দেশের জনমিতিক সুবিধা কাজে লাগাতে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ সম্প্রসারণ, ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদান ও তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (১ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে জাতীয় যুব দিবস-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান মানবসম্পদ এবং জাতীয় উন্নয়নের প্রধান চালিকাশক্তি।
তিনি আরও বলেন, শুধু রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাবে না। দেশের সক্ষমতা জোরদার ও স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি নিতে বৃহৎ তরুণ জনগোষ্ঠীকে সর্বোত্তমভাবে কাজে লাগাতে হবে।
মির্জা ফখরুল তরুণদের কর্মমুখী করে গড়ে তোলা এবং উৎপাদনশীল দক্ষতায় দক্ষ করে তোলার ওপর গুরুত্ব দেন, যাতে তারা জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারেন।
নারী উদ্যোক্তাসহ তরুণ উদ্যোক্তাদের সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, সীমিত পুঁজি নিয়েও অনেকে সফলভাবে তাদের ব্যবসা সম্প্রসারণ করছেন এবং পণ্য রপ্তানি করছেন।
রাষ্ট্রপতি বলেন, সম্ভাবনাময় উদ্যোক্তাদের স্বাবলম্বী হতে সরকারকে যথাযথ প্রশিক্ষণ ও ন্যূনতম আর্থিক সহায়তা দিতে হবে।
তিনি যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম সারা দেশে সম্প্রসারণেরও আহ্বান জানান, বিশেষ করে প্রশিক্ষণ ও ঋণসুবিধা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি, যাতে আরও বেশি তরুণ এসব সুবিধা নিতে পারেন।