খেলাধুলা
বাংলাদেশের ক্রিকেটের অধিনায়ক পদে থাকতে চান না শান্ত
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে আর দায়িত্ব পালন করতে চান না নাজমুল হোসেন শান্ত।
শনিবার(২৬ অক্টোবর) একটি আন্তর্জাতিক ক্রিকেট সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে।
চট্টগ্রামে ২৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দল প্রস্তুতি নিচ্ছে, এই সময়েই এই খবরটি এসেছে।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে যে, শান্ত তার ভূমিকায় থাকতে অনিচ্ছুক এবং তিনি এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অবহিত করেছেন।
শান্ত ওয়েবসাইটটিকে নিশ্চিত করেছেন যে, তিনি এখন বোর্ডের উত্তরের অপেক্ষা করছেন।
বাঁহাতি ব্যাটসম্যান শান্ত ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সব ফরম্যাটে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দ্বিতীয় টেস্টের পর অধিনায়কত্ব ছেড়ে দিতে চান বলে বোর্ডকে জানিয়েছেন শান্ত।
ঠিক কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিচ্ছেন, তা স্পষ্ট নয়। সম্প্রতি ব্যাট হাতে তার খারাপ পারফরম্যান্স নিয়ে তাকে সমালোচনার মুখে পড়ার পাশাপাশি অধিনায়ক হিসেবেও তিনি নতুন কিছু করতে পারেননি।
শান্তর অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত সম্পর্কে বোর্ড এখনও কিছু বলেনি। তিনি যদি শেষ পর্যন্ত পদত্যাগ করেন তবে কে অধিনায়কের দায়িত্ব নেবেন তা এখনো স্পষ্ট নয়।
শান্ত ৯টি টেস্ট, ৯টি ওয়ানডে এবং ২৪টি টি-টোয়েন্টিতে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জেতাই এখন পর্যন্ত তার অধিনায়কত্বে বাংলাদেশের সেরা সাফল্য।
৪৯৬ দিন আগে
ভিনিসিউস-এমবাপেকে আটকাতে যে কৌশল আঁটছেন ফ্লিক
একদিন পরই মাঠে গড়াতে চলেছে ফুটবলের ঐতিহাসিক ধ্রুব লড়াই এল ক্লাসিকো। এ নিয়ে সমর্থকদের মধ্যে যেমন চলছে টান টান উত্তেজনা, দুই দলের কোচ ও খেলোয়াড়দেরও ম্যাচটি নিয়ে প্রস্তুতির শেষ নেই।
বাংলাদেশ সময় শনিবার রাত ১টায় মাদ্রিদের সান্তিয়াগো বের্নাবেউতে বার্সেলোনাকে আতিথ্য দেবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের আগে শুক্রবার সংবাদ সম্মেলনে আসেন বার্সা কোচ হান্সি ফ্লিক।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বায়ার্ন মিউনিখকে ৪-১ গোলে হারানোয় এ সময় বার্সেলোনার দক্ষতা ও আত্মবিশ্বাসের প্রশংসা করেন উপস্থিত সাংবাদিকদের একজন। এ বিষয়ে দলের মধ্যে কিছু জায়গাতে ত্রুটি এখনও রয়েছে বলে উল্লেখ করেন ফ্লিক।
তিনি বলেন, ‘দল ভালো খেলছে সত্যি, তবে হাই ডিফেন্সিভ লাইনে প্রেসিং ফুটবল খেলার মূল্যও দিতে হচ্ছে মাঝে মাঝে। আর এর সুযোগ নিচ্ছে প্রতিপক্ষের খেলোয়াড়রা।’
‘রিয়াল মাদ্রিদে ভিনিসিউস ও (কিলিয়ান) এমবাপের মতো ক্ষিপ্র গতির ফুটবলার রয়েছে। তারা এই সুযোগ কাজে লাগিয়ে অনায়াসেই (বার্সাকে) বিপদে ফেলতে পারে।’
আরও পড়ুন: রাফিনিয়ার হ্যাটট্রিকে ৯ বছর পর বায়ার্নকে হারাল বার্সেলোনা
তবে এই সমস্যার সমাধানে কাজ করছেন জানিয়ে বার্সা বস বলেন, ‘হাই ডিফেন্সিভ লাইনে খেলার কারণে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করা যায়। তবে এক্ষেত্রে ডিফেন্ডারদের সতর্ক থাকতে হয়। তারা যদি (ডিফেন্সিভ) লাইনের মাঝের জায়গা কমিয়ে দেয়, তাহলে রক্ষণ ভাঙা প্রতিপক্ষের জন্য কষ্টকর হয়ে যায়।’
ভিনিসিউস ও এমবাপে দুই উইং দিয়ে আক্রমণে উঠতে দারুণ পটু উল্লেখ করে ফ্লিক বলেন, ‘স্পেস দিলে তারা যেকোনো মুহূর্তে ডিফেন্স ভেঙে সর্বনাশ করে দিতে পারেন। ফলে আমাদের ফুলব্যাকদের এ বিষয়ে সজাগ থাকতে হবে।
জুল কুন্দে ও আলেক্স বালদেকে নিয়ে এ বিষয়ে কাজ শুরু করেছেন জানিয়ে তিনি বলেন, ‘বায়ার্ন ম্যাচটি কঠিন ছিল, কিন্তু রিয়াল মাদ্রিদ সম্পূর্ণ আলাদা একটি দল; তাদের খেলোয়াড়রাও আলাদা। ফলে (রিয়াল মাদ্রিদের বিপক্ষে) আমাদের মানিয়ে নিতে হবে।’
আরও পড়ুন: এল ক্লাসিকোর আগে রিয়াল শিবিরে জোড়া দুঃসংবাদ
তবে ডিফেন্স লাইনে স্পেস না দিলে প্রতিপক্ষকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করেন এই কোচ।
লা লিগায় দশম রাউন্ড শেষে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। তিন পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে কার্লো আনচেলত্তির দল।
৪৯৭ দিন আগে
তাসকিনের বদলে স্কোয়াডে খালেদ, চট্টগ্রাম টেস্টেও বাভুমাকে পাচ্ছে না দ.আফ্রিকা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টেস্ট স্কোয়াডে মাত্র একটি পরিবর্তন এনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দল ঘোষণা করা হয়েছে।
চট্টগ্রামে আগামী মঙ্গলবার (২৯ অক্টোবর) শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। মিরপুরে প্রথম ম্যাচটি ৭ উইকেটে জিতে দুই টেস্টের এই সিরিজে এগিয়ে রয়েছে সফরকারীরা।
দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ, আর তার জায়গায় দলে ডাক পেয়েছেন আরেক পেসার খালেদ আহমেদ।
নির্বাচন প্যানেল থেকে জানানো হয়েছে, বিশ্রাম দিতই তাসকিনকে দ্বিতীয় টেস্টের দলে রাখা হয়নি।
কারণ হিসেবে নির্বাচক প্যানেলের একজন বলেন, ‘তাসকিন আমাদের তিন ফরম্যাটের ক্রিকেটার। আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে আমাদের ওয়ানডে সিরিজ আছে। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফর আছে। ৫০ দিনের জন্য দেশের বাইরে থাকতে হবে। আমরা তাকে সতেজ চাই। যে কারণে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।’
আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নজর সিমন্সের
অন্যদিকে, চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় চট্টগ্রাম টেস্টও খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা।
বাভুমার অনুপস্থিতিতে প্রথম টেস্টে প্রোটিয়াদের নেতৃত্ব দেন আইডেন মার্করাম। দ্বিতীয় ম্যাচেও তার কাঁধেই থাকবে দলের দায়িত্ব।
কনুইয়ের চোটে প্রথম টেস্টে খেলতে না পারলেও দ্বিতীয় টেস্টে দলে ফেরার আশায় ছিলেন বাভুমা। তাই প্রথম টেস্টে খেলতে পারবেন না জেনেও দলের সঙ্গে বাংলাদেশ আসেন তিনি। এখানেই চলে তার পুনর্বাসন প্রক্রিয়া। তবে সময়মতো সেরে উঠতে না পারায় হতাশাই সঙ্গী হতে হচ্ছে তার।
চট্টগ্রাম টেস্ট থেকেও বাভুমার ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের কোচ শুকরি কনরাড।
তিনি বলেন, ‘চিকিৎসকদের পর্যবেক্ষণের পর মনে হচ্ছে, দ্বিতীয় টেস্টের জন্য সে প্রস্তুত হতে পারবে না। আমরা তার পুনর্বাসন প্রক্রিয়া এখন একটু কমাব যাতে সে শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুত হতে পারে।’
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালে এ মাসের শুরুতে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় বাঁ হাতের কনুইয়ের ওপরের দিকে চোট পান বাভুমা। ৩৫ রান করে মাঠ ছাড়তে হয় তার। তারপর থেকে মাঠের বাইরে আছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ, সৈয়দ খালেদ আহমেদ।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: আইডেন মার্করাম (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, ম্যাথু ব্রিটস্কে, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, কেশব মহারাজ, ভিয়ান মুল্ডার, কাইল ভেরেইন (উইকেটরক্ষক), সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, ডেন প্যাটারসন, ডেন পিট, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন।
৪৯৭ দিন আগে
ভিনিসিউসকে নিয়ে বর্ণবাদী ক্যাম্পেইন, স্পেনে গ্রেপ্তার ৪
রিয়াল মাদ্রিদের ব্রাজিলীয় ফরোয়ার্ড ভিনিসিউসকে নিয়ে বর্ণবাদী ক্যাম্পেইন করতে অনলাইনে প্রচারণা চালানোর অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে স্পেনের পুলিশ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গ্যালারিতে ভিনিসিউসকে নিয়ে বিদ্বেষমূলক স্লোগান দিতে বিভিন্ন ক্লাবের সমর্থকদের জন্য ওইসব স্লোগান লেখা ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে তা প্রচার করে আসছিল গ্রেপ্তারকৃতরা। এছাড়া তাদের অনুসারীরা মুখোশ পরে গ্যালারিতে বিদ্বেষ ছড়িয়ে থাকে।
গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত মাদ্রিদ ডার্বিতে এ ধরনের কর্মকাণ্ডের জন্য ১৪ অক্টোবর ২৪ বছর বয়সী এক যুবককে হেফাজতে নেয় পুলিশ। অবশ্য জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরেরদিন ছেড়েও দেওয়া হয়।
বিগত কয়েক বছর ধরে প্রতিপক্ষের সমর্থকদের কাছে অসংখ্যাবার বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভিনিসিউস। এরই পরিপ্রেক্ষিতে বর্ণবাদ পরিস্থিতির উন্নতি না হলে স্পেন থেকে ২০৩০ বিশ্বকাপ সরিয়ে নেওয়া উচিত বলে মন্তব্য করেন ২৪ বছর বয়সী এই ফুটবলার।
আরও পড়ুন: বর্ণবাদ পরিস্থিতির উন্নতি না হলে স্পেনে বিশ্বকাপ চান না ভিনিসিউস
এমনকি, মাদ্রিদ ডার্বি চলাকালে থিবো কোর্তোয়ার দিকেও আবর্জনা ছুড়ে মারতে দেখা যায় আতলেতিকোর সমর্থকদের। এ কারণে কিছু সময়ের জন্য খেলা বন্ধ রাখেন রেফারি।
পরবর্তীতে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) নির্দেশে লেগানেসের বিপক্ষে ম্যাচে মেত্রোপলিতানোর কিছু অংশ বন্ধ রেখে খেলতে হয় আতলেতিকোকে।
শুধু তা-ই নয়, মাদ্রিদ ডার্বির ঘটনায় আরও একটি শাস্তির মুখোমুখি হতে পারে আতলেতিকো।
ওই ঘটনার শাস্তি হিসেবে মেত্রোপলিতানো স্টেডিয়ামটি দুই সপ্তাহের জন্য পুরোপুরি বন্ধ করার পাশাপাশি ক্লাবটিকে ৬৫ হাজার ইউরো জরিমানা করার আহ্বান জানিয়েছে স্পেনের সহিংসতাবিরোধী কমিটি।
৪৯৮ দিন আগে
সাফের সেমিফাইনালে এবারও বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান
নারী সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে হারিয়ে সমীকরণ মিলিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে নেপাল। এর ফলে সেমিতে এবারও দেখা হচ্ছে বাংলাদেশ ও ভুটানের।
নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের ম্যাচে দিনের শুরুতে মুখোমুখি হয় মালদ্বীপ ও ভুটান। ওই ম্যাচে ১৩-০ ব্যবধানের জয় তুলে নেয় ভুটান। এতে গ্রুপসেরা হতে অন্তত ৬ গোলের ব্যবধানে জয়ের প্রয়োজন ছিল নেপালের। দিনের পরবর্তী ম্যাচে শ্রীলঙ্কাকে ৬-০ ব্যবধানে হারিয়েই সমীকরণ মিলিয়েছে তারা।
আরও পড়ুন: ভারতকে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ
টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আগামী রোববার মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের রানার-আপ ভুটান ও ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ। একই দিনে দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে ভারত ও নেপাল।
সাফের গত আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিলেন সাবিনা-ঋতুপর্ণারা।
এই টুর্নামেন্টের আগেও দুই ম্যাচে মুখোমুখি হয়েছিল ভুটান ও বাংলাদেশ। গত জুলাইয়ে অনুষ্ঠিত ওই দুই ম্যাচেও যথাক্রমে ৫-১ ও ৪-২ গোলে জিতেছিল পিটার বাটলারের দল।
৪৯৮ দিন আগে
৫-০ গোলে জয়ের রাতে চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ভাঙল সিটি
চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে প্রথম ম্যাচ ড্র করার পর থেকে মাঠের পারফরম্যান্সে ক্রমেই উন্নতি করে চলেছে ম্যানচেস্টার সিটি। এরই ধারাবাহিকতায় স্পার্তা প্রাহাকে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। সেইসঙ্গে টুর্নামেন্টের ইতিহাসে অনন্য এক উচ্চতায় উঠেছে ক্লাবটি।
চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে চেক রিপাবলিকের ক্লাব স্পার্তা প্রাহাকে ৫-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
এদিন সিটির হয়ে জোড়া গোল করেন আর্লিং হালান্ড। বাকি তিনটি গোল আসে ফিল ফোডেন, জন স্টোন্স ও ম্যাথুস নুনেসের পা থেকে।
জোড়া গোলের ফলে চ্যাম্পিয়ন্স লিগে মোট ৪২ ম্যাচ খেলে ৪৪ গোল হয়েছে হালান্ডের। এর মাধ্যমে টুর্নামেন্টটির সর্বকালের চতুর্দশ সেরা গোলদাতা দিদিয়ের দ্রগবাকে স্পর্শ করেছেন হালান্ড। তবে দ্রগবার চেয়ে প্রায় অর্ধেক ম্যাচ খেলেই তাকে ছুঁয়ে ফেলেছেন ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার।
আরও পড়ুন: দুর্দান্ত জয়ে নিজেদের রেকর্ড ছুঁয়েছে সিটি
ম্যাচটি জিতে চ্যাম্পিয়ন্স লিগে অপরাজেয় যাত্রার রেকর্ড গড়েছে ম্যানচেস্টার সিটি। টুর্নামেন্টটিতে সবশেষ ২৬ অপরাজিত রয়েছে তারা। এর ফলে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের গড়া রেকর্ডটি নিজেদের করে নিয়েছে গার্দিওলার দল।
২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে স্যার অ্যালেক্স ফার্গুসনের তত্ত্বাবধায়নে টানা ২৫ ম্যাচ অপরাজিত থেকে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ অপরাজিত থাকার রেকর্ডটি এতদিন ছিল ইউনাইটেডের দখলে।
এছাড়া, চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখনও হারের স্বাদ পায়নি ম্যানচস্টার সিটি। গত ১০ আগস্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে টাইব্রেকারে হারিয়ে কমিউনিটি শিল্ড জেতার পর প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও ক্যারাবাও কাপ মিলিয়ে মোট ১৩ ম্যাচ খেলেছে তারা। এর মধ্যে ড্র করেছে মাত্র তিনটি ম্যাচ, বাকি ১৩ ম্যাচেই জয়ের দেখা পেয়েছে টানা চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে দুটি জয় ও একটি ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে সিটি। তিন ম্যাচের সবগুলো জিতে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে উনাই এমেরির অ্যাস্টন ভিলা এবং দ্বিতীয় স্থানে লিভারপুল।
দিনের অপর ম্যাচে লাইপসিগকে ১-০ গোলে হারিয়েছে আর্নে স্লটের শিষ্যরা। এছাড়া বার্সেলোনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে বায়ার্ন মিউনিখ।
আরও পড়ুন: রাফিনিয়ার হ্যাটট্রিকে ৯ বছর পর বায়ার্নকে হারাল বার্সেলোনা
৪৯৯ দিন আগে
রাফিনিয়ার হ্যাটট্রিকে ৯ বছর পর বায়ার্নকে হারাল বার্সেলোনা
২০১৫ সালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে সবশেষ বায়ার্ন মিউনিখকে হারিয়েছিল বার্সেলোনা। তারপর থেকে এই বায়ার্নই হয়ে ছিল দলটির কাছে এক আতঙ্কের নাম। পরে যতবার দেখা হয়েছে, বড় ব্যবধানে বার্সাকে হারিয়ে জয়োল্লাস করেছে বাভারিয়ানরা। তবে ৯ বছর পর দুর্দান্তভাবে জিতে সেইসব ক্ষতে প্রলেপ দিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা।
চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে বুধবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে বায়ার্ন মিউনিখকে ৪-১ ব্যবধানে হারিয়েছে হান্সি ফ্লিকের ছোঁয়ায় বদলে যাওয়া বার্সেলোনা।
এদিন রাফিনিয়ার হ্যাটট্রিকের পাশাপাশি অন্য গোলটি করেন রবের্ট লেভানডোভস্কি। আর বায়ার্নের একমাত্র গোলটি আসে হ্যারি কেইনের পা থেকে।
ইউরোপ সেরার এ প্রতিযোগিতায় বায়ার্নের বিপক্ষে টানা ছয় ম্যাচ হারের পর জয়ের মুখ দেখল বার্সেলোনা। তাদের সবশেষ জয়টি ছিল প্রায় সাড়ে ৯ বছর আগে; ২০১৫ সালের মে মাসে কাম্প নউয়ে সেমিফাইনালের প্রথম লেগে নেইমারের একটি ও লিওনেল মেসির জোড়া গোলে ৩-০ ব্যবধানে জিতেছিল কাতালানরা।
আরও পড়ুন: সেভিয়াকে বিধ্বস্ত করে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল বার্সেলোনা
চ্যাম্পিয়ন্স লিগে সব মিলিয়ে বায়ার্নের সঙ্গে ১৪ বারের দেখায় বার্সেলোনার মাত্র তৃতীয় জয় এটি; এছাড়া একটি ম্যাচ ড্র এবং হেরেছে ১০টি।
ম্যাচের তখনও এক মিনিট পার হয়নি, এর আগেই গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন রাফিনিয়া।
মাঝমাঠ থেকে ফের্মিন লোপেসের বাড়ানো বল ধরে বায়ার্নের হাই লাইন ডিফেন্স ভেঙে এগিয়ে যান রাফিনিয়া। এরপর ম্যাচের ৫৭তম সেকেন্ডে মানুয়েল নয়ারকে পরাস্ত করেন তিনি।
৪৯৯ দিন আগে
ভারতকে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে জয়ের আশা করলেও কোনোমতে হার এড়িয়ে সেমিফাইনালে ওঠার আশা জিইয়ে রেখেছিল বাংলাদেশের মেয়েরা। তবে ভারতের বিপক্ষে দুর্দান্ত জয়ে শেষ চার নিশ্চিত করেছেন তহুরা-সাবিনারা।
নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার নারী সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এ নিয়ে দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের সর্বোচ্চ আসরে দ্বিতীয়বার ভারতে হারালেন সাবিনারা।
আরও পড়ুন: শেষ মুহূর্তের গোলে পাকিস্তানের বিপক্ষে হার এড়াল বাংলাদেশ
এদিন ম্যাচের অষ্টাদশ মিনিটে আফিদার দৃষ্টিনন্দন গোলে প্রথমবার এগিয়ে যায় বাংলাদেশ।
সাবিনার কর্নার প্রতিহত হওয়ার পর বল সামনে চলে এলে বল পেয়ে যান প্রথমবারের মতো সাফে অংশ নেওয়া আফিদা। এরপর নিখুঁত শটে লাফিয়ে ওঠা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেন এই ডিফেন্ডার। জাতীয় দলের জার্সিতে এটিই আফিদার প্রথম গোল।
এরপর ২৯তমি মিনিটে ফের আনন্দে ভাসে বাংলাদেশ। এবার ঋতুপর্ণার ক্রস বুক দিয়ে জালে পাঠিয়ে দেন তহুরা।
দুই গোলে এগিয়ে যাওয়ায় আত্মবিশ্বাস বেড়ে যায় দেশের মেয়েদের, যার প্রভাব পড়ে খেলায়ও। পরে ৪৩তম মিনিটে তহুরার আরও একটি গোলে স্কোরলাইন ৩-০ করে বাংলাদেশ।
তবে পরের মিনিটেই এক গোল পরিশোধ করে ম্যাচে ফেরার ইঙ্গি দিয়ে বিরতিতে যায় ভারত।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ব্যবধান কমাতে মরিয়া হয়ে ওঠে ভারত, তবে গোলরক্ষক রূপনার দৃঢ়তায় কোনোভাবেই আর তা হয়ে ওঠেনি। ৩-১ গোলের ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে পিটার বাটলারের দল।
এই জয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। অন্যদিকে, হারলেও একটি করে জয় ও হারে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার-আপ হয়ে সেমিতে পা রেখেছে ভারতের মেয়েরা।
আজকের জয়ে সাফে টানা সাত ম্যাচ অপরাজিত রইল বাংলাদেশের মেয়েরা।
৪৯৯ দিন আগে
এল ক্লাসিকোর আগে রিয়াল শিবিরে জোড়া দুঃসংবাদ
শুরুতে পিছিয়ে পড়েও ৫-২ গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে আছে রিয়াল মাদ্রিদ। কিন্তু এর মাঝেই দুটি চোটের খবর পেল দলটি।
পরবর্তী ম্যাচে লা লিগায় শনিবার বার্সেলোনাকে সান্তিয়াগো বের্নাবেউতে আতিথ্য দেবে কার্লো আনচেলত্তির দল। ওই ম্যাচের আগে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া ও ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস।
ডর্টমুন্ড ম্যাচের পাঁচ মিনিট বাকি থাকতেই উরুতে টান লাগায় মাঠ ছাড়তে হয় রদ্রিগোকে। এরপর বুধবার ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, চোটটি গুরুতর না হলেও কয়েকদিনের জন্য রদ্রিগোকে পাবে না রিয়াল মাদ্রিদ।
বৃহস্পতিবার পায়ে এমআরআই করার পর তার চিকিৎসা শুরু হবে। তবে পরের ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে তাকে স্কোয়াডে দেখা যেতে পারে বলে ইউরোপীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে।
আরও পড়ুন: রিয়ালের অগ্নিঝরা ফুটবলে পুড়ে ছাই ডর্টমুন্ড
এছাড়া ম্যাচ শেষে জানানো হয়, পায়ে চোট পেয়েছেন গোলরক্ষক কোর্তোয়াও। গত মাসে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে গিয়ে যেখানে চোট পেয়েছিলেন, সে স্থানেই ফের ব্যথা অনুভব করেছেন এই বেলজিয়ান।
কোর্তোয়াকে নিয়ে বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, পায়ের পেশিতে চোট পেয়েছেন কোর্তোয়া। ফলে বার্সেলোনার বিপেক্ষে আসন্ন এল ক্লাসিকো মিস করবেন তিনি।
চোটের কারণে ইতোমধ্যে মৌসুমই প্রায় শেষ হয়ে গিয়েছে লস ব্লাঙ্কোস অধিনায়ক দানি কারভাহালের। এছাড়া লম্বা সময় ধরে মাঠের বাইরে রয়েছেন ডিফেন্ডার ডেভিড আলাবা। তবে চোট কাটিয়ে ইতোমধ্যে অনুশীলনে ফিরেছেন ব্রাহিম দিয়াস।
৪৯৯ দিন আগে
মিরাজের ব্যাটিংয়ে ভর করে তৃতীয় দিন শেষ করল বাংলাদেশ
দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনের শুরুতেও টপাটপ দুই উইকেট পড়ার কিছুক্ষণ পর লিটন দাসও ফিরে গেলে ফের একবার ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ। তবে জাকের আলী ও মেহেদী হাসান মিরাজের ব্যাটিং দৃঢ়তায় বিপদমুক্ত হয়ে কিছু রানের লিড নিয়ে দিন শেষ করেছে টাইগাররা।
মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে বুধবার ৮৩ রানের লিড নিয়ে সাত উিইকেট হারিয়ে ২৮৩ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।
মিরাজ ৮৭ রানে এবং নাঈম হাসান ১৬ রানে অপরাজিত রয়েছেন।
আরও পড়ুন: শুরুর ভাঙনরোধ করে দিন শেষ করল বাংলাদেশ
এদিন ১১২ রানের মাথায় ৬ উইকেট হারানোর পর বিপাকে পড়ে যায় বাংলাদেশ। তবে ১৩৮ রানের জুটি গড়ে সেখান থেকে দলকে টেনে তোলেন মিরাজ-জাকের। ব্যক্তিগত ৫৮ রান করে জাকের ফিরে গেলে নাঈম সঙ্গে নিয়ে স্কোবোর্ডে অবিচ্ছিন্ন আরও ৩৩ রান যোগ করেছেন মিরাজ।
এরপর বৃষ্টি ও আলোকস্বল্পতায় আগেভাগেই শেষ হয় তৃতীয় দিনের খেলা। ৮৭ রানের লিড থাকায় আগামীকাল বাকি তিন উইকেটে আরও অন্তত দেড়শ রানের লিড নিলেও লড়াই করা, এমনকি ম্যাচ জয়ের সম্ভাবনাও তৈরি হতে পারে।
এর আগে, চরম ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১০৬ রানে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যাওয়ার পর নিজেদের প্রথম ইনিংসে ৩০৮ রান করে দক্ষিণ আফ্রিকা। উইকেটরক্ষক-ব্যাটার কাইল ভেরেইনের অনবদ্য ১১৪ রানের ইনিংসের ওপর ভর করে প্রথম ইনিংসে ২০২ রানের লিড পায় প্রোটিয়ারা।
৪৯৯ দিন আগে