প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা মো. রাশেদ খাঁন।
রবিবার (১৯ জুলাই) এ সংক্রান্ত একটি সরকারি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে তার নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
রাশেদ খাঁন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালিগঞ্জ উপজেলা ও সদর আংশিক) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। এর আগে, তিনি গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেন। তিনি গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে উপসচিব মো. গোলাম রব্বানীর সই করা আদেশে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, রাশেদ খাঁনের নিয়োগ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। এই নিয়োগের মেয়াদ থাকবে প্রধানমন্ত্রীর দায়িত্বকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে, যেটি আগে ঘটে সেই সময় পর্যন্ত।
সরকারি আদেশে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগের অন্যান্য শর্তাবলি সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। রাশেদ খাঁনের এই নিয়োগকে সরকারের রাজনৈতিক কার্যক্রম সমন্বয়, নীতিনির্ধারণী সহায়তা এবং প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এদিকে, রাশেদ খাঁন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পাওয়ায় ঝিনাইদহ ও কালীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।