ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের বাবা, বিশিষ্ট কেমিক্যাল ব্যবসায়ী মরহুম আলহাজ মকবুল আহমেদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মকবুল-আশুরা ট্রাস্টের আয়োজনে মোহাম্মদপুরের শেরশাহসুরী রোডের জামিয়া ইসলামিয়া বাইতুল ফালাহ মাদ্রাসা ও এতিমখানা, সলিমুল্লাহ রোডের জামিয়া ইসলামিয়া ওয়াহিদিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং মরহুমের প্রতিষ্ঠিত লক্ষ্মীপুরের রামগঞ্জের ফাতেমা (রা.) মহিলা আলীম মাদ্রাসায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া শেষে মোহাম্মদপুর ঈদগাহ মাঠে মরহুমের কবরে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়।
প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মকবুল-আশুরা ট্রাস্টের পক্ষ থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জের ফাতেমা (রা.) মহিলা আলীম মাদ্রাসার ৩৪৩ জন, পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৭ জন এবং রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।
ঢাকায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়ায় মরহুমের জ্যেষ্ঠ পুত্র হাসান আহমেদ চৌধুরী কিরণ, ছোট ছেলে হোসেন আহমেদ চৌধুরী কাজল, পরিবারের অন্যান্য সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও মকবুল-আশুরা ট্রাস্টের সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মৃত্যুর পরও মানুষ তার কর্মগুণে বেঁচে থাকে। ক্ষমতা ও ধন-দৌলত যা-ই থাকুক, সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। মৃত্যু এক অনিবার্য সত্য।
তিনি বলেন, মানুষ বেঁচে থাকা অবস্থায় তার মহৎ কাজগুলোর জন্যই স্মরণীয় হয়ে থাকে। তাই জীবদ্দশায় সমাজ ও মানুষের কল্যাণে কাজ করা উচিত।
হাসান আহমেদ চৌধুরী কিরণ আরও বলেন, তিনি ও তার পরিবার মরহুম বাবার সামাজিক উন্নয়নের লক্ষ্যে অসমাপ্ত ইচ্ছাগুলো পূরণে সর্বাত্মকভাবে সচেষ্ট থাকবেন।