দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা। আমাদের পর্যাপ্ত ফান্ড নেই। যেটুকু বরাদ্দ আছে, তা দিয়ে যতটুকু কাজ করা সম্ভব, ততটুকুই করা হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মহারশি নদীর দুই তীরে টেকসই বাঁধ নির্মাণ এবং পাহাড়ি জনপদে বন্যহাতির আক্রমণ থেকে জান-মাল রক্ষায় কার্যকর পদক্ষেপ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সবই করতে চাই, কিন্তু আমাদের হাত-পা বাঁধা। পর্যাপ্ত ফান্ড আমাদের নেই। যেটুকু বরাদ্দ আছে, তা দিয়ে যতটুকু কাজ করা সম্ভব, ততটুকুই করা হবে।’
তিনি বলেন, ‘দেশে এখন গণতান্ত্রিক সরকার রয়েছে। সমস্যাগুলো আমরা জানি। সময়মতো সব করা হবে। এ বছর না হলেও আগামী বছর দৃষ্টিনন্দন কিছু করতে পারব বলে আশা করছি।’
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির (প্রথম পর্যায়) আওতায় নির্মিত সড়ক পরিদর্শনে ঝিনাইগাতী উপজেলায় যান প্রতিমন্ত্রী।
পরিদর্শনকালে তিনি সদ্য নির্মিত ২২টি সড়কের মধ্যে হলদীগ্রাম, নওকুচি ও গান্ধীগাঁও এলাকার তিনটি সড়ক ঘুরে দেখেন।
প্রতিমন্ত্রীর পরিদর্শনের সময় শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, জেলা প্রশাসক ফরিদা ইয়াছমিন, নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার আফরোজা নাজনীন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।