খেলাধুলা
হেরে পিএসজি অধ্যায় শেষ করলেন এমবাপ্পে
আগেই জানিয়ে দিয়েছিলেন, রবিবার তুলুজের বিপক্ষে পার্ক দে প্রান্সের ম্যাচটিই হবে পিএসজির জার্সিতে কিলিয়ান এমবাপ্পের শেষ ম্যাচ। শেষ ম্যাচে গোলও পেলেন এমবাপ্পে, কিন্তু শেষ পর্যন্ত এ ম্যাচটি ৩-১ গোলে হেরে গেছে পিএসজি। ফলে চ্যাম্পিয়ন্স লিগের পর ঘরোয়া লিগেও হেরে ভক্তদের কাছ থেকে বিদায় নিতে হয়েছে এ ফরাসি সুপারস্টারের।
আরও পড়ুন: পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন এমবাপ্পে
এ দিন ঘরের ছেলেকে বিদায় জানাতে আয়োজনের কমতি রাখেনি পিএসজির সমর্থকরা। ম্যাচ শুরুর আগেই পার্ক দে প্রান্সের প্রতিটি ইঞ্চি জায়গা পূর্ণ হয়ে যায়। বড় বড় ব্যানার, প্ল্যাকার্ড ও টিফোর মাধ্যমে এমবাপ্পেকে বিদায়ী শুভেচ্ছা জানান পিএসজি সমর্থকরা।
৭৫২ দিন আগে
বিশ্বকাপের আগে টপ অর্ডারের ব্যর্থতা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে: বাংলাদেশ অধিনায়ক
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা। কিন্তু আসন্ন বিশ্বকাপে পূর্ণকালীন অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব পাওয়া শান্তর উদ্বেগ এই সিরিজ জয়ের আনন্দকে ছাপিয়ে গিয়েছে।
শান্ত স্বীকার করেন, বাংলাদেশ দলের সবচেয়ে বড় দুশ্চিন্তা তাদের টপ অর্ডার ব্যাটিংয়ের ব্যর্থতা।
সিরিজের ফাইনাল ম্যাচে মিরপুরের মাঠে বাংলাদেশের শীর্ষ চার ব্যাটসম্যানের মধ্যে তিনজন মিলে মাত্র ১০ রান করেছেন, যার মধ্যে মাত্র একজনের রান দুই অংকের ঘরে।
বিশ্বকাপ নিয়ে দলের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে টপ-অর্ডার নিয়ে দুশ্চিন্তার কথা স্বীকার করে শান্ত বলেন, 'আমরা যদি টপ অর্ডারে আরও ভালো করতে পারি, তাহলে সেটা দলের জন্য দারুণ হবে।’
আরও পড়ুন: পঞ্চম টি-টোয়েন্টি জিতে সিরিজের সমাপ্তি টানল জিম্বাবুয়ে
তিনি আরও বলেন, ‘গতিশীলতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই সিরিজের ফলাফল নিয়ে ভাবার পরিবর্তে সামনে এগিয়ে যাওয়ার দিকে আমাদের মনোনিবেশ করা দরকার। শীর্ষে থেকে ভালো শুরু নিশ্চিত করতে পারলে দল হিসেবে আমরা এক ধাপ এগিয়ে থাকব।’
সোমবার বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে। দলে যুক্ত করা হতে পারে তাই লিটন দাস, তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের ভালো পারফরম্যান্সের ওপর জোর দেওয়া হচ্ছে।
তিন নম্বরে শান্ত অথবা তৌহিদ হৃদয়কে রেখে এই তিনজনের যেকোনো দুইজনকে ওপেনিংয়ের জন্য ভাবা হচ্ছে।
আরও পড়ুন: লো স্কোরিং ম্যাচে কষ্টের জয় বাংলাদেশের
তবে লিটনের সাম্প্রতিক ফর্ম, অন্যদিকে জিম্বাবুয়ে সিরিজে কিছুটা ভালো খেললেও ধারাবাহিকতা ধরে রাখতে তানজিদের লড়াই বেশ ভাবাচ্ছে। সদ্য হাঁটুর চোট থেকে সেরে ওঠা সৌম্য জিম্বাবুয়ে সিরিজে ৪০ রানের ইনিংস খেললেও এখনও নিজের সেরা ফর্ম ফিরে পাননি। সম্ভাব্য তিন নম্বর ব্যাটসম্যান শান্তও তার সাম্প্রতিক পারফরম্যান্স দিয়ে আত্মবিশ্বাস জাগাতে ব্যর্থ হয়েছেন।
বাংলাদেশের টপ অর্ডার এমনই বেহাল, বিশ্বকাপের দলটির পারফরম্যান্সের ওপর প্রভাব ফেলছে। এই সমস্যাগুলো সমাধান করার সময়ও খুব কম। এই বৈশ্বিক মঞ্চে লড়াই করে টিকে থাকতে ব্যাটসম্যানদের ফর্ম ফিরে পাওয়া ও দলের শক্ত ভিত্তি করা এখন সবচেয়ে জরুরি বিষয়।
আরও পড়ুন: জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ এগিয়ে থাকলেও জাতীয় দলের ব্যাটিং নিয়ে অসন্তুষ্ট বিসিবি সভাপতি
৭৫৩ দিন আগে
পঞ্চম টি-টোয়েন্টি জিতে সিরিজের সমাপ্তি টানল জিম্বাবুয়ে
তৃতীয় ও চতুর্থ ম্যাচে সামান্য ব্যাবধানে জয়ের পর পঞ্চম ও শেষ ম্যাচটিও জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল বাংলাদেশের। তবে শেষ ম্যাচে বড় জয় পেয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছে সফরকারীরা।
আগের দুই ম্যাচের কষ্টসাধ্য জয় টাইগারদের দুর্বলতার যে ইঙ্গিত দিয়েছিল, আজকের বড় পরাজয়ে তা স্পষ্ট হয়েছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিই বাংলাদেশের শেষ টি-টোয়েন্টি সিরিজ ছিল।
৪-১ ব্যবধানে জয় পেলেও আত্মবিশ্বাস বাড়ানোর পরিবর্তে বিশ্বকাপের আগে টাইগারদের সামনে বেশ কয়েকটি চিন্তার উদ্রেক করল জিম্বাবুয়ের বিপক্ষে হওয়া এই সিরিজ।
আরও পড়ুন: লো স্কোরিং ম্যাচে কষ্টের জয় বাংলাদেশের
বিশ্বকাপের সময়সূচির সঙ্গে মানিয়ে নিতে পঞ্চম ম্যাচটি সকালে আয়োজন করে বিসিবি। এটি ছিল টাইগারদের ঘরের মাটিতে সকালে শুরু হওয়া প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। তবে টস হেরে শুরুতে ব্যাট করে ভালো ওপেনিং জুটি দাঁড় করাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ।
১৫ রান তুলতেই তিন উইকেট হারিয়ে ব্যাটিং ধসের শঙ্কায় পড়ে টাইগাররা। এ সময় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল্লাহ রিয়াদের ৬৯ রানের জুটি বিপদ বাঁচিয়ে দলকে দেড় শতাধিক স্কোরের দিকে নিয়ে যেতে ভূমিকা রাখে।
মাহমুদুল্লার ইনিংস-সর্বোচ্চ ৪৪ বলে ৫৪ রান এবং শান্তর ২৮ বলে ৩৬ রানের সুবাদে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ১৫৭ রানের পুঁজি পায় বাংলাদেশ। দলের হয়ে জাকের আলীর ২৪ ও সাকিবের ২১ রানের ইনিংসগুলোও কার্যকর ভূমিকা রাখে।
জিম্বাবুয়ের হয়ে ব্লেসিজ মুজারাবানি ও ব্রায়ান বেনেট ২টি করে উইকেট নেন।
আরও পড়ুন: চতুর্থ টি-টোয়েন্টি: ১০১ থেকে ১৪৩ রানে ১০ উইকেট হারালো টাইগাররা
গত দুই ম্যাচ অল্পের জন্য হাতছাড়া হলেও শেষ ম্যাচে দৃঢ়তা দেখায় জিম্বাবুয়ে। ২৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে অধিনায়ক সিকান্দার রাজার অপরাজিত ৭২ ও বেনেটের ৭০ রানে ভর করে জয়ের বন্দরে পৌঁছায় জিম্বাবুয়ে।
এদিন ব্যাট হাতে বাংলাদেশি বোলারদের তেমন কোনো সুযোগই দেয়নি জিম্বাবুয়ের ব্যাটাররা। এর মধ্যে মোহাম্মদ সাইফুদ্দিনকে তুলোধুনা করে তারা। ৪ ওভারে একাই ৫৫ রান দেন সাইফুদ্দিন। তবে এ দিন সাকিব ছিলেন যথেষ্ট কৃপণ। নিজের ৪ ওভারের স্পেলে নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৯ রান খরচ করে ১টি উইকেট নেন তিনি।
৭৫৩ দিন আগে
রিয়ালের বড় জয়ের রাতে মাইন্সে বিধ্বস্ত ডর্টমুন্ড
মাত্র তিন সপ্তাহ পরই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। ২০২৩-২৪ মৌসুমের এ ফাইনালে টুর্নামেন্টের সফলতম দল রিয়াল মাদ্রিদের মোকাবিলা করবে ১৯৯৭ সালের চ্যাম্পিয়ন বরুশিয়া ডর্টমুন্ড।
শনিবার গ্রানাদাকে তাদের মাঠেই ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে কার্যত রিয়াল মাদ্রিদের বিকল্প দল।
এদিন বায়ার্নের বিপক্ষে খেলানো একাদশের ১০ খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে দল সাজান কার্লো আনচেলত্তি। শুরুর দিকে কিছুটা ভুগলেও থিবো কোর্তোয়ার দক্ষতায় দুবার বেঁচে যায় রিয়াল। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগে আগে দুই গোল পেয়ে যান ফ্রান গার্সিয়া ও আর্দা গুলের।
আরও পড়ুন: ‘ইয়েলো ওয়াল’ ভাঙতে ব্যর্থ হয়ে পিএসজির বিদায়
রিয়াল সিনিয়র জার্সিতে প্রথম গোলটি করে দলকে গোলের খাতা খোলার সুযোগ করে দেন গার্সিয়া। এরপর বিরতির আগমুহূর্তে দ্বিতীয় গোলটি করেন গুলের। রিয়ালের জার্সিতে তিনবার ম্যাচ শুরু করে তিনবারই জালের দেখা পেল তুরস্কের এই বিস্ময়বালক।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ব্রাহিম দিয়াসের দুই গোলে ৪-০ গোলের জয় নিশ্চিত করে রিয়াল। এ জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে দলের বেঞ্চ পরীক্ষা করে সফল হয়েছেন আনচেলত্তি। বড় জয়ে স্কোয়াডের বাকি সদস্যদেরও আত্মবিশ্বাস খানিকটা বেড়ে গেল।
আরও পড়ুন: চিরায়ত শেষের মিরাকলে ফাইনালে রিয়াল
তবে উল্টোটা ঘটেছে ডর্টমুন্ডের সঙ্গে। চোটজর্জর দল নিয়ে চলতি মৌসুমে এমনিতেই টালমাটাল অবস্থা এদিন তেরজিকের দলটির। লিগে তাদের অবস্থান পঞ্চম। ফরম্যাট পরিবর্তন না হলে আগামী মৌসুমে ইউরোপা লিগে ঠাঁই হতো তাদের।
বুন্দেসলিগায় সবশেষ ৫ ম্যাচের মাত্র দুটিতে জয় পেয়েছে ডর্টমুন্ড। হেরেছে দুটিতে। এর মধ্যে টেবিলের চতুর্থ অবস্থানে থাকা লাইপসিগের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয় তারা। পরের ম্যাচে আউগসবুর্গকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পার্ক দে প্রান্স থেকে স্মরণীয় জয় তুলে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে তারা। ফলে ভাঙাচোরা দল নিয়েও তাই বেশ খানিকটা আত্মবিশ্বাস পান মার্কো রয়েসরা। তবে অবনমনের শঙ্কায় থাকা মাইন্সের বিপক্ষে ৩-০ গোলে হেরে ডর্টমুন্ডের আত্মবিশ্বাসের বেলুন ফের চুপসে যাওয়ার কথা।
আরও পড়ুন: অফসাইডের সিদ্ধান্ত টুখেলের কাছে ‘চরম বিপর্যয়কর’
নিজেদের তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তোলার লক্ষ্যে আগামী ১ জুন ‘ইউরোপের রাজা’দের বিপক্ষে মাঠে নামবে হুমেলস স্যানচোরা। তার আগে ডার্মস্টাটের বিপক্ষে লিগের শেষ ম্যাচ খেলবেন তারা।
ইতোমধ্যে দ্বিতীয় লিগে অবনমন হওয়া ডার্মস্টাটের বিপক্ষে নিজেদের আত্মবিশ্বাস কতটুকু ফেরাতে পারবে, তার ওপর অনেকটাই নির্ভর করছে ইউরোপ সেরার লড়াইয়ে ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়ালের বিপক্ষে তাদের পারফরম্যান্স।
আরও পড়ুন: ‘মাদ্রিদে এটা প্রায়ই হয়’- গোল বাতিল প্রসঙ্গে মুলার
৭৫৩ দিন আগে
পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন এমবাপ্পে
বছরের পর বছর ধরে গুঞ্জন শুধু ডালপালাই মেলেছে। তবে কিলিয়ান এমবাপ্পে এবার আনুষ্ঠানিকভাবে বলে দিলেন, চলতি মৌসুমের পর পিএসজিতে আর থাকছেন না তিনি।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি ভিডিও বার্তা পোস্ট করেন এমবাপ্পে। সেখানেই চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়ার বিষয়টি জানান তিনি।
ভক্তদের উদ্দেশে এমবাপ্পে বলেন, ‘আমি সবসময় বলেছি সময় হলে আমি নিজেই আপনাদের বলব। সেই সময় এসেছে। এ বছরের পর আমি আর (পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ) বাড়াচ্ছি না। আগামী রবিবার পার্ক দে প্রান্সে আমি (পিএসজির জার্সিতে) শেষ ম্যাচ খেলব।’
আরও পড়ুন: কোপা আমেরিকায় ব্রাজিলের স্কোয়াড ঘোষণা
তিনি বলেন, ‘পিএসজির সঙ্গে আমার অনেক আবেগ জড়িয়ে আছে। ফ্রান্সের সেরা তো বটেই, বিশ্বের অন্যতম সেরা এ ক্লাবটির জার্সি গায়ে দীর্ঘদিন খেলার সুযোগ হয়েছে আমার।
‘বিশ্বের সেরা খেলোয়াড়দের অনেকের সঙ্গেই আমাকে খেলার সুযোগ করে দিয়েছে পিএসজি। এখানেই আস্তে আস্তে বড় হয়েছি। খেলোয়াড় হিসেবে অনেক কিছু শিখেছি, শিখেছি মানুষ হিসেবেও।’
এ সময় পিএসজিতে তার সাবেক ও বর্তমান কোচ এবং সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এমবাপ্পে। বলেন, ‘আমি কখনোই ভাবিনি ক্লাব ছেড়ে যাওয়ার ঘোষণা দেওয়া এত কঠিন হবে। এখানে ৭ বছর ধরে আছি। নিজের দেশ, প্যারিস ছেড়ে যাওয়াটা সত্যিই কঠিন। তবে এখন মনে হচ্ছে নতুন চ্যালেঞ্জ নেওয়ার সময় এসেছে।’
ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘এতগুলো বছর ধরে আপনারা যে পরিমাণ ভালোবাসা আমাকে দিয়েছেন, অনেক সময় হয়তো তার প্রতিদান দিতে ব্যর্থ হয়েছি। কিন্তু বিশ্বাস করুন, আমি সবসময়ই নিজের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করেছি।
‘আপনাদের প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি সবসময় আপনাদের সঙ্গে কাটানো স্মৃতি আমার হৃদয়ে রাখব।’
৭৫৫ দিন আগে
কোপা আমেরিকায় ব্রাজিলের স্কোয়াড ঘোষণা
আসন্ন কোপা আমেরিকার জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলে একটি নতুন মুখ ছাড়াও রয়েছে বেশ কয়েকটি চমক।
ঘোষিত স্কোয়াডের আক্রমণভাগে জায়গা পেয়েছেন পোর্তোর ২৪ বছর বয়সী স্ট্রাইকার ইভানিলসন। তবে জায়গা হয়নি নেইমার ও রিচার্লিশনের মতো তারকাদের। এছাড়া গাব্রিয়েল জেসুস, মাথিউস কুনিয়ার মতো খেলোয়াড়দেরও হলুদ জার্সিতে খেলতে দেখা যাবে না কোপার এবারের আসরে।
মাঝমাঠে সবচেয়ে বড় চমক অধিনায়ক কাসেমিরোর না থাকাটা। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সাম্প্রতিক ফরমহীনতার কারণেই তিনি বাদ পড়েছেন।
দলে রাখা হয়নি ইউনাইটেডের আরেক তারকা আন্তনিকেও। এছাড়া কোপা আমেরিকার জন্য মনোনীত দলে ঠাঁই হয়নি ইউভেন্তুসের ২৭ বছর বয়সী ডিফেন্ডার ব্রেমারেরও।
আরও পড়ুন: ‘মাদ্রিদে এটা প্রায়ই হয়’- গোল বাতিল প্রসঙ্গে মুলার
গত বছরের মার্চ থেকে দলের অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন কাসেমিরো। ৩২ বছর বয়সী এ ডিফেন্সিভ মিডফিল্ডারের বাদ পড়া প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেছেন, ‘তিন মাস আগে কাসেমিরোর সঙ্গে আমার কথা হয়েছে। তার কাছে আমার কী চাওয়া এবং আমি তাকে কীভাবে মূল্যায়ন করি- তাকে আমি সেসব জানিয়েছি। ভবিষ্যতে তাকে নিয়ে আমি কী ভাবছি- তা নিয়ে আগামীকাল (শনিবার) আমি তার সঙ্গে কথা বলব।’
নেইমারের বাদ পড়াটা অবশ্য ব্রাজিল সমর্থকদের অনুমিতই ছিল। হাঁটুর চোটের কারণে অনেক আগে থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। তাই আসন্ন টুর্নামেন্টের তার দলে না থাকাটাই স্বাভাবিক।
রিচার্লিশনের ক্ষেত্রেও ব্যাপারটি তাই। নতুন করে পায়ের পেশিতে চোট পেয়ে ছিটকে গেছেন তিনি।
এ বিষয়ে দরিভাল বলেন, ‘ক্লাবের হয়ে খেলতে গিয়ে সাম্প্রতিক চোটই রিচার্লিশনকে ছিটকে দিয়েছে। বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি টটেনহ্যাম। আমরা তার সঙ্গে যোগাযোগ করলে সে-ই আমাদের চোটের বিষয়টি জানিয়েছে।’
তবে জাতীয় দলের হয়ে সবশেষ দুই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছে এন্দ্রিক।
চোটজর্জরিত দল নিয়ে এ বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামে ব্রাজিল। ওই ম্যাচে বদলি হিসেবে অভিষেক হওয়ার ৯ মিনিটের মাথায় ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেন এন্দ্রিক।
আরও পড়ুন: অফসাইডের সিদ্ধান্ত টুখেলের কাছে ‘চরম বিপর্যয়কর’
৭৫৫ দিন আগে
লো স্কোরিং ম্যাচে কষ্টের জয় বাংলাদেশের
বিপর্যস্ত ব্যাটিংয়ের পর দুর্বল বোলিংয়ে চতুর্থ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ রানের জয় পেয়েছে বাংলাদেশ।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে শুরুতে ব্যাটিংয়ে সব উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে বাংলাদেশ।
এই লো স্কোরিং ম্যাচে তানজিদ হাসান তামিমের হাফসেঞ্চুরি ও মুস্তাফিজুর রহমানের তিন উইকেটই বড় ভূমিকা রাখে।
আরও পড়ুন: চতুর্থ টি-টোয়েন্টি: ১০১ থেকে ১৪৩ রানে ১০ উইকেট হারালো টাইগাররা
ওপেনার তামিম (৫২) ও সৌম্য সরকার (৪১) ১০১ রানের জুটির পর ১৪৩ রানের মধ্যে ১০ উইকেট হারায় টাইগাররা।
জিম্বাবুয়ের হয়ে লুক জংউই ৩ উইকেট নিয়েছেন।
মাত্র ৪২ রানে সবকটি উইকেট হারানোর ব্যাটিং লাইন আপে দুই ওপেনারের পর বাকি ব্যাটারদের মধ্যে দুই অঙ্কে পৌঁছাতে সক্ষম হন কেবল তৌহিদ হৃদয় (১২)।
রান তাড়া করতে নেমে জিম্বাবুয়েও জুটি গড়তে ব্যর্থ হয়। সিকান্দার রাজা ও জোনাথন ক্যাম্পবেল লড়তে শুরু করলেও তাসকিনের পেস ও সাকিবের স্পিনে হার মানেন।
ক্যাম্পবেল সর্বোচ্চ ৩১ রান করেন। আর রায়ান বার্ল ও ওয়েলিংটন মাসাকাদজা ১৯ রান করে যোগ করেন।
আরও পড়ুন: চতুর্থ টি-টোয়েন্টিতে দলে ফিরলেন সাকিব-সৌম্য-মুস্তাফিজ
শেষ ওভারে এসে ম্যাচে ক্লাইমেক্সের দেখা মেলে যখন বল আর রান প্রায় কাছাকাছি। উইকেটও শেষের দিকে। সাকিবের ঠান্ডা মাথার বোলিংয়ে শেষ ওভারে ২ বল বাকি থাকতে সব উইকেট হারিয়ে খেলার ইতি টানে জিম্বাবুয়ে। কষ্টেসৃষ্টে জয় মেলে বাংলাদেশের।
১২ মে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের যেখানে একদল চাইবে হোয়াইটওয়াশ করতে আর অন্যদল চাইবে তা এড়িয়ে সম্মান রক্ষার জয় পেতে।
আরও পড়ুন: জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ এগিয়ে থাকলেও জাতীয় দলের ব্যাটিং নিয়ে অসন্তুষ্ট বিসিবি সভাপতি
৭৫৫ দিন আগে
বিপিএল ফুটবল: পুলিশ এফসির সঙ্গে ড্র হওয়ায় পয়েন্ট হারাল ঢাকা আবাহনী
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুক্রবার(১০ মে) বিকালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসির সঙ্গে ১-১ গোলে ড্র হওয়ায় পয়েন্ট হারিয়েছে ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড।
দিনের হতাশা শুরুতে লিগ লিডার বসুন্ধরা কিংসের কাছে ১-২ গোলে হেরে চার ম্যাচ বাকি থাকতেই শিরোপার লড়াই থেকে ছিটকে পড়ে ঢাকা আবাহনী লিমিটেড। তবে দলটি ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হওয়ার দৌড়ে টিকে আছে।
২০১৮-১৯ মৌসুম থেকে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত টানা চতুর্থবারের মতো বিপিএল শিরোপা জেতা বসুন্ধরা কিংস (কোভিড-১৯ মহামারির কারণে ২০১৯-১০ মৌসুমে বিপিএল পরিত্যক্ত) ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে পঞ্চম শিরোপা জয়ের জন্য প্রস্তুত। দলটি নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহামেডান এসসির চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে রয়েছে।
আরও পড়ুন: অফসাইডের সিদ্ধান্ত টুখেলের কাছে ‘চরম বিপর্যয়কর’
ম্যাচের নবম মিনিটেই সেন্ট ভিনসেন্টের ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্ট (১-০) ব্যবধানে ধানমন্ডির দল আবাহনীকে এগিয়ে দেন।
৮৮ মিনিটে আবাহনী সমর্থকদের হতাশ করে পুলিশ এফসির হয়ে স্থানীয় ফরোয়ার্ড এমএস বাবলু ব্যবধান সমতায় নিয়ে আসেন (১-১)।
মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুক্রবার বিকালে শেখ রাসেল কেসি ও রহমতগঞ্জ এমএফএসের মধ্যকার দিনের অন্য ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
ঘানার ফরোয়ার্ড আর্নেস্ট বোয়াটেং ৫৬ মিনিটে (১-০) পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ এমএফএসের হয়ে প্রথম গোল করেন এবং শেখ রাসেল কেসির হয়ে সার্ভিয়ান বুটার ভোজিস্লাভ বালাবানোভিচ ৬২ মিনিটে (১-১) সমতায় নিয়ে আসেন।
আরও পড়ুন: ‘মাদ্রিদে এটা প্রায়ই হয়’- গোল বাতিল প্রসঙ্গে মুলার
৭৫৫ দিন আগে
চতুর্থ টি-টোয়েন্টি: ১০১ থেকে ১৪৩ রানে ১০ উইকেট হারালো টাইগাররা
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করলেও প্রথম উইকেট পড়তেই মাত্র ৪২ রানের মধ্যে সব উইকেট হারিয়ে তাসের ঘরের মতো গুঁড়িয়ে গেল বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপ।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে টাইগারদের ব্যাটিং বিপর্যয় দেখলো বিশ্ব।
দুই ওপেনার সৌম্য সরকার (৪১) ও তানজিদ হাসান তামিম (৫২) ১০১ রানের জুটি গড়েন। তারপর মিসটাইমিংয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তামিম।
এর পরপরই একের পর এক বাজে শট খেলে ও ডিসমিসালের শিকার হয়ে মিডল ও লোয়ার অর্ডার চুরমার হয়ে যায়।
আরও পড়ুন: চতুর্থ টি-টোয়েন্টিতে দলে ফিরলেন সাকিব-সৌম্য-মুস্তাফিজ
দুই ওপেনারের পর কেবল তৌহিদ হৃদয় দুই অঙ্কের ঘরে পা রাখেন। মাত্র ১২ রান করে লুক জংউইয়ের বলে নতি স্বীকার করেন তিনি।
এই ধসেপড়া বাংলাদেশের ব্যাটিং লাইনআপের বেহাল অবস্থা তুলে ধরে।
নয় মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নেমে সাকিব আল হাসান ১ রান করে বোল্ড হয়ে ফিরেছেন সাজঘরে। দলের কাণ্ডারি হয়ে লড়াইয়ের ইচ্ছা দেখা যায়নি অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটিংয়েও।
শান্তর ক্লিন বোল্ড আর সাকিবের ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে বোল্ড আউট যেন অভিজ্ঞ এই খেলোয়াড়দের প্রস্তুতি ও সংযমের অভাবের প্রমাণ দিলো।
শুরুটা বড় রানের টার্গেট দেওয়ার মতো হলেও হতাশায় মোড়ানো ব্যাটিংয়ে ১০ উইকেটে মাত্র ১৪৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
আরও পড়ুন: জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ এগিয়ে থাকলেও জাতীয় দলের ব্যাটিং নিয়ে অসন্তুষ্ট বিসিবি সভাপতি
৭৫৫ দিন আগে
চতুর্থ টি-টোয়েন্টিতে দলে ফিরলেন সাকিব-সৌম্য-মুস্তাফিজ
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।
ঢাকার মাঠে শুক্রবারের এই ম্যাচে দলে এসেছে তিন পরিবর্তন। একাদশে ফিরেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান।
অন্যদিকে বিশ্রামে পাঠানো হয়েছে লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিনকে।
নয় মাসেরও বেশি সময় পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেখা যাবে সাকিবকে।
আরও পড়ুন: শেষ ২ ম্যাচে ফিরলেন সাকিব-মুস্তাফিজ-সৌম্য
এদিকে বাজে ফর্ম নিয়ে লড়তে থাকা ডানহাতি ব্যাটার লিটন দাস অবশেষে বাদ পড়েছেন লাইনআপ থেকে। আগের ম্যাচে তার আউটটি ছিল বেশ প্রশ্নবোধক। পরপর তিনবার স্কুপ শট খেলার চেষ্টা শেষে লিটনের বোল্ড আউট হওয়া দেখে ক্রিকেটবোদ্ধাদের ভ্রু কুঁচকে গিয়েছিল।
তার জায়গায় ফিরছেন দীর্ঘদিন হাঁটুর চোটে ভোগা সৌম্য সরকার।
তবে চট্টগ্রামে প্রথম তিন ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।
আগামী মাসে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে কাজ করবে।
শুক্রবার ম্যাচ শুরুর আগে চট্টগ্রামের পতেঙ্গায় যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসীম জাওয়াদের মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করে বিসিবি।
আরও পড়ুন: চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট নিহত
৭৫৫ দিন আগে