণ থাকা রিয়াল মাদ্রিদ।
ম্যাচের ৫৬তম মিনিটে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন ক্লাবটির ফরাসি মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। পরীক্ষা-নিরীক্ষার পর এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই প্রতিভাবান ফুটবলারকে।
হাঁটুর লিগামেন্টের চোট সেরে সেপ্টেম্বরে মাঠে ফিরেছিলেন কামাভিঙ্গা। দুই মাস খেলতে না খেলতেই ফের চোট নিয়ে মাঠের বাইরে চলে যেতে হলো তাকে।
আরও পড়ুন: হারের পর রিয়াল শিবিরে জোড়া ইনজুরির দুঃসংবাদ
কামাভিঙ্গার তিন সপ্তাহ মাঠের বাইরে থাকার অর্থ হলো, লা লিগায় গেতাফে, আথলেতিক বিলবাও, জিরোনা ও রায়ো ভায়েকানো এবং চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী ম্যাচে আতালান্তার বিপক্ষে তাকে পাচ্ছেন না কার্লো আনচেলত্তি।
এছাড়া অ্যানফিল্ড থেকে অস্বস্তি নিয়ে মাদ্রিদে ফিরেছেন রিয়ালের আক্রমণভাগের গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়- কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম ও ব্রাহিম দিয়াস। তাদের মধ্যে কেউ চোটাক্রান্ত হয়েছেন কিনা, এ বিষয়ে শুক্রবার তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলেও ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিওর খবরে বলা হয়েছে, শনিবার গেতাফের বিপক্ষে বিশ্রাম পেতে পারেন এই তিন খেলোয়াড়। পরের ম্যাচে শক্তিশালী বিলবাওয়ের বিপক্ষে সবাইকে দলে পেতেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
মৌসুমের শুরুতেই রিয়ালের রক্ষণে হানা দেয় চোট। এবার দলটির আক্রমণভাগও গ্রাস করতে চলেছে এই বিপদ।
চোটের কারণে লিভারপুল ম্যাচে স্কোয়াডে ছিলেন না আক্রমণভাগের মহাগুরুত্বপূর্ণ খেলোয়াড় ভিনিসিউস ও রদ্রিগো। অ্যানফিল্ডে ভিনির অনুপস্থিতি ভালোভাবেই টের পেয়েছে রিয়াল ও দলটির সমর্থকরা।
আরও পড়ুন: বের্নাবেউতে এবার রিয়ালকে গুঁড়িয়ে দিল মিলান
এছাড়া আরেক ফরাসি মিডফিল্ডার অরেলিয়েঁ চুয়ামেনিও চোট নিয়ে দলের বাইরে রয়েছেন। এর আগে, চোটের কারণে মৌসুমই শেষ হয়ে গেছে ডিফেন্ডার দানি কারভাহাল ও এদের মিলিতাওয়ের। ইনজুরিতে মাঠের বাইরে রয়েছেন ডেভিড আলাবাও।
৫৫৩ দিন আগে
তিন পেসার নিয়ে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের
নিজের ৫০তম টেস্টে অধিনায়কত্বের অভিষেক ম্যাচেই টস ভাগ্য গিয়েছে মেহেদী হাসান মিরাজের পক্ষে। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামছে মিরাজ অ্যান্ড কোং।
প্রথম টেস্টে ক্যারিবীয়দের চার পেসারের বিপরীতে দুজন স্পিনার ও তিনজন পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। অধিনায়ক মিরাজের সঙ্গে স্পিনার হিসেবে একাদশে রয়েছেন তাইজুল ইসলাম। আর পেসার হিসেবে রয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
পাকিস্তানে দুই টেস্টের সিরিজে ঐতিহাসিক জয় পেলেও ভারত সফরে গিয়ে বিপরীত অভিজ্ঞতা হয় বাংলাদেশের। এরপর দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের সামনে টিকতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররা। ফলে একপ্রকার লড়াই ছাড়াই সিরিজ হারতে হয় টাইগারদের।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে এটিই বাংলাদেশের শেষ সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতে শেষটা নিশ্চিতভাবেই রাঙিয়ে রাখতে চাইবেন দেশের ক্রিকেটাররা।
আরও পড়ুন: মুরাদের হ্যাটট্রিকে ওয়েস্ট ইন্ডিজে প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ
অবশ্য কাজটা মোটেই সহজ হবে না বাংলাদেশের জন্য। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ব্যাটিংয়ে ভরসার নাম মুশফিকুর রহিম। এমন অবস্থায় জাকের আলী, শাহাদাত হোসেন দিপু ও মাহিদুল ইসলাম অঙ্কনের মতো তরুণদের ওপর ভরসা রাখতে হচ্ছে সফরকারীদের।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্রেথওয়েট (অধিনায়ক), মিকাইল লুই, আলিক আথানেজ, কেসি কার্টি, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, কেমার কোচ, জেইডেন সিলস।
৫৫৯ দিন আগে
নেশন্স লিগের শেষ আটের ড্র: কে কাকে পেল, কী সমীকরণ
গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে আগেই, এবার নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র এবং ফাইনালের পথ স্পষ্ট করে দিল উয়েফা।
শুক্রবার নেশন্স লিগের চলতি মৌসুমের ‘রোড টু ফাইনাল’ নির্ধারণ করে কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে সম্প্রতি দারুণ ছন্দে থাকা নেদারল্যান্ডসের মুখোমুখি হবে স্পেন। এছাড়া ফ্রান্স ক্রোয়েশিয়ার, জার্মানি ইতালির এবং ডেনমার্কের মুখোমুখি হবে পর্তুগাল।
দুই লেগের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বছরের ২০ মার্চ। এর তিন দিন পর দ্বিতীয় লেগের ম্যাচ শেষে সেমি ফাইনালের চার দল নিশ্চিত হবে। এরপর আগামী ৪ ও ৫ জুন সেমি ফাইনাল এবং ৮ জুন ফাইনালের পর শিরোপা উঁচিয়ে ধরবে বিজয়ী দল।
চ্যাম্পিয়ন স্পেনের সামনে নেদারল্যান্ডস
শিরোপা ধরে রাখতে এবারও কঠিন পথ পাড়ি দিতে হবে স্পেনের। কোয়ার্টারে এবার তাদের প্রতিপক্ষ রোনাল্ড কুমানের নেদারল্যান্ডস।
ডাচদের দায়িত্ব নেওয়ার পর থেকেই কুমানের অধীনে দারুণ পারফর্ম করে চলেছে দলটি। সবশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমি ফাইনালে উঠেছিল ডাচরা। তার আগে গত বিশ্বকাপে কোয়ার্টারে উঠে দুর্দান্ত পারফর্ম করেও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে হারে তারা।
চলতি মৌসুমে নেশন্স লিগেও দারুণ ছন্দে রয়েছে নেদারল্যান্ডস। হাঙ্গেরি ও জার্মানির মতো দলগুলোর সঙ্গে এক গ্রুপে পড়ে প্রথম ম্যাচেই জার্মানির কাছে হেরে বসে ডাচরা। তবে তারপর অপরাজিত থেকে গ্রুপ রানার্স-আপ হয়ে শেষ আট নিশ্চিত করেছে কুমানের শিষ্যরা।
ফলে সম্প্রতি দুর্দান্ত ছন্দে থাকলেও ডাচ বাধা পেরোনো সহজ হবে না ইউরো ও নেশন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের।
আরও পড়ুন: বিশ্বকাপ-ইউরো-নেশন্স লিগ জেতা একমাত্র ফটুবলার অবসরে
এছাড়া চোটের কারণে বারবার স্কোয়াডে পরিবর্তন এনে দল সাজাতে হচ্ছে লুইস দেলা ফুয়েন্তের। চোট নিয়ে ইতোমধ্যে চলতি মৌসুমের জন্য ছিটকে গেছেন দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় দানি কারভাহাল ও রদ্রি।
তবে তরুণ এবং ফর্মে থাকা স্পেনের যেকোনো ফুটবলারকে জাতীয় দলে ডাক দিয়ে বারবার ফল নিজেদের পক্ষে নিয়ে আসতে দেখা গেছে স্পেন বসকে। ফলে এই দুই দলের লড়াইটা দর্শকের জন্য হবে দর্শনীয়।
ফিরছে ২০১৮ বিশ্বকাপের ফাইনাল
শেষ আটের ড্রয়ে এবার মুখোমুখি হতে চলেছে ক্রোয়েশিয়া ও ফ্রান্স। এর ফলে ২০১৮ সালের বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি হতে চলেছে, তা-ও একবার নয়, দুবার।
ফ্রান্সের কাছে সেবার ৪-২ গোলে হেরে ক্রোয়েশিয়ার স্বর্ণযুগের খেলোয়াড়দের স্বপ্নভঙ্গ হয়েছিল। প্রায় পাঁচ বছর পর এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে ক্রোয়াটদের সামনে।
অবশ্য ভালো পারফর্ম করলেও ক্রোয়েশিয়ার সেই দল এখন আর নেই। বিশ্বকাপ স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড়ই অবসরে চলে গেছেন। তবে এখনও লুকা মদ্রিচ, মার্সেলো ব্রোজোভিচের মতো অভিজ্ঞরা দলটিকে নেতৃত্ব দিচ্ছেন। সেইসঙ্গে আন্দ্রেই ক্রামারিচ, মাতেও কোভাচিচ, ইয়োস্কো গেভারদিওলের মতো প্রতিভাবান তরুণ ফুটবলার থাকায় গ্রুপ পর্বের চ্যালেঞ্জ উতরে এসেছে জ্লাতকো দালিচের দল।
অপরদিকে, দুর্দান্ত সব খেলোয়াড় থাকলেও ফর্মহীনতা, চোট ও সমন্বয়ের অভাবে ইউরোর পর থেকেই ধুঁকতে দেখা গেছে দিদিয়ের দেশমের শিষ্যদের। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইতালির কাছে হারের পর সবশেষ পাঁচ ম্যাচ জিতলেও দলের বড় তারকারা নিজেদের নামের প্রতি এখনও সুবিচার করতে পারেননি। ফলে ক্রোয়েশিয়ার বিপক্ষে ভালো কিছু করতে মুখিয়ে থাকবেন কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলের মতো তারকারা।
গ্রুপের পঞ্চম রাউন্ডের ম্যাচে ইসরায়েলের কাছে ঘরের মাঠে গোলশূন্য ড্র করলেও শেষ ম্যাচে ইতালিকে ৩-১ গোলে হারিয়ে তাদেরই টপকে গ্রুপ সেরা হয়ে কোয়ার্টারে উঠেছে ফ্রান্স।
শেষ চার ম্যাচেই দলের সঙ্গে ছিলেন না এমবাপে। চোটে আক্রান্ত না হলে কোয়ার্টার ফাইনালে তাকে দলে ফেরাতে পারেন দেশম। ফলে কৌশল দিয়েই দুর্দান্ত এই দলটিকে মাত করতে হবে মদ্রিচের ক্রোয়েশিয়ার।
৫৫৯ দিন আগে