সারা দেশে মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
রবিবার (২৯ মার্চ) রাজধানীতে ভূমি প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে অতিরিক্ত জেলা প্রশাসকদের জন্য আয়োজিত চতুর্দশ উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্স এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য আয়োজিত অষ্টাদশ উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিভিন্ন সমস্যা নিয়ে ভূমি অফিসে আসা জনগণের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত এগিয়ে আসতে হবে। ভূমির সমস্যা নিয়ে আমাদের অনেক আইনকানুন রয়েছে যেগুলো মাঠপর্যায়ের কর্মকর্তাদের রপ্ত করতে হবে। এ বিষয়ে প্রশিক্ষণের বিকল্প নেই।
প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশকে আগামী দিনে আরও ভালোভাবে এগিয়ে নিতে বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে মনোযোগী হতে হবে। তিনি স্বচ্ছতার সঙ্গে এবং অত্যন্ত সুন্দরভাবে মানুষকে ভূমি সেবা দেওয়ার আহ্বান জানান।
ভূমি মন্ত্রণালয়ের ভূমি প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের পরিচালক মোহাম্মদ আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এজেএম সালাহউদ্দিন নাগরী, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইন) মো. আব্দুর রউফ এবং অতিরিক্ত সচিব নাসরিন জাহান।