হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও কমলাপুর রেলওয়ে বৈদেশিক ডাকঘরে ধারাবাহিক অভিযান চালিয়ে ভায়াগ্রা, ইনসুলিন, আমদানি নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিমসহ প্রায় এক কোটি ১৩ লাখ টাকার পণ্য জব্দ করেছেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) মঙ্গল ও বুধবার এসব অভিযান চালায়।
অভিযানে আকাশপথ, ডাক ও রেলপথে পণ্য চোরাচালানের সন্দেহজনক রুটের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে সিআইআইডি।
বুধবার জাহাঙ্গীর নামের ইথিওপিয়া এয়ারলাইনসের এক যাত্রীর ব্যাগ থেকে ভায়াগ্রা, ইনসুলিনসহ প্রায় ৫৫ কেজি ওষুধ জব্দ করেন সিআইআইডির কর্মকর্তারা।
অধিদপ্তর সতর্ক করে বলেছে, চিকিৎসকের পরামর্শ ছাড়া অনিয়ন্ত্রিতভাবে ভায়াগ্রা ব্যবহার এবং প্রয়োজনীয় শীতাতপ সরবরাহব্যবস্থা বজায় না রেখে ইনসুলিনের মতো তাপমাত্রা-সংবেদনশীল ওষুধ পরিবহন জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
একই দিনে থাই এয়ারওয়েজ, সালাম এয়ার ও অন্যান্য ফ্লাইটের যাত্রী ও পরিত্যক্ত কার্টন থেকে মোট ২৪৩ কার্টন সিগারেট, ৩৮ কেজি কসমেটিকস ও ১৮.১৮ কেজি গৌরি ক্রিম উদ্ধার করা হয়।