মানিলন্ডারিং মামলায় এক দিনের রিমান্ড শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২১ অক্টোবর) ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।
উত্তরা পশ্চিম থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আ. জব্বারকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া এদিন পৃথক দুটি আবেদন করেন।
একটি আবেদনে দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার দেখানোর এবং অপরটিতে তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি চাওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক প্রথমে গ্রেপ্তার দেখানোর আবেদন মন্জুর করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে চার দিনের রিমান্ড মন্জুর করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগষ্ট দুপুর ১২টায় উত্তরা পশ্চিম থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর অবস্থিত বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন আ. জব্বার। এরপর ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।
২০২৫ সালের ২৭ মার্চ আ. জব্বার নিজেই বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ এবং আরও ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
গতকাল (সোমবার) রাজধানীর বনানী থেকে মানিলন্ডারিংয়ের মামলায় দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সিআইডির প্রাথমিক অনুসন্ধানের অভিযোগ করা হয়, ডায়মন্ড ওয়ার্ল্ড ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডকে ব্যবহার করে চোরাচালানের মাধ্যমে অবৈধ সোনা ও হীরা কেনাবেচা করে ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার ১৪ টাকা উপার্জন করেছেন দিলীপ।
এর আগে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করেছিল র্যাব। ওই সময় বিভিন্ন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় নিম্ন আদালত থেকে জামিন নিয়ে ২০২৫ সালের ১ অক্টোবর কারাগার থেকে মুক্তি পান তিনি।