খেলাধুলা
তরুণ কোচের আশায় পচেত্তিনোকে বরখাস্ত করল চেলসি
স্ট্যামফোর্ড ব্রিজে আসার পর শুরুটা ভালো না হলেও মৌসুমের শেষটা জয়ে রাঙিয়েছিলেন কোচ মাউরিসিও পচেত্তিনো। তাই আগামী মৌসুমে তার পরিচালনায় আরও ভালো করবে দল- এই প্রত্যাশা ছিল সমর্থকদের অনেকেরই। তবে ক্লাব কর্তৃপক্ষ এই আর্জেন্টাইনের ওপর আর আস্থা রাখতে পারল না। তাই এক মৌসুম শেষেই চেলসি ক্যারিয়ারের ইতি টানতে হচ্ছে পচেত্তিনোর।
মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে চেলসির স্পোর্টিং ডিরেক্টর লরেন্স স্টুয়ার্ট ও পল উইনস্টানলি বলেন, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতেই মাউরিসিও পচেত্তিনোর সঙ্গে চেলসির সম্পর্ক শেষ হচ্ছে।
‘চেলসির সকলের পক্ষ থেকে আমরা সদ্য সমাপ্ত মৌসুমে মাওরিসিওর সেবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। স্ট্যামফোর্ড ব্রিজে সবসময় তার জন্য দরজা খোলা থাকবে। তার ভবিষ্যৎ কোচিং ক্যারিয়ারের জন্য শুভকামনা।’
আরও পড়ুন: কোম্পানিকে কোচ হিসেবে চায় বায়ার্ন
ট্রান্সফার গুরু ফাব্রিৎসিও রোমানো জানিয়েছেন, পরবর্তী কোচ হিসেবে তরুণ একজন কোচের সন্ধান করছে চেলসি। এ বিষয়ে মালিক ও পরিচালকদের মধ্যে বেশ কয়েকজন কোচের ব্যাপারে অভ্যন্তরীণ আলোচনাও হয়েছে।
ব্রেন্টফোর্ডের টমাস ফ্রাঙ্ক এবং ইপসউইচ টাউনের কোচ কিরান ম্যাককেনার নামও তাদের আলোচনায় উঠে আসে বলে জানান রোমানো। স্টুটগার্টের জেব হোনেস তাদের পছন্দের তালিকার শীর্ষে থাকলেও হোনেস এখন স্টুটগার্টের দায়িত্ব সামলাতেই ব্যস্ত থাকবেন বলে জানান তিনি।
আবার তরুণ কোচ হিসেবে বার্নলির ভিনসেন্ট কোম্পানিকে চেলসি টানতে চাইবে কি না- এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠলেও এখনও তার সঙ্গে ক্লাবটির পক্ষ থেকে যোগাযোগ করা হয়নি বলে জানিয়েছেন রোমানো।
কাড়ি কাড়ি টাকা খরচ করে ইউরোপের সেরা তরুণ প্রতিভাদের অনেককে একেক করে দলে ভেড়ায় চেলসি। কিন্তু আশানুরূপ ফল পাচ্ছিল না ক্লাবটি। গত ২০২২-২৩ মৌসুমে প্রিমিয়ার লিগে মাত্র ১১ ম্যাচে জয় পায় ব্লুজরা। ওই মৌসুমে ১৬ ম্যাচ হেরে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১২ নম্বরে থেকে লিগ শেষ করে তারা।
আরও পড়ুন: প্রিমিয়ার লিগের ইতিহাস নতুন করে লিখল ম্যানচেস্টার সিটি
পরের মৌসুমে, অর্থাৎ ২০২৩-২৪ এ ঘুরে দাঁড়ানোর আশায় টটেনহ্যাম ও পিএসজির ডাগআউট সামলানো পচেত্তিনোকে দায়িত্ব দেয় চেলসি কর্তৃপক্ষ। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই চোট জর্জরিত হয় দলটি। তারপরও হাতে প্রতিভার কমতি ছিল না পচেত্তিনোর। তবে এতকিছুর পরও তার চেলসি অধ্যায় শুরু হয় ভীষণ বাজেভাবে। লিগের প্রথম ১০ ম্যাচে মাত্র তিনটিতে জয় পায় তার দল।
অবশ্য মৌসুমের শেষভাগে এসে ক্লাবটি ইতিবাচক ধারায় ফেরে। সবশেষ ১৫ ম্যাচের মাত্র একটিতে হেরেছে তারা। এর মধ্যে শেষের ৫টি ম্যাচই জিতে লিগ টেবিলের ষষ্ঠ অবস্থানে থেকে মৌসুম শেষ করেন পচেত্তিনো।
অন্যদিকে, ঘরোয়া টুর্নামেন্টগুলোতেও চেলসির পারফরম্যান্স খারাপ ছিল না। এফএ কাপে সেমি-ফাইনাল খেলা দলটি লিগ কাপের ফাইনালে ওঠে। সেখানে অবশ্য লিভারপুলের বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া হয় তাদের।
এতসবের মধ্যে গত ৩ মাস ধরে দলটির সাফল্যের হার যেভাবে বাড়ছিল, তাতে ধারণা করা হচ্ছিল যে, এই ধারা অব্যাহত রাখতে আগামী মৌসুমেও ডাগআউট দেখা যাবে ৫২ বছর বয়সী এই ম্যানেজারকে।
আরও পড়ুন: চেলসিতেই যাচ্ছেন মেসিনিয়ো!
তবে কিছুটা অপ্রত্যাশিতভাবেই স্ট্যামফোর্ড ব্রিজ থেকে বিদায় নিতে হচ্ছে ২০১৬-১৭ মৌসুমে টটেনহ্যামকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলো পচেত্তিনোকে।
বিদায়লগ্নে তিনিও ক্লাবটির আগামীর জন্য শুভকামনা জানিয়েছেন।
‘এই ফুটবল ক্লাবের ইতিহাসের অংশ হওয়ার সুযোগ দেওয়ার জন্য চেলসির মালিক ও স্পোর্টিং ডিরেক্টরদের ধন্যবাদ। দলটি এখন আগামী বছরগুলোতে প্রিমিয়ার লিগ ও ইউরোপীয় প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার মতো ভালো অবস্থায় আছে।’
৭৪৩ দিন আগে
বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে প্রথম টি-টোয়েন্টি জিতল যুক্তরাষ্ট্র
মঙ্গলবার প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্র।
যা যুক্তরাষ্ট্রের ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ আইসিসির পূর্ণ সদস্যের বিপক্ষে এটি তাদের প্রথম টি-টোয়েন্টি জয়। এই ম্যাচের আগে যুক্তরাষ্ট্র মাত্র ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও কখনও পূর্ণ সদস্যের বিপক্ষে খেলেনি।
প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৩ রান করে বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদ ২২ বলে ৩১ রান এবং তাওহীদ হৃদয় ৪৭ বলে ৫৮ রান করেন।
যুক্তরাষ্ট্রের বোলারদের মধ্যে স্টিভেন টেইলর ৩ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নেন।
চতুর্থ ওভারে ২৭ রান করে অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলকে রান আউটে হারায় যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন: সীমিত প্রত্যাশা নিয়ে দেশ ছেড়েছে টাইগাররা
অ্যান্ড্রিস গাউসের ২৩ ও স্টিভেন টেলরের ২৮ রানে ভালো একটি পার্টনারশিপ গড়ে উঠলেও তারা পরপর আউট হলে যুক্তরাষ্ট্রের জন্য ম্যাচটি ভারসাম্যহীন হয়ে পড়ে।
হরমিত সিংয়ের মাত্র ১৩ বলে ৩ ছক্কা নিয়ে ৩৩ রানের ঝড়ো ইনিংস নাটকীয়ভাবে মোড় ঘোড়ে যুক্তরাষ্ট্রের পক্ষে। কোরি অ্যান্ডারসন অপরাজিত ৩৪ রানের ইনিংস খেলে ৩ বল বাকি থাকতেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
হরমিত সিং ম্যাচ সেরার পুরস্কার গ্রহণ করেন।
বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান ২টি, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন ১টি করে উইকেট নেন।
আগামী মাসের শুরুতে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই পরাজয় বাংলাদেশকে নতুন করে ভাবিয়ে তুলবে। বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ জুন ডালাসে, ১০ জুন নিউইয়র্কে দ্বিতীয় ম্যাচ।
আরও পড়ুন: বিশ্বকাপে সাকিব-মাহমুদউল্লাহকে ‘উপহার’ দেওয়ার আশা শান্তর
৭৪৪ দিন আগে
ডাম্বুলা থান্ডার্সে চুক্তিবদ্ধ হলেন মুস্তাফিজ
শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন মৌসুমের জন্য ডাম্বুলা থান্ডার্স দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। এই চুক্তির ফলে আসন্ন টুর্নামেন্টে তার প্রথম উপস্থিতি দেখা যাবে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পরিচিত মুখ মুস্তাফিজ জাতীয় দলে যোগ দেওয়ার আগে চলতি মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে(পুরুষ) অংশগ্রহণের আগে হিউস্টনে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মুস্তাফিজ। আগামী ৮ জুন ডালাসে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।
চলতি আইপিএলে ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়ে আইপিএলে নিজের সেরা বোলিং স্কোর গড়েছেন মোস্তাফিজ।
আগামী ২ জুলাই থেকে শুরু হবে এলপিএলের আসর। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার পর শ্রীলঙ্কার ডাম্বুলা থান্ডার্সে যোগ দেওয়ার কথা রয়েছে মুস্তাফিজের।
৭৪৪ দিন আগে
কোম্পানিকে কোচ হিসেবে চায় বায়ার্ন
নতুন কোচের খোঁজে জোর চেষ্টা চালিয়েও বারবার ব্যর্থ হচ্ছে বুন্দেসলিগা জায়ান্ট বায়ার্ন মিউনিখ। বেশ কয়েকজন হাই প্রোফাইল কোচের সঙ্গে যোগাযোগ করেও কাউকে আলিয়ান্স আরেনায় নিয়ে আসতে পারেনি ক্লাবটির কর্তারা। এবার নতুন ও তরুণ কোচদের বাজারে নজর দিয়েছে ক্লাবটি।
ট্রান্সফার গুরু ফাব্রিৎসিও রোমানো জানিয়েছেন, বার্নলির ম্যানেজার ভিনসেন্ট কোম্পানিকে পরবর্তী কোচ বানানোর তালিকায় যুক্ত করেছে বায়ার্ন।
২০২২ সালে দ্বিতীয় বিভাগের দল বার্নলির দায়িত্ব নিয়ে থেকে টেবিল টপার হয়ে ক্ল্যারেটস’দের প্রিমিয়ার লিগে তোলেন ম্যানচেস্টার সিটির কিংবদন্তি খেলোয়াড় ভিনসেন্ট কোম্পানি। এ অর্জনে ফুটবল বিশ্বের প্রশংসায় ভাসেন তিনি। তবে ২০২৩-২৪ মৌসুমে মুদ্রার অপর পিঠ দেখেছেন এ বেলজিয়ান। ইংলিশ ফুটবলের শীর্ষ লিগের দলগুলোর কাছে পাত্তাই পায়নি তার দল। ৩৮ ম্যাচে মাত্র ৫ জয় ও ৯ ড্রয়ে ২৪ পয়েন্ট সংগ্রহ করে বার্নলি। ফলে টেবিলের ১৯তম অবস্থানে থেকে ফের দ্বিতীয় বিভাগে অবনমন হয়েছে ক্লাবটির।
তবে বার্নলির এ ব্যর্থতা কোম্পানির যোগ্যতাকে আড়াল করতে পারেনি। ইতোমধ্যে ইংল্যান্ডসহ ইউরোপের বেশ কয়েকটি ক্লাব তাকে কোচ হিসেবে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে বলে জানিয়েছেন রোমানো।
আরও পড়ুন: বায়ার্নকে ‘না’ করে দিলেন রাংনিকও
তবে বায়ার্ন এ দৌড়ে এগিয়ে রয়েছে বলে জানিয়েছেন ইতালির এ ফুটবল সাংবাদিক। তিনি জানিয়েছেন, ইতোমধ্যে বায়ার্ন মিউনিখের পরিচালনা পর্ষদ থেকে কোম্পানিকে ফোন করা হয়েছে। তার সঙ্গে বায়ার্নে চাকরির বিষয়ে আলোচনাও করেছেন ক্লাব কর্মকর্তারা।
এর আগে, ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন কোম্পানিকে নতুন ম্যানেজার বানাতে চায় বলে খবর চাউর হয়। রবের্ত ডে সার্বি চলতি মৌসুম শেষে ব্রাইটন ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকে নতুন ম্যানেজারের খোঁজে রয়েছে তারাও। এক্ষেত্রে তারুণ্য-নির্ভর দলটির পরিচালনায় কোম্পানির মতো তরুণ ম্যানেজারই পছন্দের তালিকায় রেখেছে ব্রাইটন কর্তৃপক্ষ।
তবে বাভারিয়ানরা বেলজিয়ান এ কোচের দিকে নজর দেওয়ায় ব্রাইটনের জন্য বিষয়টি আরও জটিল হয়ে গেছে।
গত ফেব্রুয়ারিতেই বায়ার্নের সঙ্গে সম্পর্কচ্ছেদ করার কথা জানিয়ে দেন টুমাস টুখেল। তারপর থেকে নতুন কোচের খোঁজ করছে ক্লাবটি। শুরুতে পরবর্তী কোচ হিসেবে লেভারকুজেনকে নিয়ে চমক দেখানো কোচ শাবি আলোনসো বায়ার্নের প্রথম পছন্দ ছিল। কোচ হিসেবে তার কৌশল, দক্ষতা ও বায়ার্নের সাবেক খেলোয়াড় হওয়ায় শাবিকে দলে ভেড়ানোর আশায় বুক বেঁধেছিল মিউনিখের এই দলটি। তবে সব আশায় জল ঢেলে শাবি লেভারকুজেনকেই আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে পথ দেখানোর ঘোষণা দেন। ফলে অন্য কোচদের দিকে তাকাতে হয় বায়ার্নের।
এরপর চলতি মৌসুমে বরখাস্ত করা ইউলিয়ান নাগেলসমানকে আবার ফেরানোর চিন্তা করে ক্লাবটি। তবে ইউরোর আগে জার্মানির জাতীয় দল ছেড়ে আসতে চাননি নাগেলসমান। এরপর ইউনাউটেড থেকে বরখাস্ত হয়ে অস্ট্রিয়ার জাতীয় দলের দায়িত্ব নেওয়া রাল্ফ রাংনিকের দিকে নজর যায় ক্লাব কর্তাদের। কিন্তু রাংনিকও আসন্ন ইউরোয় অস্ট্রিয়ার দায়িত্ব পালনের কথা জানিয়ে দিলে আরও একবার হতাশ হয় বায়ার্ন।
এরপর ইউলেন লোপেতেগিকে টার্গেট করে তারা। সদ্যসমাপ্ত মৌসুম শুরুর আগমুহূর্তে উলভারহ্যাম্পটন থেকে বরখাস্ত হন লোপেতেগি। তারপর থেকে বসে আছেন তিনি। তবে পরে লোপেতেগির সঙ্গে কথা বেশিদূর এগোয়নি বায়ার্নের।
আরও পড়ুন: এবার লোপেতেগির দিকে নজর বায়ার্নের
এখন কোম্পানিকে পেতে চাচ্ছে তারা। স্কাই স্পোর্টসের বায়ার্ন মিউনিখ ও দলবদল প্রতিবেদক ফ্লোরিয়ান প্লেটেনবেয়ার্গও ‘কোম্পানির বায়ার্নের পরবর্তী কোচ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে’ বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০২৩-২৪ মৌসুমটি ভুলে যেতে চাইবেন বায়ার্নের সমর্থকরা। বুন্দেসলিগায় তাদের টানা ১১ বছরের আধিপত্য শেষ করে ৫ ম্যাচ হাতে রেখে প্রথমবারের মতো লিগ শিরোপা নিজেদের ঘরে তুলেছে লেভারকুজেন। জার্মান কাপেও তাদের পারফরম্যান্স ছিল হতশ্রী, টুর্নামেন্টে তাদের থামতে হয় দ্বিতীয় রাউন্ডেই। পরবর্তীতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে সান্তিয়াগো বের্নাবেউতে ধরাশায়ী হয়ে শিরোপাহীন একটি মৌসুম শেষ করেছে বাভারিয়ান জায়ান্টরা।
৭৪৪ দিন আগে
কোপা আমেরিকায় প্রাথমিক স্কোয়াড ঘোষণা আর্জেন্টিনার
২০২৪ সালের কোপা আমেরিকার পর্দা উঠতে বাকি আর এক মাস। ঠিক এ সময় এসে প্রাথমিক দল ঘোষণা করল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ব্রাজিল, চিলি ও মেক্সিকোর মতো দলগুলোর কোপার স্কোয়াড ইতোমধ্যে ঘোষণা হয়ে গেলেও নিজেদের দল ঘোষণায় বিলম্ব করছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। অবশেষে সোমবার (২০ মে) ভক্তদের সেই অপেক্ষার অবসান ঘটালো তারা।
২৯ সদস্যের প্রাথমিক এ দলে জায়গা পেয়েছে চারটি নতুন মুখ। তবে প্রাথমিকভাবে ঘোষিত এই স্কোয়াড থেকে ৩ খেলোয়াড়কে বাদ দিয়ে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে বলে জানিয়েছে আর্জেন্টিনার ফুটবল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: কোপা আমেরিকায় ব্রাজিলের স্কোয়াড ঘোষণা
ঘোষিত এই স্কোয়াডে নীল-সাদা জার্সিতে ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ উইঙ্গার আলেহান্দ্রো গারনাচো। ক্রিশ্চিয়ানো রোনালদোকে আদর্শ মানায় আর্জেন্টিনা দলে একপ্রকার অবহেলিতই ছিলেন এই তরুণ প্রতিভা। তবে আসন্ন কোপা আমেরিকার দল ঘোষণায় তাকে দলে রেখেছেন কোচ লিওনেল স্কালোনি।
লিওনেল মেসিকে অধিনায়ক করে ঘোষিত এ স্কোয়াডে রয়েছে ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক মার্শেইয়ের সেন্ট্রাল ডিফেন্ডার লিওনার্দো বালেরদি, ইতালির ক্লাব ফিওরেন্তিনার ২৮ বছর বয়সী লুকাস মার্তিনেস কুয়ার্তা, ইংলিশ ক্লাব ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের ১৯ বছর বয়সী তরুণ লেফট ব্যাক ভালেন্তিন বার্কো এবং ইতালির আরেক ক্লাব মন্সার তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার ভালেন্তিন কারবোনি কোপা আমেরিকার মতো বড় আসরে আর্জেন্টিনার জার্সি পরার সুযোগ পাচ্ছেন।
আরও পড়ুন: বুন্দেসলিগায় অজেয় থাকার অনন্য কীর্তি গড়ল লেভারকুজেন
আগামী ১০ ও ১৫ জুন ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে এই স্কোয়াড নিয়েই খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর চূড়ান্ত দল ঘোষণা করা হবে বলে জানা গেছে।
আগামী ২১ জুন কনকাকাফ প্লে-অফ থেকে উঠে আসা কানাডার বিপক্ষে কোপার শিরোপা ধরে রাখার অভিযানে নামবেন লিওনেল মেসি-দে পলরা। এরপর ২৫ ও ২৯ জুন চিলি ও পেরুর বিপক্ষে তাদের গ্রুপপর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে।
আর্জেন্টিনা স্কোয়াড
গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমো রুলি, এমিলিয়ানো মার্তিনেস।
ডিফেন্ডার: গন্সালো মনতিয়েল, নাহুয়েল মলিনা, লিওনার্দো বালের্দি, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেস্সেলা, লুকাস মার্তিনেস কুয়ার্তা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, মার্কোস আকুনিয়া, নিকোলাস তাগলিয়াফিকো, ভালেন্তিন বার্কো।
মিডফিল্ডার: গিদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস মাক-আলেস্তার, রদ্রিগো দে পল, এজেকিয়েল পালাসিওস, এনসো ফেরনান্দেস, জিওভানি লো সেলসো, আনহেল দি মারিয়া, ভালেন্তিন কারবোনি।
ফরওয়ার্ড: লিওনেল মেসি, আনহেল কোরেয়া, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেস, লাউতারো মার্তিনেস, হুলিয়ান আলভারেস।
আরও পড়ুন: শেষ লগ্নেও মায়া ছড়িয়ে চলেছেন মেসি রোনালদো
৭৪৫ দিন আগে
আর্সেনালের ব্যর্থতার যে কারণ দেখছেন রদ্রি
৮৯ পয়েন্ট সংগ্রহ করেও মাত্র ২ পয়েন্টের জন্য ম্যানচেস্টার সিটির কাছে শিরোপা হাতছাড়া হওয়ার কষ্টে পুড়ছে আর্সেনালের খেলোয়াড় থেকে শুরু করে ভক্ত-সমর্থক সবাই। অনেকেই সিটির এই জয়ের পেছনে কাতারি বিনিয়োগ, প্রিমিয়ার লিগের আইন ভঙ্গ ইত্যাদি অনেক অজুহাত দিচ্ছেন। তবে পেপ গার্দিওলার ফুটবলীয় দর্শন ও কৌশলেরই প্রশংসা করছেন বোদ্ধাদের অনেকে।
এ বিষয়ে গার্দিওলার কোচিং ক্যারিয়ারের অন্যতম প্রতিদ্বন্দ্বী হোসে মরিনিয়ো বেশ আগে বলেছিলেন, ম্যান সিটি যে কাড়ি কাড়ি টাকা খরচ করছে, বিষয়টিকে আসলে সেভাবে দেখলে হবে না। তারা আসলে বিনিয়োগ করছে। আজকে যেসব তারকা ফুটবলারকে তাদের টিমে খেলতে দেখেন, তাদের আজ-কালকে কেনেনি সিটি। তারা গত ছয়-সাত বছর আগে করা বিনিয়োগের ফসল। এখন তার সুফল পাচ্ছে সিটি।
আরও পড়ুন: প্রিমিয়ার লিগের ইতিহাস নতুন করে লিখল ম্যানচেস্টার সিটি
আর্সেনালকে সবশেষ প্রিমিয়ার লিগ জেতানো সাবেক কোচ আর্সেন ভেঙ্গার বলেছেন, ‘সিটির ওপর আনা ১১৫টি অভিযোগের ব্যাপারে কী হবে আমি জানি না। তবে এটুকু বলতে পারি, পেপ গার্দিওয়লা বিশ্বের সেরা কোচ।
‘বিশ্বের অন্য যেকোনো ম্যানেজারকে সিটির বর্তমান দলের দায়িত্ব দিন, দেখবেন তারা টানা চারটি শিরোপা জিততে পারবে না।’
তবে এসব ছাপিয়ে আর্সেনালের ‘মানসিকতা’কে দুষলেন সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। ম্যাচের পর আর্সেনালের বিষয়ে তিনি বলেন, ‘এই মৌসুমে আর্সেনাল অসাধারণ খেলেছে। তবে তাদের সঙ্গে আমাদের পার্থক্য ছিল মানসিকতায়।’
আরও পড়ুন: চেলসিতেই যাচ্ছেন মেসিনিয়ো!
গত ৩১ মার্চ ইতিহাদে গানারদের আতিথ্য দেয় সিটি। ওই ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ম্যাচে সিটির ৭৩ শতাংশ বল দখলের বিপরীতে আর্সেনালে পায়ে বল ছিল মাত্র ২৭ শতাংশ সময়। আক্রমণ ও গোল তৈরির চেষ্টা করার পরিবর্তে সেদিন তাদের রক্ষণের দিকেই বেশি মনযোগ দিতে দেখা যায়।
এ বিষয়টিকে উল্লেখ করে রদ্রি বলেন, ‘তারা যখন আমাদের মাঠে এলো, তখন আমাদের হারানোর উদ্দেশ্যে খেলেনি, ড্র করার উদ্দেশ্যেই তারা এসেছিল।’
ওই ম্যাচে ড্র করায় সম্ভাব্য ২ পয়েন্ট হারায় আর্সেনাল, সঙ্গে সিটিও ১ পয়েন্ট অর্জন করে। তাই ওই ম্যাচটির গুরুত্ব মনে করিয়ে দিলেন রদ্রি। ম্যাচটি আর্সেনাল জিততে পারলে সিটির চেয়ে ১ পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা জিতত মিকেল আর্তেতার দল।
৭৪৫ দিন আগে
প্রিমিয়ার লিগের ইতিহাস নতুন করে লিখল ম্যানচেস্টার সিটি
ম্যাচ শুরুর আগে থেকেই আনন্দের নীল ঢেউ বয়ে যাচ্ছিল ইতিহাদ স্টেডিয়ামে। ম্যাচ শেষ হওয়ার খানিক আগে তা বাঁধ ভেঙে যায়। খেলা বন্ধ করে সমর্থকদের স্ট্যান্ডে ফিরে যেতে অনুরোধ করেন রেফারি ও খেলোয়াড়রা। তবে তাতে তেমন কেউ গা না করায় অতিরিক্ত যোগ করা সময়ের ৫ মিনিট পূর্ণ হওয়ার আগেই শেষের বাঁশি বাজাতে একপ্রকার বাধ্য হন রেফারি।
এরপর গ্যালারি থেকে মাঠের মধ্যে নেমে আসে নীল আনন্দের স্রোত। কোচ পেপ গার্দিওয়ালা থেকে শুরু করে একে একে সব খেলোয়াড়দের মাথায় করে নাচতে থাকে সেই ঢেউ। আর হবেই বা না কেন? ম্যানচেস্টারে এমন কিছু করে দেখিয়েছে নীল দলটি, যা আগে কেউ কখনও হয়তো ভাবনাতেও আনেনি।
প্রিমিয়ার লিগ তো বটেই ইউরোপীয় ফুটবলের গুরু হিসেবে মানা হয় যাকে, সেই স্যার অ্যালেক্স ফার্গুসনও ভবিষ্যদ্বাণী করেছিলেন, এতটা করা সম্ভব নয় কারও পক্ষে। অথচ তার চেয়েও বেশি করে দেখালেন স্পেন ও জার্মানি জয় করে ইংল্যান্ডে পা রাখা কোচ পেপ গার্দিওলা।
আরও পড়ুন: টটেনহ্যামের বিপক্ষে ম্যাচটি ‘শিরোপা নির্ধারণী’ হিসেবে দেখছেন গার্দিওলা
টানা ৪ বার প্রিমিয়ার লিগ জিতে নতুন করে ইতিহাস রচনা করেছেন তিনি। রবিবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৩-১ গোলের মাধ্যমেই নিশ্চিত হয়ে যায় এই রেকর্ড। এর মাধ্যমে গত ৮ মৌসুমে ৬ বার লিগ শিরোপা জেতে সিটি।
সবশেষ গত ৬ ডিসেম্বর অ্যাস্টন ভিলার মাঠে ১-০ গোলে হেরেছিল গার্দিওলার দল। তারপর থেকে যেন হারতে ভুলেই গেছে সিটি। লিগের ৩৮ ম্যাচে এ মৌসুমে মাত্র ৩ বার হেরেছে তারা, ড্র করেছে ৭ বার, বাকি ২৮ ম্যাচেই জয় পেয়েছেন ডি ব্রুইনে-হালান্ডরা। ফলে ৯১ পয়েন্ট নিয়ে আর্সেনালকে আশাহত করে ফের মাথায় পরেছেন লিগ-সেরার মুকুট।
সিটির এমন দুর্দান্ত অর্জনের মাঝেও আর্সেনালের নামটি উঠে আসে। কারণ পুরো মৌসুমজুড়ে মিকেল আর্তেতার দলটি যা করেছে, তা এক কথায় অভাবনীয়। সিটির এই ইতিহাস গড়ার পথে একমাত্র মাথাব্যথা ছিল আর্সেনাল। প্রতিটি ম্যাচে একের পর এক জয় নিয়ে প্রতি সপ্তাহে লিগ টেবিলের শীর্ষস্থান দখলে সমানে টেক্কা দিয়ে এসেছে তারা। এমনকি লিগের শেষ রাউন্ডের ম্যাচেও সিটিকে অবশ্য-জয়ের চাপে রাখে আর্সেনাল। এক ম্যাচে পা হড়কালেই তাদের ইতিহাস গড়া থামিয়ে ২০ বছরের শিরোপা খরা কাটাতে ২০০৩-০৪ মৌসুমের পর থেকে শিরোপার সন্ধানে থাকা আর্সেনাল।
আরও পড়ুন: প্রিমিয়ার লিগে ‘ভিএআর’ বাদ দেওয়ার প্রস্তাব
তবে তাদের সে আশার গুড়ে বালি দিয়েছে অসাধারণ স্নায়বিক চাপ মোকাবিলার সামর্থ্য রাখা ম্যানচেস্টার সিটির কোচ ও খেলোয়াড়রা। তাই এক মৌসুমে ৮৯ পয়েন্ট অর্জন করেও দ্বিতীয় স্থানে থেকে আক্ষেপে পুড়তে হচ্ছে গানারদের।
ইতিহাস গড়ার হাতছানির ম্যাচে দুর্দান্ত শুরু করে সিটি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ফিল ফোডেনের গোলে এগিয়ে যাওয়ার পর ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গত সপ্তাহে লিগের বর্ষসেরা নির্বাচিত হওয়া এই অ্যাটাকিং মিডফিল্ডার। এরপর হ্যামারদের হয়ে মোহামেদ কুদুস একটি গোল পরিশোধ করলে সিটির অনিশ্চয়তা কিছুটা বাড়ে, তবে দ্বিতীয়ার্ধে রদ্রি তৃতীয় গোলটি করলে সিটির শিরোপাজয় একপ্রকার নিশ্চিত হয়ে যায়।
অন্যদিকে, শুরুতে পিছিয়ে পড়েও ম্যাচের একেবারে শেষদিকে কাই হাভার্টসের গোলে জয় পায় আর্সেনাল। তবে সিটির জয়ের খবরে মলিন হয়েছে তাদের উদযাপন। তাই ম্যাচ জিতেও ক্লান্তি আর হতাশায় ভেঙে পড়েন ডেকলান রাইস, মার্টিন ওডেগার্ড ও বুকায়ো সাকারা। এত চেষ্টার পরও শিরোপা জয় করতে না পারার কারণ খুঁজে ফেরা তাদের চেহারায় ছিল স্পষ্ট।
তারপরও ভেঙে পড়তে রাজি নন কোচ মিকেল আর্তেতা ও অধিনায়ক ওডেগার্ড। ভক্তদের ধৈর্যে্যর প্রশংসা জানিয়ে আগামীবার নতুন করে আরও উঁচুতে ওঠার প্রত্যয় জানিয়ে শান্তনা দিয়েছেন তারা।
আরও পড়ুন: চেলসিতেই যাচ্ছেন মেসিনিয়ো!
৭৪৫ দিন আগে
বুন্দেসলিগায় অজেয় থাকার অনন্য কীর্তি গড়ল লেভারকুজেন
আগামী মৌসুমে বুন্দেসলিগায় থাকছে তো লেভারকুজেন? চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ কি তারা আসলেই পাবে? বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের ১১ বছরের আধিপত্যের অবসান কি করতে পারবে ক্লাবটি? বায়ার্নকে হারাতে পারবে তো তারা? অপরাজিত থেকে মৌসুম শেষ করার স্বপ্ন কি তাদের পূরণ হবে?
একে একে সবগুলো প্রশ্নের জবাব দিয়ে জয়যাত্রার এক অনন্য কীর্তি গড়েছে শাবি আলোনসোর বায়ের লেভারকুজেন। বুন্দেসলিগার সবগুলো ম্যাচ অপরাজিত থেকে জার্মানির টপ ফ্লাইটে প্রথমবারের মতো কোনো দল হিসেবে ‘অপরাজিত চ্যাম্পিয়ন’ হওয়ার গৌরব অর্জন করেছে তারা। ১১ বছর ধরে লিগ চ্যাম্পিয়ন হলেও এমন কীর্তি গড়তে পারেনি তারকাখচিত বায়ার্ন মিউনিখ।
এর ফলে ক্লাবের ১২০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো জার্মান লিগ চ্যাম্পিয়ন হয়েছে তারা। ৩৮ ম্যাচের ২৮টিতেই জয় পেয়েছে লেভারকুজেন; ড্র করেছে মাত্র ৬টিতে। ৯০ পয়েন্ট নিয়ে লিগ চ্যাম্পিয়ন হলেও ৫ ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে তারা।
তবে শিরোপা নিশ্চিত করার পরই জয়ের ক্ষুধা মরে যায়নি ফ্লোরিয়ান ভিয়ার্টস-জেরেমি ফ্রিম্পংদের। বরং তার পর থেকেই একের পর এক রেকর্ড অতিক্রম করে চলেছে দলটি।
গত সপ্তাহে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৫০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে লেভারকুজেন। গতরাতে আউগসবুর্গের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর সে সংখ্যাটা এখন ৫১
তাদের সামনে এখন উঁকি দিচ্ছে আরও দুর্বার কিছু করে দেখানোর সম্ভাবনা। লিগে সফল পথচলা থামলেও চলতি মৌসুমে আরও দুটি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে শাবির শিষ্যরা।
আগামী ২৩ মে আতালান্তার বিপক্ষে ইউরোপা লিগ এবং ৩ দিন পর কাইজারস্লাউটার্নের বিপক্ষে জার্মান কাপের ফাইনালে লড়বে অ্যালেক্স গ্রিমালদো-প্যাট্রিক শিক-ভিক্তর বনিফেসদের লেভারকুজেন। ওই দুই শিরোপা নির্ধারণী ম্যাচ জিতলে এমন উচ্চতায় উঠবে জার্মার্নির এই দলটি, যা আগে কেউ কখনও করে দেখাতে পারেনি। ইউরোপীয় ফুটবলের প্রথম দল হিসেবে সব প্রতিযোগিতায় অপরাজিত থেকে মৌসুম শেষ করবে লেভারকুজেন।
তাই ভক্ত-সমর্থক থেকে শুরু করে দর্শক, ফুটবলবোদ্ধা ও সমালোচকরা আবারও একটি প্রশ্নের উত্তরের অপেক্ষায় থাকবে- লেভারকুজেন কি ‘নেভারলুজেন’ হতে পারবে?
৭৪৬ দিন আগে
চেলসিতেই যাচ্ছেন মেসিনিয়ো!
নাম উইলিয়ান এস্তেভিয়াও। ডাক নামটি আর আর্ষণীয়, ‘মেসিনিয়ো’ অর্থাৎ ছোট মেসি। ১৭ বছরেই মেসির সঙ্গে তুলনা পাওয়া ব্রাজিলিয়ন তরুণ এস্তেভিয়াওকে পেতে ইউরোপের বড় বড় ক্লাবগুলো টানাটানি শুরু করেছিল বলে শোনা গেছে আগেই। তবে সে প্রতিযোগিতায় ইংলিশ ক্লাব চেলসি জিতে গেছে।
ইতোমধ্যে এস্তেভিয়াওয়ের সঙ্গে চেলসির মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ট্রান্সফার গুরু ফাব্রিৎসিও রোমানো। এমনকি চেলসির দেওয়া ৬৫ মিলিয়ন ইউরো (৪০+২৫) ফিয়ের প্রস্তাবটিও মেসিনিয়োর বর্তমান ক্লাব পালমেইরাস গ্রহণ করেছে বলে জানিয়েছেন তিনি।
এক্স পোস্টে রোমানো আরও জানিয়েছেন, চেলসির লিখিত চুক্তিপত্রে সই করতে মুখিয়ে আছে এস্তেভিয়াও ও পালমেইরাস কর্তৃপক্ষ।
আরও পড়ুন: মেসি-বার্সা চুক্তির সেই বিখ্যাত টিস্যু বিক্রি হলো ১১ কোটি টাকায়
তবে এখনই প্রিমিয়ার লিগের ক্লাবটিতে যোগ দিতে পারছে না উইলিয়ান। বয়স ১৮ হওয়ার পর ২০২৫ সালে লন্ডনের ক্লাবটিতে যাবে সে। চেলসির সঙ্গে ২০৩২ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হতে চলেছে এস্তেভিয়াও।
এস্তেভিয়াওয়ের ব্যাপারে দুই ক্লাব সম্মত হওয়ার দিন দশেক আগেই ব্যক্তিগতভাবে চেলসিতে যোগ দেওয়ার ব্যাপারে সম্মতি দেয় সে। চুক্তিটি পাকাপাকি করতে গত কয়েকদিন ধরে ব্রাজিলে অবস্থান করছিলেন চেলসির কয়েকজন কর্মকর্তা।
সৃজনশীলতা, অসাধারণ ড্রিবলিং ও খেলার ধরনের জন্য দক্ষিণ আমেরিকার অন্যতম সেরা ফুটবল প্রতিভা হিসেবে আত্মপ্রকাশ করেছে এস্তেভিয়াও। ব্রাজিলের হয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ নেয় এই সেলেসাও যুবা। সেখানেও বল পায়ে আলো ছড়ায় সে।
আরও পড়ুন: প্রিমিয়ার লিগে ‘ভিএআর’ বাদ দেওয়ার প্রস্তাব
এর আগে ১৭ বছর বয়সী এই ফুটবল প্রতিভাকে দলে টানতে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও পিএসজির মতো ইউরোপের বাঘা বাঘা দলগুলোর আগ্রহের কথা শোনা গিয়েছিল। এমন গুঞ্জনও ছড়িয়েছিল যে, বার্সেলোনার সঙ্গে মৌখিক চুক্তি সেরে ফেলেছে সে। তবে কাতালুনিয়ার ক্লাবটি আর্থিক দুর্দশার কারণে সে গুঞ্জন থেমে যায়। পরে চেলসির সঙ্গে তার সম্পর্কের অগ্রগতির কথা চাউর হয়।
অবশেষে স্ট্যামফোর্ড ব্রিজই হতে চলেছে তার ঠিকানা।
৭৪৬ দিন আগে
মেসি-বার্সা চুক্তির সেই বিখ্যাত টিস্যু বিক্রি হলো ১১ কোটি টাকায়
২০০০ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে গাঁটছড়া বাঁধেন বিশ্ব ফুটবলের সেরা ফুটবলারদের অন্যতম আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। ২১ বছর পর প্রাণের সেই ক্লাব ছেড়ে প্যারিস ঘুরে এখন তিনি যুক্তরাষ্ট্রের বাসিন্দা; খেলছেন ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মায়ামির হয়ে।
ফুটবল ক্লাব বার্সেলোনার সঙ্গে তার সম্পর্ক শেষ হয়েও যেন হয় না। বারবার ঘুরেফিরে তার সঙ্গে জড়িয়ে যায় বার্সেলোনার নাম। এবার ক্যারিয়ার শুরুর একেবারে প্রথম ঘটনাটি নিয়ে খবরের শিরোনাম হয়েছেন মেসি।
২০০০ সালের ১৮ ডিসেম্বর বার্সেলোনার সঙ্গে যখন চুক্তিবদ্ধ হন, তখন মেসির বয়স মাত্র ১৩। আর্জেন্টিনার এ বিস্ময় বালকের খেলা দেখে মুগ্ধ হয়ে কোনোভাবেই তাকে সেদিন হাতছাড়া করতে চাননি ক্লাবটির কর্তাব্যক্তিরা। তাই সঙ্গে সঙ্গে মেসির বাবাকে দিয়ে দেন প্রস্তাব। হোর্গে মেসি ছেলের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে সেদিন বার্সার প্রস্তাবে সায় দেন। আর তড়িঘড়ি করে হাতের কাছে থাকা একটি টিস্যু পেপারের ওপরই চুক্তির প্রাথমিক বিষয়বস্তু লিখে সই করিয়ে নেয় ক্লাব কর্তৃপক্ষ। এরপর ছোট্ট লিওনেলের ক্যাম্প ন্যুতে আসা ও একের পর এক ইতিহাস সৃষ্টির সঙ্গী হয়েছে পুরো ফুটবল দুনিয়া।
আরও পড়ুন: শেষ লগ্নেও মায়া ছড়িয়ে চলেছেন মেসি রোনালদো
এবার আলোচনার জন্ম দিয়েছে সেই টিস্যু পেপারটি। প্রাথমিক ওই চুক্তিপত্রে সই করেছিলেন বার্সেলোনার সাবেক ফুটবলার ও তৎকালীন স্পোর্টিং ডিরেক্টর কার্লেস রেক্সাচ, বিশ্বখ্যাত এজেন্ট হোসে মারিয়া মিঙ্গেলা ও হোরাসিও হাগিওলি। এতদিন হাগিওলির হেফাজতে থাকা সেই টিস্যু পেপারটি এবার নিলামে উঠেছে।
হাগিওলির পক্ষে ঐতিহাসিক এই চুক্তিপত্রটি অনলাইনে নিলামে তোলে লন্ডনের নিলামকারী প্রতিষ্ঠান বনহ্যামস। এটির প্রাথমিক দাম হাঁকানো হয় ৩ লাখ পাউন্ড। নিলামে ওঠার পর তা ৭ লাখ ৬২ হাজার ৪০০ পাউন্ডে (১১ কোটি ৩৪ লাখ টাকা প্রায়) বিক্রি হয়েছে।
৭৪৭ দিন আগে