বিশ্ব
গুপ্তচরবৃত্তির দায়ে কিউবার সাবেক অর্থমন্ত্রীর যাবজ্জীবন
কিউবার সাবেক অর্থমন্ত্রী আলেহান্দ্রো হিল ফের্নান্দেসকে গুপ্তচরবৃত্তির দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপরাষ্ট্রটিতে কোনো শীর্ষ সরকারি কর্মকর্তাকে আইনের আওতায় আনার সর্বোচ্চ ঘটনা এটি।
স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) কিউবার সুপ্রিম কোর্টের পপুলার ট্রাইব্যুনাল এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। পাশাপাশি আলাদা মামলায় ঘুষ, নথি জালিয়াতি ও কর ফাঁকিসহ অন্যান্য অপরাধে দোষী প্রমাণিত হওয়ায় হিলকে আরও ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন হিল। প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেলের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি। ২০১৯ সালে তাকে উপ-প্রধানমন্ত্রীও করা হয়।
তবে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাকে পদচ্যুত করা হয়। ওই ঘটনার কয়েক সপ্তাহ পর কিউবার প্রেসিডেন্ট বলেন, হিল ‘গুরুতর ভুল’ করেছেন এবং কোনোভাবেই দুর্নীতি বরদাস্ত করা হবে না। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।
কিউবার সর্বোচ্চ আদালতও সাবেক এই মন্ত্রী ঠিক কী করেছেন বা কার জন্য গুপ্তচরবৃত্তি করেছেন—তা জানায়নি।
২০০৯ সালে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কার্লোস লাগে ও পররাষ্ট্রমন্ত্রী ফেলিপে পেরেস রোকেকে বহিষ্কারের পর কিউবায় এটি সবচেয়ে আলোচিত মামলা। তাদের ক্ষেত্রে সংবেদনশীল তথ্য ফাঁসের অভিযোগ থাকলেও তাদের শাস্তি দেওয়া হয়নি।
২০২১ সালে কিউবার মুদ্রা ও আর্থিক খাতের সংস্কার কার্যক্রমের মুখপাত্র ছিলেন হিল। তৎকালীন সরকারের পক্ষে সে সময় দেশটির মুদ্রাব্যবস্থা একীভূত করার চেষ্টা করেছিলেন তিনি। তবে আগে থেকেই চলতে থাকা অর্থনৈতিক সংকট ও নিত্যপণ্যের ঘাটতিতে ভুগতে থাকা কিউবায় তখন মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করে।
সৃপ্রিম কোর্ট জানায়, হিল নিজ স্বার্থে প্রদত্ত ক্ষমতার অপব্যবহার করেছেন। বিদেশি প্রতিষ্ঠান থেকে তিনি অর্থ গ্রহণ করেছেন এবং অন্য কর্মকর্তাদের ঘুষ দিয়েছেন।
৮৭ দিন আগে
মার্কিন মুসলিম অধিকার গ্রুপকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করলেন ফ্লোরিডার গভর্নর
যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ মুসলিম নাগরিক অধিকার ও অ্যাডভোকেসি গ্রুপ আমেরিকান-ইসলামিক রিলেশন্স কাউন্সিল (কেয়ার)-কে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেছেন ফ্লোরিডার গভর্নর রন ডেস্যান্টিস। টেক্সাসে গত মাসে নেওয়া একই ধরনের সিদ্ধান্তের পর তিনি এ ঘোষণা দিলেন।
স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) এক্স-এ প্রকাশিত এক নির্বাহী আদেশে কেয়ারের বিরুদ্ধে তিনি এই নির্দেশনা জারি করেন। একইসঙ্গে ‘মুসলিম ব্রাদারহুড’কেও একই তকমা দেওয়া হয়।
প্রাদেশিক সরকার ‘সন্ত্রাসী’ তকমা দিলেও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার কেয়ার বা মুসলিম ব্রাদারহুড—কোনোটিকেই ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেনি।
ওই আদেশে ফ্লোরিডার বিভিন্ন সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন এসব সংগঠন বা যেসব ব্যক্তি এদের সহযোগিতা করেছেন, তাদের কোনো ধরনের চুক্তি, চাকরি কিংবা অর্থ বরাদ্দ না দেয়।
গভর্নরের ঘোষণার পর ইমেইলে পাঠানো এক বিবৃতিতে কেয়ারের কেন্দ্রীয় ও ফ্লোরিডা শাখা জানিয়েছে, গভর্নর ডেস্যান্টিসের ‘অসাংবিধানিক’ ও ‘মানহানিকর’ ঘোষণার বিরুদ্ধে তারা মামলা করবে।
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত কেয়ারের যুক্তরাষ্ট্রজুড়ে ২৫টি শাখা রয়েছে।
গত মাসে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট সংগঠনটিকে ‘সন্ত্রাসী’ ঘোষণা দিলে কেয়ার তার বিরুদ্ধেও ফেডারেল আদালতে আবেদন করে। মামলায় তারা বলে, এ ঘোষণা ‘মার্কিন সংবিধানের পরিপন্থী’ এবং এর পক্ষে ‘টেক্সাসের কোনো আইনগত ভিত্তি নেই।’
অন্যদিকে, মিসরভিত্তিক মুসলিম ব্রাদারহুড প্রায় এক শতাব্দী আগে প্রতিষ্ঠিত হয় এবং বিশ্বের নানা দেশে তাদের শাখা রয়েছে। সংগঠনটির নেতারা বলেন, বহু আগেই তারা সহিংসতা পরিত্যাগ করেছেন এবং নির্বাচন ও শান্তিপূর্ণ উপায়ে ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তারা কাজ করেন। তবে সমালোচকেরা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সরকার সংগঠনটিকে হুমকি হিসেবে দেখে।
৮৭ দিন আগে
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব মানতে এখনো প্রস্তুত নন জেলেনস্কি: ট্রাম্প
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তিচুক্তিতে সই করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখনো প্রস্তুত নন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রশাসনের প্রস্তাব নিয়ে মতপার্থক্য কমানোর লক্ষ্যে স্থানীয় সময় শনিবার (৬ ডিসেম্বর) মার্কিন ও ইউক্রেনীয় আলোচকরা তিন দিনের বৈঠক শেষ করার পর জেলেনস্কির সমালোচনা করেন ট্রাম্প। পরের দিন রবিবার রাতে তিনি অভিযোগ করে বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট আলোচনা এগিয়ে নিতে বাধা দিচ্ছেন।
কেনেডি সেন্টারে অনুষ্ঠানে অংশগ্রহণের আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি কিছুটা হতাশ যে প্রেসিডেন্ট জেলেনস্কি এখনো প্রস্তাবটি পড়েননি। অন্তত কয়েক ঘণ্টা আগ পর্যন্ত পরিস্থিতি এমনই ছিল। তার প্রতিনিধিরা এটি পছন্দ করেছে, কিন্তু তিনি পড়েননি।’
তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি রাশিয়া এতে সম্মত আছে, কিন্তু জেলেনস্কির সম্মতি আছে কি না, সে ব্যাপারে নিশ্চিত নই। তার প্রতিনিধিরা এটি পছন্দ করেছে, কিন্তু তিনি এখনো প্রস্তুত নন।’
অন্যদিকে, ট্রাম্প বললেও হোয়াইট হাউসের পরিকল্পনায় এখন পর্যন্ত প্রকাশ্যে অনুমোদন দেননি পুতিন। যদিও মূল খসড়াটি ব্যাপকভাবে মস্কোর পক্ষে ছিল, তবে গত সপ্তাহে তিনি বলেছিলেন যে ট্রাম্পের প্রস্তাবের কিছু দিক গ্রহণযোগ্য নয়।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে জেলেনস্কির সঙ্গে তার সম্পর্ক অনেকটা অম্লমধুর। তবে, ট্রাম্প জোর দিয়ে বলে আসছেন যে এই যুদ্ধ মার্কিন করদাতাদের অর্থের অপচয়। প্রায় চার বছর ধরে চলা এই সংঘাত শেষ করতে তিনি বারবার ইউক্রেনকে রাশিয়ার কাছে ভূমি ছেড়ে দেওয়ার আহ্বানও জানিয়েছেন।
অন্যদিকে, স্থানীয় সময় শনিবার জেলেনস্কি বলেন, ফ্লোরিডায় বৈঠকে থাকা আমেরিকান কর্মকর্তাদের সঙ্গে তার ফলপ্রসূ ফোনালাপ হয়েছে। বৈঠকে থাকা মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা তাকে ফোনে পরিস্থিতির সর্বশেষ তথ্য জানিয়েছেন।
এরপর সামাজিকযোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, ‘প্রকৃত শান্তি অর্জনের লক্ষ্যে ইউক্রেন আমেরিকার সঙ্গে সদিচ্ছার সঙ্গে কাজ চালিয়ে যেতে বদ্ধপরিকর।’
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বার্তা সংস্থা তাসকে বলেছেন, নতুন কৌশলগত চুক্তিটি মস্কোর পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি বলেন, এই চুক্তিতে সংঘাতের বিরুদ্ধে এবং সংলাপ ও ভালো সম্পর্ক গড়ে তোলার পক্ষে বলা হয়েছে। একইসঙ্গে এটি ইউক্রেনের সঙ্গে সমঝোতায় ওয়াশিংটনের আরও গঠনমূলক সহযোগিতার সম্পর্ক গড়ে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গত শুক্রবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত নথিতে বলা হয়েছিল, রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় যুক্তরাষ্ট্র। যুদ্ধ শেষ করা যুক্তরাষ্ট্রের কাছে মূল বিষয়, যাতে রাশিয়ার সঙ্গে কৌশলগত স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা যায়।
গত শনিবার রিগ্যান ন্যাশনাল ডিফেন্স ফোরামে কথা বলার সময় যুক্তরাষ্ট্রের ইউক্রেন-বিষয়ক বিদায়ী দূত কিথ কেলগ বলেন, যুদ্ধ শেষ করার প্রচেষ্টা আর ‘১০ মিটার দূরে’। তিনি বলেন, চুক্তি এখন দুটি প্রধান অমীমাংসিত বিষয়ের ওপর নির্ভর করছে— ‘ভূখণ্ড, মূলত ডনবাস’ এবং জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
রাশিয়া বর্তমানে ডনবাসের (দোনেৎস্ক ও পাশের লুহানস্ক অঞ্চল) অধিকাংশ অংশ নিয়ন্ত্রণ করছে। তিন বছর আগে ইউক্রেনের দক্ষিণের আরও দুটি অঞ্চলের সঙ্গে এই এলাকাগুলো দখল করেছিল রাশিয়া। এ ছাড়া জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ইউক্রেনে আগ্রাসনের শুরু থেকেই রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। অবশ্য বর্তমানে এটি চালু নেই।
এদিকে, আজ (সোমবার) লন্ডনে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির নেতাদের জেলেনস্কির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
৮৮ দিন আগে
অস্ট্রেলিয়ায় দাবানলে ৪০টি বাড়ি ভস্মীভূত, এক ফায়ার ফাইটার নিহত
অস্ট্রেলিয়ার দুই অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে অন্তত ৪০টি বাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে। নিউ সাউথ ওয়েলসে আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় ফায়ার সার্ভিসের কমিশনার ট্রেন্ট কার্টিন জানান, নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের বুলাহডেলা শহরের কাছে রবিবার রাতে একটি দাবানল নেভানোর সময় ৫৯ বছর বয়সী ওই ফায়ার ফাইটারের ওপর গাছ ভেঙে পড়লে তিনি গুরুতর আহত হন। তবে তাকে চিকিৎসা দিয়েও বাঁচানো যায়নি।
রবিবারে লাগা ওই আগুনে সাড়ে ৩ হাজার হেক্টর (৮ হাজার ৬৫০ একর) বনভূমি এবং চারটি বাড়ি পুড়ে গেছে।
কার্টিন বলেন, দাবানল নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীদের আরও কয়েক দিন কাজ চালিয়ে যেতে হবে বলে ধারণা করা হচ্ছে।
৮৮ দিন আগে
সীমান্তে ফের উত্তেজনা, কম্বোডিয়ায় থাইল্যান্ডের বিমান হামলা
যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দোষারোপের মধ্যেই কম্বোডিয়ার সঙ্গে বিতর্কিত সীমান্ত এলাকায় আবারও বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড।
থাই সামরিক বাহিনীর অভিযোগ, সোমবার (৮ নভেম্বর) সকালে থাইল্যান্ডের সিসাকেট প্রদেশে কম্বোডিয়ান বাহিনীর গুলিতে এক থাই সেনা নিহত ও চারজন আহত হয়েছেন। এরপরই বিমান হামলা চালিয়েছে তারা। অন্যদিকে কম্বোডিয়ার দাবি, থাই বাহিনীই প্রথমে হামলা চালায়।
সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধ চলতি বছরের জুলাইয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। পাঁচ দিন ধরে চলা ওই সংঘর্ষে বহু সেনা ও বেসামরিক নাগরিকের মৃত্যু হয়। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দক্ষিণ-পূর্ব এশীয় এই দুই দেশ অক্টোবরে এক যুদ্ধবিরতি চুক্তিতে সই করে। তবে তারপরও উত্তেজনা পুরোপুরি শেষ হয়নি।
সর্বশেষ সংঘর্ষের পর থাই প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কম্বোডিয়া সীমান্ত এলাকা থেকে দেশটির ৩৫ হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে সরে গেছে। এ ছাড়া আরো অনেকে স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছে।
টেলিভিশনে দেওয়া ভাষণে থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল বলেছেন, দেশের প্রতিরক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সামরিক অভিযান পরিচালনা করা হবে।
তিনি বলেন, ‘থাইল্যান্ড কখনো সহিংসতা চায়নি। আমি আবারও বলতে চাই, থাইল্যান্ড কখনো লড়াই বা আগ্রাসন শুরু করেনি। তবে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’
অন্যদিকে, কম্বোডিয়ার তথ্যমন্ত্রী নেথ ফিয়াকত্রা জানিয়েছেন, থাই সীমান্তের কাছে কয়েকটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
রবিবার গুলি বিনিময়ের মাধ্যমে শুরু হয় সংঘর্ষ
নভেম্বরের শুরুর দিকে ল্যান্ড মাইনে কয়েকজন থাই সেনা আহত হওয়ার পর যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে ব্যাংকক। যদিও মাইন অপসারণে তাদের যৌথভাবে কাজ করার কথা, কিন্তু উভয় দেশই একে অপরকে দোষারোপ করে আসছে।
এর মধ্যে গতকাল (রবিবার) সীমান্তে আবারও এক দফা সংঘর্ষ ঘটে। এবারও একে অপরকে দোষারোপ করে দুপক্ষ।
থাই সেনাবাহিনী জানায়, কম্বোডিয়া থেকে চালানো গুলিতে দুই থাই সেনা আহত হয়। এরপর থাই বাহিনী পাল্টা গুলি চালায়। প্রায় ২০ মিনিট ধরে চলে এই গোলাগুলি।
পরে থাই সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল উইন্থাই সুবারি আজ (সোমবার) বলেন, কম্বোডিয়ার সেনারা থাই ভূখণ্ডের একাধিক স্থানে গুলি চালিয়েছে। এতে এক সেনা নিহত ও চারজন আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে বেসামরিক মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে।
‘কম্বোডিয়ার গোলাবর্ষণ দমন করতেই’ থাইল্যান্ডের বিমান বাহিনী কম্বোডিয়ার বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি।
অপরদিকে কম্বোডিয়ার পক্ষ থেকে বলা হয়, থাইল্যান্ড থেকেই প্রথমে গুলি চালানো হয়েছে। তাদের (কম্বোডিয়া) পক্ষ থেকে পাল্টা গুলি পর্যন্ত চালানো হয়নি।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা বলেন, ‘সোমবার থাই বাহিনীই কম্বোডিয়ার সেনাদের ওপর হামলা চালায়। প্রাথমিক আক্রমণের সময় কম্বোডিয়ার পক্ষ থেকে কোনো পাল্টা হামলা করা হয়নি।’
তিনি বলেন, ‘আমাদের দাবি, এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে—থাইল্যান্ড অবিলম্বে যেন এমন সব বৈরী তৎপরতা বন্ধ করে।’
এদিকে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সম্ভাব্য নতুন সংঘর্ষ এড়াতে যেকোনো প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত মালয়েশিয়া।
বিরোধের নেপথ্যে
থাইল্যান্ড ও কাম্বোডিয়ার ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত বহু দশক ধরেই বিরোধপূর্ণ। এ বিরোধের মূল উৎস ১৯০৭ সালে ফরাসি উপনিবেশিক শাসনামলে আঁকা একটি মানচিত্র।
কম্বোডিয়াকে থাইল্যান্ড থেকে আলাদা করতে ওই মানচিত্র তৈরি করা হয়েছিল। ওই মানচিত্র ধরে কিছু এলাকা নিজেদের বলে দাবি করে কম্বোডিয়া। তবে মানচিত্রটি প্রত্যাখ্যান করেছে থাইল্যান্ড।
এর মধ্যে সবচেয়ে বেশি বিরোধ রয়েছে প্রায় এক হাজার বছরের পুরোনো প্রেয়া ভিহেয়ার মন্দির নিয়ে। ১৯৬২ সালে কম্বোডিয়াকে এই মন্দির এলাকার মালিকানা দেয় আন্তর্জাতিক বিচার আদালত। যার ফরে দেশদুটির দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ হয়ে পড়ে।
এরপর ২০১১ সালে নতুন করে সংঘর্ষ বাঁধে, যেখানে ২০ জনের মতো নিহত হন এবং বহু মানুষ বাস্তুচ্যুত হয়। এরপর কম্বোডিয়া আবার বিচার আদালতের দ্বারস্থ হয় এবং ২০১৩ সালে আদালত আবারও তাদের পক্ষে রায় দেয়।
সম্প্রতি কম্বোডিয়া আবার আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হয়েছিল। তবে আদালতের এখতিয়ার মানতে অস্বীকৃতি জানায় থাইল্যান্ড।
৮৮ দিন আগে
দক্ষিণ আফ্রিকার একটি বারে গুলিবর্ষণ, শিশুসহ নিহত ১২
দক্ষিণ আফ্রিকার রাজধানীর কাছে একটি অনুমোদনহীন বারে বন্দুক হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে, যাদের বয়স ৩, ১২ ও ১৬ বছর।
স্থানীয় সময় শনিবার (৬ ডিসেম্বর) ভোরে রাজধানী প্রিটোরিয়ার পশ্চিমে সাওলসভিল শহরের একটি হোস্টেলের ভেতরে অবস্থিত ওই বারে তিনজন বন্দুকধারী হামলা চালায়।
হামলায় ঘটনাস্থলেই ১০ জন নিহত হন এবং আহত অবস্থায় আরও অন্তত ১৩ জনতে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, নিহত শিশুদের মধ্যে রয়েছে ৩ ও ১২ বছর বয়সী দুটি ছেলে এবং ১৬ বছর বয়সী একটি মেয়ে।
দক্ষিণ আফ্রিকার জাতীয় গণমাধ্যম এসএবিসিকে পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার অ্যাথলেন্ডা মাথে বলেন, কমপক্ষে তিনজন অজ্ঞাত বন্দুকধারী এই হোস্টেলে ঢোকে বলে আমরা জানতে পেরেছি। সেখানে বেশ কয়েকজন লোক পানীয় পান করছিলেন। তাদের ওপর হঠাৎ করেই বন্দুকধারীরা নির্বিচারে গুলি চালাতে শুরু করে।’
তিনি জানান, হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়। স্থানীয় সময় ভোর সোয়া ৪টার দিকে গোলাগুলির ঘটনা ঘটলেও পুলিশকে খবর দেওয়া হয় সকাল ৬টার দিকে।
হত্যাকাণ্ডের হারে বিশ্বের সর্বোচ্চ দেশগুলোর একটি দক্ষিণ আফ্রিকা। ২০২৪ সালে দেশটিতে ২৬ হাজারের বেশি হত্যাকাণ্ড ঘটে, অর্থাৎ গড়ে দিনে ৭০টিরও বেশি। এসব হত্যাকাণ্ডে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আগ্নেয়াস্ত্র।
৬ কোটি ২০ লাখ মানুষের এই দেশটিতে বন্দুকের লাইসেন্স পেতে তুলনামূলকভাবে কঠোর আইন রয়েছে। তবে অবৈধ অস্ত্র দিয়ে অধিকাংশ হত্যাকাণ্ড ঘটে বলে জানায় কর্তৃপক্ষ।
সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ আফ্রিকায় বারগুলোতে একাধিক গণগুলিবর্ষণের ঘটনা ঘটেছে, স্থানীয়ভাবে যেগুলোকে ‘শিবিন’ বা ‘ট্যাভার্ন’ বলা হয়। ২০২২ সালে জোহানেসবার্গের সোয়েটো শহরে এমনই এক ঘটনায় ১৬ জন নিহত হন। একই দিনে আরেক প্রদেশের একটি বারে গুলিবর্ষণে নিহত হন আরও ৪ জন।
মাথে বলেন, অনুমোদনহীন বারগুলোতে গুলিবর্ষণের ঘটনা ক্রমেই বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। চলতি বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে পুলিশ ১১ হাজারের বেশি অবৈধ ট্যাভার্ন বন্ধ করেছে এবং মদ ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৮ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে।
৮৯ দিন আগে
গ্রিসের ক্রিট দ্বীপের কাছে নৌকাডুবি, অন্তত ১৮ অভিবাসী নিহত
গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে একটি ফোলানো নৌকা উল্টে গিয়ে কমপক্ষে ১৮ জন অভিবাসী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার (৬ ডিসেম্বর) তুরস্কের একটি বাণিজ্যিক জাহাজ ডুবতে থাকা নৌকাটিকে দেখতে পায়। এরপর তারা গ্রিস কর্তৃপক্ষ জানায়।
নৌকাটিতে আরও কেউ ছিল কিনা, তা জানতে উদ্ধার অভিযান চলছে। নৌকাটি কোথা থেকে ছেড়ে এসেছিল, তা এখনো নিশ্চিত করতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ। অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের একটি জাহাজ ও একটি উড়োজাহাজ, গ্রিক কোস্টগার্ডের একটি হেলিকপ্টার এবং তিনটি বাণিজ্যিক জাহাজ অংশ নিয়েছে।
মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার দারিদ্র্য ও সংঘাতপীড়িত অঞ্চল থেকে পালিয়ে আসা মানুষের জন্য ইউরোপের দেশগুলোতে প্রবেশের অন্যতম প্রধান পথ গ্রিস উপকূল। তবে এ যাত্রাপথে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে থাকে।
ঝুঁকিপূর্ণ হলেও অল্প দূরত্ব হওয়ায় ফোলানো ডিঙ্গি বা ছোট নৌকায় করে তুরস্কের উপকূল থেকে গ্রিসের নিকটবর্তী দ্বীপগুলোতে যাতায়াতের এই নৌপথ ছিল অভিবাসনপ্রত্যাশীদের প্রধান রুট। তবে স্থানীয় নৌ-পুলিশের টহল বৃদ্ধি এবং ক্রমাগত পুশব্যাকের কারণে সম্প্রতি এই পথে অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের চাপ কমে গেলেও বিকল্প পথ হিসেবে গত কয়েক মাসে লিবিয়া থেকে ক্রিট দ্বীপে তাদের আনাগোনা বেড়েছে।
৮৯ দিন আগে
ভারতের গোয়ায় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৫
রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভারতের গোয়া রাজ্যের একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় পর্যটকসহ অন্তত ২৫ জন নিহত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) মধ্যরাতের পরপর উত্তর গোয়ার আরপোরা এলাকায় অবস্থিত ওই নাইটক্লাবে এই অগ্নিকাণ্ড ঘটে।
রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত আজ (রবিবার) জানিয়েছেন, নিহতদের অধিকাংশই ক্লাবটির রান্নাঘরের কর্মী। এ ছাড়া তিন থেকে চারজন পর্যটকও রয়েছেন। অগ্নিকাণ্ডে আরও অন্তত ছয়জন আহত হয়েছেন। তবে তারা আশঙ্কামুক্ত আছেন বলে তিনি জানান।
স্থানীয় পুলিশের বরাতে ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সময় ক্লাবটির নাচের ফ্লোরে অন্তত ১০০ জন উপস্থিত ছিলেন। আতঙ্কের কারণে অনেকেই নিচতলার রান্নাঘরের দিকে ছুটে গেলে কর্মীদের সঙ্গে তারাও আটকা পড়েন।
আগুন ইতোমধ্যে নির্বাপণ করা হয়েছে এবং সব মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তাদের উদ্ধৃত করে বার্তা সংস্থাটির খবরে আরও বলা হয়েছে, আরপোরা নদীর তীরে অবস্থিত ক্লাবটির প্রবেশ ও বের হওয়ার পথ ছিল অত্যন্ত সরু। এর ফলে ফায়ার সার্ভিসের টিমকে প্রায় ৪০০ মিটার দূরে পানি সরবরাহকারী ট্যাংকার রাখতে হয়। ঘটনাস্থলে যাতায়াতের পথ খুব বেশি প্রশস্ত না হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগে যায়।
স্থানীয় গ্রাম পরিষদের কর্মকর্তা রোশন রেডকার পিটিআইকে বলেন, ক্লাবটি নির্মাণের অনুমোদন না থাকায় বেশ আগেই এটি ভেঙে ফেলার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরে সেই নির্দেশ প্রত্যাহার করে নেয়।
আগুন লাগার সঠিক কারণ এবং ভবনটি নির্মাণে অগ্নিনিরাপত্তা ও নির্মাণবিধি সঠিকভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা জানতে রাজ্য সরকার তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সাওয়ান্ত।
সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন। সেখানকার পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সাওয়ান্তের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন তিনি।
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মোদি বলেছেন, ক্ষতিগ্রস্তদের রাজ্য সরকার ‘সম্ভাব্য সব ধরনের সহযোগিতা’ করছে।
৮৯ দিন আগে
ভ্রমণ নিষেধাজ্ঞা ৩০টির বেশি দেশে সম্প্রসারিত করবে যুক্তরাষ্ট্র
নির্দিষ্ট কিছু দেশের নাগরিকের ওপর যে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তা আরও বাড়িয়ে ৩০টিরও বেশি দেশে করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি দেশটির ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে লক্ষ্য করে গুলির ঘটনার পর অভিবাসন নীতিতে ব্যাপক পরিবর্তনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে ফক্স নিউজের উপস্থাপক লরা ইনগ্রাহামকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তামন্ত্রী ক্রিস্টি নোম এ কথা জানান।
এর আগে, চলতি সপ্তাহের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নোম জানান, চলমান এই বিধিনিষেধ চলতি বছরের জুনে ট্রাম্প প্রশাসনের ঘোষিত ভ্রমণ নিষেধাজ্ঞার ওপর ভিত্তি করে দেওয়া হচ্ছে।
জাতীয় নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে এ বছরের জুন মাসে ১২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞা দেয় ট্রাম্প প্রশাসন। সেইসঙ্গে সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করা হয়।
আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের ওপর তখন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। আর বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলার নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার সীমিত করা হয়।
চলতি সপ্তাহেই ওই ১৯টি দেশের নাগরিকদের ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে ট্রাম্প প্রশাসন। এই স্থগিতাদেশের ফলে দেশগুলোতে গ্রিন কার্ডের আবেদন থেকে শুরু করে নাগরিকত্ব পাওয়ার আবেদনসহ সব ধরনের অভিবাসন-সংক্রান্ত সিদ্ধান্ত সাময়িকভাবে বন্ধ রয়েছে।
তবে এই তালিকায় নতুন করে আর কোন কোন দেশ যুক্ত হবে, সে ব্যাপারে বিস্তারিত কিছু না বলে তিনি জানান, বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মূল্যায়ন করছেন।
৯০ দিন আগে
ইউক্রেন শান্তি চুক্তি যে আর দূরে নয়, তা নিশ্চিত: ক্রেমলিন
ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনা গঠনমূলক হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জ্যেষ্ঠ উপদেষ্টা ইউরি উশাকভ। তবে সফল চুক্তিতে পৌঁছাতে আরও কাজ বাকি আছে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় বুধবার (৩ ডিসেম্বর) ক্রেমলিনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে পাঁচ ঘণ্টাব্যাপী বৈঠক শেষে তিনি একথা জানান উশাকভ।
শান্তি চুক্তিতে পৌঁছার জন্য ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে সাক্ষাৎ করেন পুতিন। তবে কোনো পক্ষই আলোচনার ব্যাপারে বিস্তারিত কিছু প্রকাশ করেনি।
উশাকভ এই আলোচনাকে কার্যকর, গঠনমূলক ও বাস্তবসম্মত বলে অভিহিত করেছেন। সুনির্দিষ্ট বিষয়ে আলোচনার পরিবর্তে শান্তি চুক্তির কাঠামো নিয়ে তারা আলোচনা করেছেন বলে জানান তিনি।
শান্তি চুক্তির বিষয়ে জিজ্ঞাসা করা হলে পুতিনের এই উপদেষ্টা বলেন, ‘সেটি যে আর দূরে নয়, তা নিশ্চিত।’
তিনি বলেন, ‘তবে মস্কো ও ওয়াশিংটনে এখনো অনেক কাজ বাকি আছে। এ বিষয়ে উভয় পক্ষই সম্মত হয়েছে এবং যোগাযোগ অব্যাহত থাকবে।’
৯৩ দিন আগে