হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সূচনা পর্ব মহালয়া আজ শনিবার সারা দেশে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে।
শনিবার (১০ অক্টোবর) ভোর থেকেই দেশের বিভিন্ন মন্দিরে চণ্ডীপাঠ, তর্পণ ও দেবী দুর্গার বন্দনায় ভক্তিমূলক সঙ্গীতের ধ্বনি শোনা যাচ্ছে।
শরতের শান্ত ভোরে শাস্ত্রীয় মন্ত্রপাঠের মধ্য দিয়ে সূচনা হয়েছে দেবীপক্ষের, যা দেবীর উদ্দেশে নিবেদিত এক পক্ষকাল।
দেবী দুর্গাকে আনুষ্ঠানিকভাবে আহ্বানের দিন হিসেবে বিবেচিত মহালয়া হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরুর সাত দিন আগে পালিত হয়। হিন্দুদের বিশ্বাস, এই উদযাপনের মধ্য দিয়ে পৃথিবী নিজেকে প্রস্তুত করে এবং দেবী ও তার সন্তানদের আগমনে স্বাগত জানায়।
এদিন হিন্দুরা পূজার মাধ্যমে প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ ও তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাদের নামে ব্রাহ্মণদের বস্ত্র, খাবার ও মিষ্টি দান করা হয়।
মহালয়ার মধ্য দিয়েই শুরু হয় দুর্গাপূজার দিন গণনা।
এ বছর ১৭ অক্টোবর ষষ্ঠীপূজা উদযাপিত হবে। আর ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে দেবী কৈলাসে ফিরে যাবেন।
শাস্ত্রমতে, দুর্গাপূজার তিনটি গুরুত্বপূর্ণ পর্ব হলো মহালয়া, বোধন ও সন্ধিপূজা। মহালয়ার দিন দেবী দুর্গা অসুররাজ মহিষাসুরকে বধ করার জন্য দেবতাদের কাছ থেকে ঐশ্বরিক নির্দেশ লাভ করেন।
ব্রহ্মা, বিষ্ণু ও শিবের সম্মিলিত শক্তিতে বলীয়ান হয়ে দেবী ‘মহাশক্তি’ রূপে আবির্ভূত হন। ১০টি অস্ত্রে সজ্জিত হয়ে সিংহের পিঠে চড়ে তিনি ৯ দিন ধরে যুদ্ধের পর মহিষাসুরকে বধ করেন।