বিনোদন
তৃতীয় পক্ষ আমার সংসারটাকে ধ্বংস করে দিয়েছে: বুবলির উদ্দেশে অপু
চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলি বিভিন্ন সময় একে অপরের বিরুদ্ধে কথা বলে সমালোচনার জন্ম দিয়েছেন। কিছুদিন আগেও অপুর একটি ফোনালাপ ফাঁসের পর বিষয়টি আবারও মাথাচাড়া দিয়ে উঠে। এ নিয়ে কম জল ঘোলা হয়নি।
আবারও সেই পথেই হাঁটলেন অপু। তার ফেসবুক লাইভে বুবলিকে নিয়ে নানা সমালোচনা করেন এই নায়িকা।
১৭ ডিসেম্বর ভোরে নিজের ফেসবুক পেজে ২৮ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন অপু।
আরও পড়ুন: ভিউ বাড়ানোর প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা: অপু বিশ্বাস
ওই ভিডিওবার্তার এক অংশে অপু বিশ্বাস বলেন, ‘এই যে তার (ফারজানা মুন্নী) সংসারে টানাপোড়েন, সেই একই তৃতীয় পক্ষ। যে তৃতীয় পক্ষ আমার সংসারটাকে ধ্বংস করে দিয়েছে। সরি টু সে ভাবি, আপনি যেমন একটি ইনফরমেশন দিয়েছেন যে, একটি ফোন এসেছে রাত ৩টায়। সেখানে অপু বিশ্বাস লেখা। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, ট্রু-কলারে যে নামটা দিয়ে রেজিস্ট্রার করা হয়, সে নামটা ভেসে আসে। আমার নম্বরটি থেকে যদি আপনার নম্বরে কল যায়, তাহলে ওখানে নাম উঠবে আব্রাহাম খান। কারণ, আমার ওইভাবে রেজিস্ট্রি করা। মুন্নী ভাবি আমাকে প্রথমে ফোন করেছিল মোবাইল ফোনে। তখন তাকে হোয়াটসঅ্যাপে ফোন করতে বলি। কারণ, বিষয়টি সেনসিটিভ। আমার সঙ্গে কিন্তু উনার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে।’
কী কথা হয়েছিল তাদের মাঝে সেটা উল্লেখ করে এই নায়িকা বলেন, উনি (ফারজানা মুন্নী) এতটা ডিস্টার্ব ছিল যে, আমার কোনো কথাই বলতে হয়নি। নিজেই বলছিল।
তিনি আমাকে বলেছেন ‘আমি আর এই সংসারে থাকব না’।
আমি তখন তাকে বলেছি, ভাবি আপনি আমাকে অপু ডেকেছেন না! আমাকে আদর করেছেন না! ওই ‘মহিলা’র (বুবলী) ইনটেনশন হচ্ছে, প্রতিটা সংসার ভাঙা। শাকিব অত্যন্ত সরল-সোজা একজন মানুষ। সেই সরল-সোজা মানুষকে যা-তা করে ইউজ করতে পেরেছে সাইনবোর্ডের মতো।
আমি আপনার ক্ষেত্রে এমনটা হতে দেব না। দরকার হলে বলেন, আমি ভাইয়ার সঙ্গে কথা বলব। আপনি ভাইয়াকে ছেড়ে যাবেন, এটা স্বপ্নেও চিন্তা করবেন না। আপনি যদি এই কাজ করেন, তাহলে এখনই ফোনটা কেটে দেব।
আমি যখন তাকে বললাম, আমি ভাইয়ার সঙ্গে কথা বলি। তখন ভাবি বলল, অপু তোমাকে সে তার কাছে এতটা খারাপ বানিয়েছে যে, তুমি কীভাবে কথা বলবা। সেই স্পেসটাই তো রাখেনি। আমার বাচ্চাকে নিয়ে সে (বুবলী) বাজে মন্তব্য করেছে।
এরপর বুবলীকে ‘পচা আলু’ নাম দিয়ে অপু বিশ্বাস বলেন, ‘একটা ভালো রুমের মধ্য পচা আলু থাকলে সেটা গন্ধ ছড়াবেই। যেই গন্ধটা আমার পরিবারকে উই পোকার মতো খেয়ে অন্য একটা পরিবারে ঢুকেছে। আজকে আপনারা (ফারজানা মুন্নী-তাপস) বা আমি-শাকিব অপরপ্রান্ত হয়ে কথা বলছি, সেটা তো ওই পচা আলুর জন্যই। যেহেতু ওই পচা আলু হাতে ধরে ফেলেছেন, গন্ধ তো ছড়াবেই।’
অপু শেষে বলেন, ‘আলুর গন্ধের জন্য আমার পরিবারটা নষ্ট হয়েছে। মন থেকে দোয়া করি আপনি ও ভাইয়া ভালো থাকেন। আপনারা ভালোভাবে চলেন। আপনারা ভালো-মন্দ যেটাই বলেন, পরিবার সবার আগে তারপর সবকিছু। আমার কাছেও আমার পরিবার আগে। তারপর সবকিছু। উপস্থাপকও হয়ত একটু বোকার মতো কাজ করেছেন। সে হয়ত চেয়েছেন আমাকে আপনাদের কাছে বাজেভাবে উপস্থাপন করতে। তাতে আমার সমস্যা নেই। আমার পরিবারের লোকজন জানেন আমি কেমন। সবশেষে বলব, হ্যাপি থাকুন। আর এই পচা আলুর গন্ধ যেন আর কোনো পরিবারকে নষ্ট করতে না পারে সেটা মাথায় রাখুন।’
আরও পড়ুন: অপু বিশ্বাসের মায়ের মত্যু
ভোলায় নির্বাচনী প্রচারণায় ফেরদৌস ও অপু বিশ্বাস
৯০০ দিন আগে
নতুন বছরে সাইমনের ‘শেষ বাজি’
২০২৪ সালের শুরুতেই প্রেক্ষাগৃহে নতুন সিনেমা নিয়ে হাজির হতে যাচ্ছেন চিত্রনায়ক সাইমন সাদিক।
‘শেষ বাজি’ শিরোনামে সিনেমাটির পোস্টার এরইমধ্যে প্রকাশ পেয়েছে। যেখানে নতুন এক লুকে দেখা যাচ্ছে সাইমনকে।
৩০ অক্টোবর সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া ‘শেষ বাজি’ মুক্তি পাবে ১৯ জানুয়ারি। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। মানুষের জীবনে জুয়া খেলার প্রভাবকে কেন্দ্র করে গড়ে উঠেছে থ্রিলার ঘরানার সিনেমা ‘শেষ বাজি’র কাহিনি।
সাইমন সাদিক সিনেমাটি নিয়ে ইউএনবিকে বলেন, ‘এখন তো সিনেমার গল্পের সময় বদলেছে। দর্শক পর্দায় ভিন্ন আভাস চায়। এই সিনেমার গল্পটিও তেমন। কাজটি যত্ন ও সময় নিয়ে করেছি। বছরের শুরুতে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শকদের ভালো লাগবে আশা করি।’
আরও পড়ুন: রাফির পরিচালনায় শাকিব খানের ‘তুফান’
রিকুয়্যাল রিয়েল এস্টেট লিমিটেডের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন সৈয়দ মোহাম্মদ সোহেল।
তিনি গণমাধ্যমে জানান, গতানুগতিক প্রেমের গল্পের বাইরে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। আশা করি দর্শকদের ভালো লাগবে। আনন্দ নিয়ে সবাই হল থেকে বের হবেন।
সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন পারভেজ সুমন। এতে আরও অভিনয় করেছেন শিরিন শিলা, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সিলভি, সাবেরী আলম প্রমুখ।
আরও পড়ুন: শুরু হচ্ছে ‘রাজকুমার’ সিনেমার শুটিং
৯০০ দিন আগে
একইদিনে বাংলাদেশের হলেও ‘ডাঙ্কি’?
চলতি বছর শাহরুখ খানের আরও একটি সিনেমা মুক্তি পাচ্ছে। সেটি এরইমধ্যে সবার জানা। ‘ডাঙ্কি’ দিয়ে প্রথমবার রাজকুমার হিরানির পরিচালনায় দেখা যাবে শাহরুখকে। আর সিনেমাটি রবিবার (১৭ ডিসেম্বর) সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে গেল। এখন শুধু অপেক্ষা ২২ ডিসেম্বরের।
পুরো বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের দর্শক দেখবে ‘ডাঙ্কি’। এমনটাই আভাস দিলেন ‘পাঠান’, ‘জাওয়ান, ‘অ্যানিমেল’ আমাদানি করা প্রতিষ্ঠানের অনন্য মামুন। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এমনটা জানান তিনি।
২ ঘণ্টা ৪১ মিনিটের সিনেমা ‘ডাঙ্কি’র ট্রেলার ইতোমধ্যে সাড়া ফেলেছে। শাহরুখের অন্য সিনেমার চেয়ে ‘ডাঙ্কি’ নিয়ে আগ্রহের মূল কারণ পরিচালক রাজকুমার হিরানি। বলিউডের এই মাস্টারপিস ডিরেক্টরের ছোঁয়ায় নতুন এক শাহরুখকে দেখা যাবে বলে বিশ্বাস ভক্তদের।
এই সিনেমায় আরও অভিনয় করেছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি।
আরও পড়ুন: পাঠান মুভি রিভিউ: বলিউড কিং শাহরুখ খানের অভিজাত প্রত্যাবর্তন
সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরলেন শাহরুখ খান!
৯০০ দিন আগে
বিজয় দিবসে জোভান-ফারিণের ‘প্রেম ৭১’
বর্তমানে বড়পর্দা ও ওটিটি নিয়ে বেশ ব্যস্ত অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তবে এরমধ্যে বিজয় দিবসের জন্য একটি নাটকে অভিনয় করলেন তিনি। জুটি বেঁধেছেন জোভানের সঙ্গে।
গল্পের সময়টা ১৯৭১। মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। গ্রামের মানুষ দলে দলে বসত ভিটা ছেড়ে পালাচ্ছে। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীরা প্রাণভয়ে পাড়ি জমাচ্ছে সীমান্তের ওপারে।
আরও পড়ুন: রাফির পরিচালনায় শাকিব খানের ‘তুফান’
ফারিণও তার বাবার সঙ্গে দেশ ছাড়ার জন্য বেরিয়েছে। হিন্দু ধর্মাবলম্বী হওয়া সত্তেও পাকবাহিনীর হাত থেকে রক্ষার জন্য ফারিণের বাবা মাথায় টুপি পরেছেন। যাওয়ার পথে জোভানের সামনে পড়ে তারা।
জোভান পীর বংশের ছেলে। সব সময় পাঞ্জাবি টুপি পরে থাকে। ফারিণকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে সে। জোভানের মা খুব কট্টর ধার্মিক। ধর্মের দোহাই দিয়ে তিনি পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের এলাকায় আসা পাকবাহিনীর সেবায় তিনি নিবেদিত। ছেলে জোভানকেও তিনি তার মতো করে চলতে কড়াকড়ি আরোপ করেন।
কিন্তু ছেলে তার সবকিছু মেনে নিতে নারাজ।
এদিকে, পথ চলতে চলতে ক্লান্ত হয়ে রাতে এক ভাঙা বাড়িতে আশ্রয় নেয় ফারিণ ও তার বাবা। প্রিয় মাতৃভূমি ছেড়ে যেতে মন চায় না ফারিণের। সকালে কলপাড়ে পানি আনতে গেলে আবার জোভানের মুখোমুখি হয় সে। জোভান তার প্রেমে পড়ে যায়। ফারিণও একটা আকর্ষণবোধ করে। কিন্তু সে জানে ধর্মীয় কারণে তাদের সম্পর্ক সম্ভব নয়। তাই জোভানকে ফিরিয়ে দিতে চায়।
জোভান তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। বিষয়টা বুঝতে পেরে তার মা এক রাতে পাকবাহিনীকে সঙ্গে নিয়ে ফারিণদের বাড়িতে যায়।
এরপর কী হয় তাদের পরিণতি-দেখা যাবে টেলিফিল্ম ‘প্রেম ৭১’-এ।
শাহজাহান সৌরভের রচনায় এটি পরিচালনা করেছেন সকাল আহমেদ।
এতে আরও অভিনয় করেন- এস এম মহসীন, সাবেরী আলম প্রমুখ।
বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর (শনিবার) রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে টেলিফিল্মটি।
আরও পড়ুন: মোবারক হয়ে পর্দায় আসছেন মোশাররফ করিম
নির্বাচনী কার্যক্রম শুরু করলেন মাহি
৯০২ দিন আগে
মোবারক হয়ে পর্দায় আসছেন মোশাররফ করিম
মোশাররফ করিম কে নিয়ে ‘মোবারকনামা’ নামে আরও একটি অনবদ্য ওয়েব সিরিজ আনতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই।
গোলাম সোহরাব দোদুল পরিচালিত হইচই অরিজিনাল সিরিজ ‘মোবারকনামা’ ২১ ডিসেম্বর থেকে দেখা যাবে। সম্প্রতি প্রকাশ পেয়েছে এর ট্রেলার।
‘মোবারকনামা’ নিয়ে মোশাররফ করিম বলেন, ‘পর্দায় এখন পর্যন্ত আমার অভিনীত প্রিয় চরিত্রগুলোর মধ্যে মোবারক চরিত্রটি অন্যতম। দর্শকদের ভালোবাসা, ইতিবাচক প্রতিক্রিয়া ও প্রশংসা আমার এবং পুরো মোবারকনামা টিমের জন্য অনেক ভালোলাগার একটা বিষয়। দর্শকরা সাধারণত আমাকে যেভাবে দেখে অভ্যস্ত তার চেয়ে খুব আলাদা একটি চরিত্র এটি আর ট্রেইলারটি তার এক ঝলকমাত্র। যদিও মোবারকনামা স্ট্রিমিংয়ের আগে আমি খুব বেশি কিছু প্রকাশ করতে পারি না, তবে আমি এইটুকু বলতে পারি যে দর্শকরা মোবারোকের গল্পটি, যেভাবে উন্মোচিত হবে তা পছন্দ করবে এবং এমন চরিত্র ভবিষ্যতে আরও দেখতে চাইবে। আমরা সবসময় দর্শকের জন্য কাজ করে যাই, কাজটা তাদের ভালো লাগলেই কাজ করাটা সার্থক হয়।’
গোলাম সোহরাব দোদুল ‘মোবারক’র চরিত্রটি নিয়ে বলেন, ‘মোবারক একসময়ের অত্যন্ত সফল আইনজীবী যিনি অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন। কিন্তু হঠাৎ একটি চাঞ্চল্যকর ঘটনা তাকে কাঁপিয়ে দেয়। ঘটনাটি তাকে এমনভাবে প্রভাবিত করে যে এই ধরনের মামলায় তার পরাজয় নিশ্চিত তা জেনেও তিনি আইনজীবী হয়ে আবারও আদালতে ফিরে আসেন।’
৯০৫ দিন আগে
নির্বাচনী কার্যক্রম শুরু করলেন মাহি
অভিনয়ের চেয়ে রাজনীতি নিয়ে এখন ব্যস্ত চিত্রনায়িকা মাহিয়া মাহি। আসন্ন জাতীয় নির্বাচনের প্রার্থীও তিনি। তবে শুরুতে মনোনয়ন বাতিল করা হয়েছিল তার। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন এই তারকা।
প্রার্থিতা ফিরে পেতেই মাহি চলে যান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিস্থলে। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন মাহি।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত করে আমার নির্বাচনী কার্যক্রম শুরু করলাম। সবার কাছে দোয়া চাই আমি যেন আগামী ৭ জানুয়ারি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে আমার নির্বাচনী এলাকার জনগণের সেবা করতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
ফেসবুকে পোস্টের সঙ্গে কয়েকটি ছবিও প্রকাশ করেছেন মাহি। যেখানে দেখা যাচ্ছে জাতির পিতার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করছেন তিনি।
উল্লেখ্য, রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন মাহি। তবে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। তবে দল মনোনয়ন না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাহি।
৯০৫ দিন আগে
রাফির পরিচালনায় শাকিব খানের ‘তুফান’
বড় সিনেমা, বড় প্রযোজক, বড় পরিচালক, বড় নায়ক- সব মিলিয়ে বড় পর্দায় ঝড় তুলতে আসছে ‘তুফান’। যেন সব জল্পনা, কল্পনা, গুঞ্জনের অবসান হলো। এবার রায়হান রাফীর পরিচালনায় বড় পর্দায় আছে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান।
বাংলা চলচ্চিত্রে ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। দুই বাংলার চলচ্চিত্রের কলাবোরেশন নিয়ে আলফা আই, চরকি ও ভারতীয় স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ফিল্মস এবার এক হয়েছে। এরই মধ্যে ঘোষণা করা হলো, এই তিন প্রতিষ্ঠানের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে বড় পর্দার দুটি সিনেমা।
আরও পড়ুন: বিনা কর্তনে চলছে ‘অ্যানিমেল’, আটকে আছে ‘কাঠগোলাপ’
সোমবার (১১ ডিসেম্বর) রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে বিকেল ৫টায় আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। সেখানেই ঘোষণা দেওয়া হয় ‘তুফান’-এর। আগামী ঈদ-উল-আজহায় মুক্তি পাবে সিনেমাটি। গত ৯ ডিসেম্বর ঘোষণা দেওয়া হয় রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’-এর। যেই সিনেমার মূল চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।
পরিচালক রায়হান রাফী সিনেমাটা নিয়ে বলেন, ‘আমি খুবই এক্সসাইটেড। কারণ একসঙ্গে আলফা, এসভিএফ ও চরকি- তিনটা বড় প্রতিষ্ঠান এক সুতোয় গেঁথে দুইটা সিনেমা বানাচ্ছে। আমাদের বাংলাদেশের একমাত্র সুপারস্টার শাকিব খান তার সঙ্গে এটা আমার প্রথম সিনেমা। সবচেয়ে বড় তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান, একজন সবচেয়ে বড় সুপারস্টার যখন একসঙ্গে হয় তখন আসলে এই সিনেমা নিয়ে আশা করাই যায়। কেবল তো আমরা কাজ শুরু করলাম। সবার দোয়া চাই। তবে এটা নির্দ্বিধায় বলতে পারি তুফান বাংলা সিনেমার জন্য একটা মাইলফলক হতে যাচ্ছে।'
শাকিব খান নিজেও বেশ আনন্দিত কাজটির সঙ্গে যুক্ত হয়ে। তিনি বলেন, ‘আমি সব সময় বলেছি, বাংলাদেশি সিনেমার সম্ভাবনা অপার। শুধু দেশে নয়, দেশের বাইরেও বড় একটা বাজার আছে। সারা বিশ্বে ৩০ কোটি বাংলা ভাষাভাষী রয়েছেন, তাদের শুধু ভালো মানের সিনেমা উপহার দিতে হবে। তিনটা বড় প্রযোজনা প্রতিষ্ঠান যখন এক হয় তখন সম্ভাবনাটা আরও বড় হয়। বাকিটা সিনেমাপ্রেমীরাই ঠিক করে নেবেন।’
এসভিএফ-এর ডিরেক্টর ও কো-ফাউন্ডার মহেন্দ্র সোনি বলেন, ‘আমরা বাংলা সিনেমায় একটি নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে। কারণ এসভিএফ, আলফা-আই, চরকি ও মেগাস্টার শাকিব খানকে সঙ্গে নিয়ে এমন একটি প্রযোজনা সামনে আনতে যাচ্ছি; যা গল্প বলার স্কেলকে পুনরায় সংজ্ঞায়িত করবে। এই কলাবরেশন বাংলা চলচ্চিত্রকে অভূতপূর্ব বৈশ্বিক উচ্চতায় পৌঁছে দিতে প্রস্তুত। যা আমাদের সবার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এসভিএফ বাংলাদেশে কান্ট্রি হেড সাকিব আর খান, চরকি ও আলফা-আইয়ের কর্মকর্তাসহ সাংবাদিকরা।
আরও পড়ুন: শুরু হচ্ছে ‘রাজকুমার’ সিনেমার শুটিং
চরকির পর্দায় যৌথ প্রযোজনার ‘দম’
৯০৬ দিন আগে
শুরু হচ্ছে ‘রাজকুমার’ সিনেমার শুটিং
শাকিব খানের সঙ্গে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির জুটি নিয়ে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা এসেছিল বেশ আগে। তবে এতদিন এ নিয়ে কোনো আলোচনা ছিল না। এরমধ্যে শাকিবের কয়েকটি সিনেমা মুক্তি পেয়ে যায়। অবশেষে শুরু হতে যাচ্ছে সিনেমাটির শুটিং।
কোর্টনি কফি এরইমধ্যে ঢাকায় এসেছেন ‘রাজকুমার’ এর শুটিংয়ে অংশ নিয়ে। রবিবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে গিয়েছিলেন শাকিব ও কফি। সেখানেই ফ্রেমবন্দি হন তারা আর সেখানেই খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেন সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ।
আরও পড়ুন: বলিউডেও দ্যুতি ছড়ালেন জয়া
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কফির সঙ্গে শাকিব ছবি পোস্ট করে লিখেছেন ‘রাজকুমার’ আসছে।
হিমেল আরও জানান, মঙ্গলবার (১২ ডিসেম্বর) থেকে ঢাকায় শুরু হবে ‘রাজকুমার’ সিনেমার শুটিং। শুটিং হবে পাবনা ও আমেরিকায়। সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর রোজার ঈদে।
উল্লেখ্য, বঙ্গভবনে অনুষ্ঠিত হওয়া রাষ্ট্রপতির জন্মদিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রযোজক আরশাদ আদনান, হিমেল আশরাফ, অভিনেতা চঞ্চল চৌধুরী, ‘প্রিয়তমা’র নায়িকা ইধিকা পাল ও কণ্ঠশিল্পী কোনাল।
আরও পড়ুন: বিনা কর্তনে চলছে ‘অ্যানিমেল’, আটকে আছে ‘কাঠগোলাপ’
চরকির পর্দায় যৌথ প্রযোজনার ‘দম’
৯০৬ দিন আগে
বিনা কর্তনে চলছে ‘অ্যানিমেল’, আটকে আছে ‘কাঠগোলাপ’
বিজয়ের মাস ডিসেম্বর চলছে। এই মাসে দুই একটি হলেও দেশকে কেন্দ্র করে বাংলা সিনেমা মুক্তি পেত। গত কয়েক বছরে সেই চর্চা কমেছে। চলতি মাসে এখন পর্যন্ত মুক্তির তালিকায় কোনো বাংলা সিনেমা নেই। শুধু কী তাই! ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছাড়া দেশের কোনো হলে বাংলা সিনেমা প্রদর্শনীর তালিকায় নেই। তবে বেশ চলছে সম্প্রতি আমদানি করা সিনেমা ‘অ্যানিমেল’।
বিজয়ের মাসে ‘অ্যানিমেল’ চললেও বাংলা সিনেমা ‘কাঠগোলাপ’ এর সেন্সর আটকে আছে। সেটিও প্রায় দুমাস। এ নিয়ে ফেসবুক লাইভে বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেন পরিচালক সাজ্জাদ খান। তিনি বলেন, ‘‘অদ্ভুত কারণে ‘কাঠগোলাপ’ সেন্সর বোর্ডে আটকে আছে। বোর্ডের ভাইস চেয়ারম্যান সাহেব কী কারণে এটি আটকে রেখেছেন জানি না। তবে তিনি ঠিকই ‘অ্যানিমেল’ বুঝেছেন। আমার মনে হয় ‘অ্যানিমেল’ যদি দেশের কোনো পরিচালক বানাতেন সেটা এই ভাইস চেয়ারম্যান সাহেব কখনো মুক্তি দিতেন না। এটিকে ব্যান্ড করা হতো। বাংলাদেশে আড়াই ঘণ্টার সিনেমা অ্যানিমেল-এ প্রচুর পরিমাণ ‘ভায়োলেন্স’ রয়েছে। আমি হয়তো ছবি আর বানাব না। কারণ এভাবে ছবি হয় না।”
সাজ্জাদ আরও বলেন, ‘আমার ছবিতে দেশবিরোধী কোনো কিছু নেই। সেন্সরে আটকে যাওয়ার মতো কিছুই নেই। অনেক উৎসবে যাচ্ছে ছবিটি। কিন্তু নিজ দেশে দেখাতে পারছি না।’
এই পরিচালকের মতোই চাপা ক্ষোভ বয়ে বেড়াচ্ছেন দেশের অনেক পরিচালক-প্রযোজকরা। প্রায় সাড়ে ৪ বছর ধরে সেন্সরে আটকে রয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’। সিনেমাটি মুক্তির জন্য নির্মাতা অনেক দৌড়ঝাঁপ করলেও অনুমতি পাননি।
সেন্সরবোর্ডের এই সিনেমা আটকে দেওয়ার তালিকায় সম্প্রতি আলোচনা তৈরি করেছিল মোস্তফা সরওয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’। প্রায় এক যুগ আটকে রয়েছে এনামুল করিম নির্ঝরের ‘নমুনা’। আরও রয়েছে আলোচনায় থাকা ‘রানা প্লাজা’, ‘মর থেঙ্গারি’, ‘হরিবোল’, ‘ধাবমান’।
তালিকা ক্রমশ বড় হচ্ছে। অথচ ঈদ ছাড়া পুরো বছরের সিনেমার বাজার এখন যাচ্ছে হিন্দি সিনেমার দখলে। কারণ ‘পাঠান’, ‘জাওয়ান, ও ‘অ্যানিমেল’ এর পর শাহরুখের ‘ডানকি’ যে এখন সময়ের অপেক্ষা মাত্র সেটি তো বলাই যায়।
৯০৭ দিন আগে
চরকির পর্দায় যৌথ প্রযোজনার ‘দম’
দুই বাংলার চলচ্চিত্রের কোলাবোরেশন নিয়ে আলফা আই, চরকি ও ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ফিল্মস এবার এক হয়েছে। এই তিন প্রতিষ্ঠানের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে বড় পর্দার দুইটি সিনেমা।
শনিবার (৯ ডিসেম্বর) সেই সিনেমার মধ্যে একটির ঘোষণা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে শনিবার বিকাল ৫টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
খানিকটা দম নিয়ে নির্মাণে ফিরছেন আলোচিত ও জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি। ‘দম’ শিরোনামে সেই সিনেমায় মূল ভূমিকায় দেখা যাবে সময়ের ও দুই বাংলার পরিচিত তারকা চঞ্চল চৌধুরীকে।বেশ খানিকটা বিরতির পর নির্মাণে ফেরা নিয়ে পরিচালক রেদওয়ান রনি বলেন, ‘সত্য ঘটনা আমাকে সব সময়ই অনুপ্রাণিত করে। অনেক বছর পর চলচ্চিত্র নির্মাণের ক্ষুধা মেটানোর জন্য এই গল্পটাই আমাকে তাড়িত করছিল। সাধারণ মানুষের ভয়াবহ মানসিক শক্তি তাকে যেকোনো ভয়ংকর বিপদ থেকে বাঁচিয়ে তুলতে পারে নিমিষেই। দম চলচ্চিত্রে এই গল্পটাই বলার চেষ্টা করছি।’
‘দম’ সিনেমার মূল চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। পরিচালক রেদওয়ান রনির সঙ্গে তার সম্পর্কটা প্রায় ২০ বছরের।
অভিনেতা নিজেও এ তথ্য জানান।
সিনেমাটিতে অভিনয় সম্পর্কে তিনি বলেন, ‘রনির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কটা অনেক দিনের। সে একসময় নিয়মিত নির্মাণ করেছে। কিছুদিন নিজে নির্মাণ না করলেও নির্মাণ প্রক্রিয়ার মধ্যেই ছিল। এবারের সিনেমার গল্প যখন রনি আমাকে শুনিয়েছে তখন আমি হতবাক হয়েছি। অসাধারণ একটা গল্প। আমার চরিত্রটা বেশ চ্যালেঞ্জের। সেই সঙ্গে অনেক আয়োজন ও বিগ ক্যানভাসের সিনেমা দম।’
তিনি আরও বলেন, ‘আমার সবচেয়ে বেশি ভালো লাগছে একইসঙ্গে চরকি, এসভিএফ ও আলফার মতো বড় প্রযোজনা প্রতিষ্ঠান আমাদের এই সিনেমার সঙ্গে আছে। এই সিনেমাটা দুই বাংলা মিলিয়ে নতুন কোনো দিগন্তের সূচনা করবে।’
আলফা-আই স্টুডিওজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘আলফা-আই স্টুডিওস সবসময় বাংলাদেশের বিনোদন জগতে অগ্রণী ভূমিকা পালন করেছে। এটি একটি অগ্রগামী চিন্তার প্রোডাকশন হাউস। আমরা আগেই বুঝতে পেরেছিলাম বাঙালি দর্শক ভালো মানের কনটেন্ট দেখতে চায়, আমরা প্রতিবারই সেটা দেওয়ার চেষ্টা করেছি। এবার বাংলা চলচ্চিত্রের বাজারকে উন্নত করতে এবং বিশ্বব্যাপী দর্শকের কাছে পৌঁছাতে আলফা, এসভিএফ ও চরকি এক হয়েছি।’
২৮ বছর ধরে যারা একাই বদল করে চলেছে বাংলা সিনেমার ইতিহাস! রেইনকোট, চোখের বালি, অটোগ্রাফ, ২২শে শ্রাবণ-এর মতো অসংখ্য ফিল্ম দিয়ে যারা সমৃদ্ধ করেছে বাংলা চলচ্চিত্রের ভান্ডার; বলছি এসভিএফের কথা।
এসভিএফের ডিরেক্টর ও কো-ফাউন্ডার মহেন্দ্র সোনি বলেন, ‘চলচ্চিত্র নির্মাণে উদ্যোগী হয়ে বাংলাদেশের বিনোদন শিল্পের সঙ্গে আমাদের সম্পর্ককে আরও গভীর করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে এসভিএফ। আমরা শুধু চলচ্চিত্র নির্মাণ করছি না; বাংলা সিনেমাকে উদযাপন করে আমরা একটি সম্প্রদায়, একটি সংস্কৃতিকে লালন করছি। আমাদের লক্ষ্য বাংলা ভাষার সিনেমাকে আন্তর্জাতিক মানে তৈরি করে বিশ্বের প্রতিটি কোণায় পৌঁছে দেওয়া।’
চরকির ইনভেস্টর ও স্ট্র্যাটেজি প্রেসিডেন্ট যারেফ হোসেন বলেন, ‘শুরু থেকেই চরকির লক্ষ্য ছিল সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের কাছে মানসম্পন্ন কনটেন্ট পৌঁছে দেওয়া। এবার চরকি ও আলফা আই ও এসভিএফ এক সঙ্গে সেই মিশনকে এগিয়ে নেওয়ার জন্য এক হয়েছে। আমাদের বিনোদন শিল্পের কাজকে সারা বিশ্বের মানুষের কাছে বড় পরিসরে নিয়ে যাওয়ার এটি একটা বড় সুযোগ ও উল্লেখযোগ্য মাইলফলক হতে চলেছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন: অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, আদনান আল রাজীব, মাসুমা নাবিলা, পরিচালক সৈয়দ আহমেদ শাওকী, চরকির কর্মকর্তারা ও সাংবাদিকেরা।
৯০৮ দিন আগে