গণমাধ্যমের ভুল এবং অপতথ্যের বিরুদ্ধে সরকার শক্ত অবস্থানে যাবে, অপতথ্য দিয়ে বানানো কোনো ফটোকার্ড মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
পানি সম্পদ মন্ত্রণালয় কার্যক্রম তুলে ধরতে গিয়ে উপদেষ্টা বলেন, ‘একটা ছোট ঘটনা আছে, এটা গত সপ্তাহেও ব্রিফিং করেছিলাম। আমি আবারও একটু বলি, প্লিজ আপনাদের কাছে অনুরোধ। আমরা এগুলো নিয়ে আসলে আস্তে আস্তে আইনি ব্যবস্থার দিকেও যাব।
‘আমি গত যে ব্রিফিং ছিল, সেখানে পুনরায় পড়ে বলেছিলাম, কর্মসূচিভুক্ত খালের সংখ্যা ১ হাজার ২৬০ কিলোমিটার, খননকৃত খালের প্রাপ্ত দৈর্ঘ্য ৫৬১ কিলোমিটার, শতকরা অগ্রগতির হার ৪৪ দশমিক ৫৫ শতাংশ। এটা যে আমাদের কর্মসূচির খালের প্রায় অর্ধেক। এ বিষয়ে একটা ফটোকার্ড তৈরি হলো, আমি নাকি বলেছি যে সারা দেশের অর্ধেক খাল খনন করা হয়ে গেছে। এটা নামগোত্রহীন কেউ না, পরিচিত জাতীয় দৈনিকের ফটোকার্ড।’
তিনি বলেন, ফ্যাক্ট চেকাররা এটাকে শনাক্ত করেছেন। এটা যে অপতথ্য সেটার সত্যতা নিশ্চিত করেছেন তারা। একটা কথা খুব গুরুত্বপূর্ণ, আমাদের এ ব্যাপারে সচেতন হওয়া জরুরি। ভুল ও অপতথ্য এ সরকার সহ্য করবে না; কারও দিক থেকেই করবে না। এটা একজন ব্যক্তির করা আর একটা প্রতিষ্ঠান করার মধ্যে গুরুতর পার্থক্য আছে।
‘একটু ব্যক্তিগত কথা বলেই ফেলি’ উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, আমি খুব খারাপ মানুষ নই। আমার প্রচুর পরিচিত মানুষজনের কাছ থেকেই কার্ড পাঠিয়ে আমার কাছে জানতে চাওয়া হচ্ছে, এমনকি এমন সব কথাবার্তা আসছে যেগুলো ফেক ব্যক্তি করছেন; ফটোকার্ড বানিয়ে বলছেন, আমি নাকি বলেছি, জনগণের কল্যাণের জন্য জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। আমি এগুলো এভাবে বলিনি, কিন্তু এই যে কথাটাকে বিকৃত করা হলো, আমাকে অনেকে পাঠিয়ে পাঠিয়ে জিজ্ঞেস করছেন আমি এসব বলেছি কিনা।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি, সাংবাদিকতা সাংবাদিকতাই যেন হয়, প্লিজ!
উপদেষ্টা বলেন, আমি আগেও একদিন বলেছি, সরকারের সমালোচনা করার অনেক কিছু পাওয়া যাবে। এ দেশ এত বড়, এত জটিলতা। একটু পেছনের কথা বলতে হয় উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা এ দেশটাকে এত বাজেভাবে রেখে গেছেন যে সরকার সর্বোচ্চ চেষ্টা করলেও আপনি দেখবেন সমালোচনার জায়গা তৈরি হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে সরকারের ব্যর্থতা আপনি পাচ্ছেন, পাবেন। প্রকৃত জিনিসগুলো নিয়ে সমালোচনা করেন, আমি সেটাকে স্বাগত জানাই।
উপদেষ্টা বলেন, আমরা এটা নিয়ে শক্ত অবস্থানে যাব। আমরা অপতথ্য দিয়ে করা ফটোকার্ড গ্রহণ করব না। আমার মনে হয়, মিডিয়ার মানুষ হিসেবে এটা আপনাদেরও চাওয়া উচিত। এ বিষয়ে আমি যথেষ্ট পরিমাণ যোগাযোগ করার চেষ্টা করছি, এর বেশি কিছু না।
জাহেদ উর রহমান বলেন, আমরা আমাদের মেয়াদের শেষ দিন পর্যন্ত মিডিয়াকে ভয় পেতে চাই। আমি চাই মিডিয়ায় আরও বেশি সরকারের সমালোচনা, যৌক্তিক সমালোচনায় প্রাণবন্ত হয়ে উঠুক। আমি জানি না কবে কোন সরকার থেকে কেউ এ ধরনের কথা বলেছে কিনা। কিন্তু প্লিজ, ভুল ও অপতথ্য ছড়াবেন না!