বিশ্ব
হামাসের বিমান বাহিনীর প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের
গাজা সিটিতে হামাসের বিমান প্রতিরক্ষা ইউনিটের প্রধান নিদাল আল-নাজারকে হত্যার দাবি করেছে ইসরায়েলে।
শুক্রবার (৬ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে এ দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও ইসরায়েলি নিরাপত্তা সংস্থা।
বিবৃতিতে বলা হয়, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে বিমান অনুপ্রবেশের অন্যতম সংগঠক হিসেবে আল-নাজারকে চিহ্নিত করা হয়। তিনি ছিলেন মধ্য গাজায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলাসহ ইসরায়েল ও আইডিএফ বাহিনীর ওপর হামলার মূল কারিগর।
আরও পড়ুন: ইসরায়েলের হামলায় হামাসের জেনিন প্রধান নিহত
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে হামাসের হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা করে। ওই হামলায় প্রায় ১,২০০ জন নিহত এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করা হয়।
গাজাভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৫৮০জনে দাঁড়িয়েছে।
৪৫৪ দিন আগে
আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ২৬
আইভরি কোস্টে দুটি মিনিবাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ২৬ জন নিহত ও ২৮ জন আহত হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় ব্রোকুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সংঘর্ষের পর বাসে আগুন ধরে গেলে ১০ জন নিহত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
মন্ত্রণালয়ের মতে, জরাজীর্ণ রাস্তাঘাট ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে পশ্চিম আফ্রিকার দেশটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় আইভরি কোস্টে বছরে এক হাজারেরও বেশি লোক মারা যায়।
গত মাসে সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও অন্তত ১০ জন আহত হন।
আরও পড়ুন: আইভরি কোস্টে বাস ও ট্যাংকারের সংঘর্ষে নিহত ১৩, আহত ৪৬
চলতি বছরের শুরুর দিকে আইভরি কোস্টের উত্তরাঞ্চলে একটি ট্যাংকার ট্রাক একটি বাসকে ধাক্কা দিলে ১৩ জন নিহত ও ৪৪ জন আহত হয়।
সড়কে শৃঙ্খলা ফেরাতে গত বছর একটি পয়েন্টভিত্তিক ড্রাইভিং লাইসেন্স চালু করেছে কর্তৃপক্ষ। এতে লাইসেন্সের মাধ্যমে প্রত্যেক চালককে মোট ১২ পয়েন্ট দেওয়া হয়েছে। তবে আইন অমান্য ও দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে পয়েন্ট কেটে নেওয়া হবে। এছাড়া অপরাধীদের জরিমানা করতে দেশের প্রধান সড়কগুলোতে ক্যামেরাও বসানো হয়েছে।
৪৫৪ দিন আগে
সুদানে আধাসামরিক বাহিনীর হামলায় আরও ১২ জন নিহত
মধ্য সুদানের গেজিরা রাজ্যের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
মধ্য সুদানের সহিংসতা পর্যবেক্ষণকারী স্থানীয় বেসরকারি গোষ্ঠী গেজিরা কনফারেন্স এক বিবৃতিতে বলেছে, আরএসএফ মিলিশিয়ারা গতকাল (বুধবার) ও আজ (বৃহস্পতিবার) দক্ষিণ গেজিরার আল সাফা, ওয়াদ শামা, আল-তেলেহ ও ওয়াদ হেমাইদান গ্রামের বাসীন্দাদের ওপর সহিংস অভিযান শুরু করেছে।
ওয়াদ শামায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এছাড়া ওয়াদ হেমাইদানে আরও পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
এছাড়া, পৃথক বিবৃতিতে স্থানীয় স্বেচ্ছাসেবী গোষ্ঠী নিদা আল-ওয়াসাত বলেছে, ওয়াদ হেমাইদানে আরএসএফের হামলায় আরও দুজন নিহত এবং আব্দুল-আজিজ গ্রামে একজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
এসব ঘটনায় আরএসএফ কোনো মন্তব্য করেনি।
আরও পড়ুন: সুদানে আধাসামরিক বাহিনীর হামলায় নিহত ২০
এদিকে, গেজিরা রাজ্যের ওয়াদ আল-ওবেইদ এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা করেছে আবু আকলা কেইকেলের নেতৃত্বে সুদানিজ সশস্ত্র বাহিনী (এসএএফ) ও সুদান শিল্ড ফোর্সেসের একটি যৌথ বাহিনী।
২০২৩ সালের ডিসেম্বরে এসএএফ রাজ্যের রাজধানী ওয়াদ মাদানি থেকে সরে যাওয়ার পর আরএসএফ গেজিরা রাজ্যের নিয়ন্ত্রণ নেয়।
২০২৩ সালের এপ্রিলের মাঝামাঝি সময় থেকে সুদানে এসএএফ ও আরএসএফের মধ্যে ভয়াবহ সংঘাত শুরু হয়েছে।
আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, সুদানে চলমান যুদ্ধে ২৭ হাজার ১২০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছে এবং দেশে ও বিদেশে এক কোটি ৪০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
৪৫৫ দিন আগে
১১ মাসে ৮০৩৪ সন্ত্রাসী হত্যা করেছে নাইজেরিয়ার সেনাবাহিনী
গত ১১ মাসে নাইজেরিয়ার সশস্ত্র বাহিনীর হাতে সন্দেহভাজন সন্ত্রাসী ও ডাকাতসহ মোট ৮ হাজার ৩৪ জন বন্দুকধারী নিহত হয়েছে।
নাইজেরিয়ার সামরিক কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
রাজধানী আবুজায় দেশটির সেনাবাহিনীর মুখপাত্র এডওয়ার্ড বুবা সাংবাদিকদের বলেন, জানুয়ারি থেকে ডিসেম্বরের শুরুর দিকে দেশজুড়ে অন্তত ১১ হাজার ৬২৩ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ের মধ্যে অন্তত ৬ হাজার ৩৭৬ জন জিম্মিকে উদ্ধার করেছে সামরিক বাহিনী।
এ সময়ে সন্দেহভাজন বন্দুকধারীদের কাছ থেকে ৮ হাজার ২১৬টি অস্ত্র ও ২ লাখ ১১ হাজার ৪৫৯টি গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
৪৫৫ দিন আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় ১৫ ফিলিস্তিনি নিহত
বৃহস্পতিবার বিকেলে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বেইত লাহিয়া শহরের একটি আবাসিক ভবন লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় শিশু ও নারীসহ ১৫ জন নিহত হয়েছে বলে সিনহুয়াকে জানান গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসল।
ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে হামাসের হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা করে। ওই হামলায় প্রায় ১,২০০ জন নিহত এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করা হয়।
গাজাভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৫৮০জনে দাঁড়িয়েছে।
৪৫৫ দিন আগে
ইকুয়েডরে সশস্ত্র হামলায় নিহত ৯
ইকুয়েডরের পশ্চিমাঞ্চলে দুটি সশস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে পুলিশ ১৭ থেকে ২৫ বছর বয়সী ছয়জনের লাশ পাওয়ার কথা নিশ্চিত করে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কয়েকটি লাশ বাঁধা অবস্থায় ছিল এবং সেগুলোতে গুলির ক্ষত দেখা গেছে। পুলিশ লাশগুলো বন্দর নগরী মানাবির মানতার একটি ফরেনসিক সেন্টারে নিয়ে গেছে।
অন্যদিকে, বুধবার রাতে মানাবির সুক্রে ক্যান্টনের বাহিয়া দে কারাকুয়েজ শহরে একই পরিবারের তিনজনকে হত্যা করা হয়।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ইকুয়েডরের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে মাদক পাচারের জন্য একটি গুরুত্বপূর্ণ অঞ্চল মানাবিতে ২০২৪ সালে সহিংসতা বেড়েছে।
সংঘাতপূর্ণ এলাকাগুলোতে সন্ত্রাসী গোষ্ঠীগুলো নির্মূল করতে পুলিশ ও সামরিক বাহিনী মোতায়েন করেছে দেশটির সরকার।
প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া এ বছরের জানুয়ারিতে ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত ২২টি অপরাধী চক্রের বিরুদ্ধে ‘অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত’ ঘোষণা করেন।
৪৫৫ দিন আগে
ইউক্রেনে পরমাণু হামলার ঝুঁকি নিয়ে ল্যাভরভের হুঁশিয়ারি
ইউক্রেনে পারমাণবিক উত্তেজনা বৃদ্ধির ঝুঁকির বিষয়ে সতর্ক করে দিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়া সংলাপের জন্য প্রস্তুত।
শুক্রবার সামাজিক এক্স পোস্টে মার্কিন সাংবাদিক টাকার কার্লসনের প্রকাশিত এক সাক্ষাৎকারে রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনা করেন ল্যাভরভ। আলোচনায় ইউক্রেন সংকটসহ বৃহত্তর ভূ-রাজনৈতিক দৃশ্যপটও উঠে আসে।
সম্প্রতি পেন্টাগন এবং ন্যাটোর কিছু কর্মকর্তা রাশিয়ার ওপর সীমিত পরিসরে সম্ভাব্য পারমাণবিক হামলার বিষয়ে মন্তব্য করার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ল্যাভরভ। তিনি জোর দিয়ে বলেন, এ ধরনের যেকোনো পদক্ষেপ উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
২০২২ সালের জানুয়ারিতে পাঁচটি পরমাণু শক্তিধর দেশের নেতাদের যৌথ বিবৃতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘রাশিয়ার সামরিক নীতিও বলে, পারমাণবিক যুদ্ধ এড়ানোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
তিনি ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের বিরুদ্ধে রাশিয়ার দীর্ঘদিনের বিরোধিতার কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, পশ্চিমারা রাশিয়ার জাতীয় নিরাত্তা বারবার উপেক্ষা করে আসছে। ন্যায়সঙ্গত শর্তে সংলাপের জন্য রাশিয়া সবসময়ই প্রস্তুত।
৪৫৫ দিন আগে
ক্যালিফোর্নিয়ায় ৭.০ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের কিছু অংশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর ফলে সুনামি সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস)।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টা ৪৪ মিনিটে উত্তর ক্যালিফোর্নিয়ার হামবোল্ট কাউন্টির ফার্নডেল শহর থেকে ১০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে উপকূলীয় অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।
প্রাথমিকভাবে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হিসেবে জানালেও পরে এটিকে ৭.০ মাত্রায় উন্নীত করে ইউএসজিএস। সমূদ্রপৃষ্ঠের ৬০০ মিটার গভীরে কম্পনের উৎসস্থল চিহ্নিত করা হয়।
ভূমিকম্প আঘাত হানার কয়েক মিনিট পর এনডব্লিউএসের সুনামি সতর্কতার আওতায় পড়েছে ক্যালিফোর্নিয়ার অন্তত ৫৩ লাখ মানুষ। এরপর ওই এলাকা ও সান ফ্রান্সিসকো উপকূল থেকে স্থানীয়দের সরিয়ে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ডেল নর্টে, হামবোল্ট ও মেন্ডোসিনো কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম।
উত্তর ক্যালিফোর্নিয়ায় এখন পর্যন্ত বেশ কয়েকটি স্বল্প মাত্রার আফটারশক হয়েছে।
হামবোল্ট কাউন্টির কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের পর ওই অঞ্চলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে।
৪৫৫ দিন আগে
পাকিস্তানে পৃথক সেনা অভিযানে ৮ সন্ত্রাসী নিহত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে দুটি পৃথক সামরিক অভিযানে আট সন্ত্রাসী নিহত হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনী গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে জানায়, প্রদেশের দুটি পৃথক স্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।
বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়ে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। অভিযানে একজন রিং লিডারসহ দুই সন্ত্রাসী নিহত হয়। এছাড়া, সেখান থেকে আরও দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।
অপর এক অভিযানে প্রদেশের লাক্কি মারওয়াত জেলায় ছয় জঙ্গি নিহত হয়। নিহতরা ওই এলাকায় বেসামরিক নাগরিকদের টার্গেট কিলিংয়ের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল বলে জানায় আইএসপিআর।
বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, দেশজুড়ে কোথাও কোনো সন্ত্রাসীর সন্ধান পাওয়া গেলে তাকে নির্মূল করতে নিরাপত্তাকর্মীরা ক্লিয়ারেন্স অপারেশন পরিচালনা করছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদ নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ।
৪৫৫ দিন আগে
সুদানে আধাসামরিক বাহিনীর হামলায় নিহত ২০
সুদানের পশ্চিমাঞ্চলের উত্তর দারফুর রাজ্যের একটি এলাকায় আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় অন্তত ২০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
বুধবার এ তথ্য জানিয়ে দারফুর অঞ্চলের গভর্নর মিন্নি আরকো মিন্নাভি নিজের ফেসবুক পেজে এক পোস্টে বলেন, ‘আরএসএফ এল ফাশের শহরের দক্ষিণে আবু জেরিগা এলাকায় গণহত্যা চালিয়েছে।’
মঙ্গলবার এ হামলা চালানো হয় বলে জানান মিন্নাভি।
এ ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবিক সংস্থাগুলোকে অপরাধ নথিভুক্ত করতে তদন্ত দল পাঠানো এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে কাজ করার আহ্বান জানান তিনি।
ওই অঞ্চলে গভীর মানবিক সংকটের মধ্যে জীবনযাপন করা জনগোষ্ঠীকে মানবিক সহায়তা প্রদানের প্রচেষ্টা জোরদার করতে ত্রাণ সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান গভর্নর।
তবে হামলায় ২১ বেসামরিক নাগরিক নিহত ও ১৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে বেসরকারি সুদানিজ ডক্টরস নেটওয়ার্ক।
এই হামলার বিষয়ে আরএসএফ কোনো মন্তব্য করেনি।
গত ১০ মে থেকে এল ফাশারে সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) ও আরএসএফের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে।
আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, সুদানে চলমান যুদ্ধে ২৭ হাজার ১২০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছে এবং দেশে ও বিদেশে এক কোটি ৪০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
৪৫৬ দিন আগে