হাইকোর্টের আদেশ পালন না করার ব্যাখ্যা জানতে স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) তলব করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে আগামী ১৯ মে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
অ্যাডভোকেট সিদ্দিক উল্লা মিয়া বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন জেলা পর্যায়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে সারা বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তির আলোকে রিটকারী ২৫ জনসহ দেশের অনেক প্রার্থী পরীক্ষায় অংশ নেন।
রিটকারী ২৫ জন লিখিত পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও তাদের নিয়োগ দেওয়া হয়নি। পরে তারা ২০২১ সালে হাইকোর্টে রিট করেন। চূড়ান্ত শুনানি শেষে আদালত রিটকারীদের নিয়োগ দেওয়ার নির্দেশ দেন। তবে সেই নির্দেশনার পরও তারা নিয়োগ পাননি।
পরবর্তীতে রিটকারীরা আদালতের রায় বাস্তবায়নের জন্য পুনরায় আবেদন করলে হাইকোর্ট বেঞ্চ গঠন করে ২৩ এপ্রিলের মধ্যে রিটকারীদের নিয়োগ দিয়ে রায় বাস্তবায়নের নির্দেশ দেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তাদের নিয়োগ দেওয়া হয়নি। এ অবস্থায় আদালত স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মহাপরিচালককে তলব করেছেন।