গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন, অবসরকালীন ও মুঠোফোন ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই সঙ্গে তাদের সাইকেল সরবরাহের সময়সীমা কমানো এবং নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান বাড়াতে প্রতিটি ইউনিয়নে আরও দুজন করে নারী গ্রাম পুলিশ নিয়োগের কথাও জানিয়েছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে বক্তব্য দেওয়ার সময় এসব ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন সাড়ে সাত হাজার টাকা থেকে বাড়িয়ে সাড়ে ১০ হাজার এবং গ্রাম পুলিশ প্রধানের বেতন আট হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা করা হয়েছে।
অবসরকালীন আনুতোষিক ভাতাও বাড়ানোর ঘোষণা দেন তিনি। গ্রাম পুলিশ সদস্যদের ক্ষেত্রে এ সুবিধা ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা এবং গ্রাম পুলিশ প্রধানের ক্ষেত্রে ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করা হয়েছে।
এছাড়া মুঠোফোনের খরচ বাবদ প্রত্যেক গ্রাম পুলিশ সদস্য মাসে ১৫০ টাকা করে পাবেন। স্থানীয় থানায় সাপ্তাহিক হাজিরার ভাতা সদস্যদের জন্য ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা এবং গ্রাম পুলিশ প্রধানের জন্য ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে।
নারী গ্রাম পুলিশ সদস্যদের ছয় মাসের মাতৃত্বকালীন ছুটির ঘোষণাও দেন তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, সরকার গ্রাম পুলিশের পেশাগত পদবি পরিবর্তন করেছে। ‘দফাদার’ পদবি বদলে ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ পদবি বদলে ‘গ্রাম পুলিশ’ করা হয়েছে।
তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে নিরাপত্তা বজায় রাখতে গ্রাম পুলিশ সদস্যদের অবদান বিবেচনায় নিয়ে তাদের ও তাদের পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার এসব পদক্ষেপ নিচ্ছে।
এ সময় তিনি স্মরণ করিয়ে দেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকার ১৯৯৫ সালে গ্রাম পুলিশ সদস্যদের জন্য ঈদ বোনাস চালু করেছিল।