নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত যৌথ মহড়া পরিদর্শন শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টায় তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করে বলে তার উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি ইউএনবিকে জানিয়েছেন।
স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী মহড়া পরিদর্শন করেন, যেখানে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস ও বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।
ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন তারেক রহমান।
এ মহড়াকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বর্ণনা করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের জাতির ইতিহাসে সর্বপ্রথম যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হলো, যেখানে তিন বাহিনীর স্পেশাল ফোর্স একত্রে অংশগ্রহণের মাধ্যমে অনুশীলন সম্পন্ন করেছে।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি, আজকের এই মহড়া বিশ্বদরবারে স্পষ্ট বার্তা দেবে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত।’
তার মতে, এ মহড়ায় দেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের দূরদর্শী পরিকল্পনা ও অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে।
প্রধানমন্ত্রী সকালে স্বর্ণদ্বীপে অবতরণ করে বারো আউলিয়া ভেন্যুতে যান। সেখানে সেনা ছাউনিতে বসে তিনি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ-উল-আজিম, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাও এ সময় উপস্থিত ছিলেন।
পরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে পাশে বসিয়ে বারো আউলিয়া থেকে ভিউ পয়েন্ট-১ পর্যন্ত আট কিলোমিটার পথ এটিভি সাঁজোয়া যান চালান প্রধানমন্ত্রী।
এছাড়া ভিউ পয়েন্ট-১-এ তিন বাহিনীর কর্মকর্তা ও সেনাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। মহড়াস্থলে সামরিক বাহিনীর সদস্যরাই খাবার প্রস্তুত করেন বলে জানান উপ-প্রেস সচিব।
তারেক রহমান দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনীও ঘুরে দেখেন এবং তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের সংক্ষিপ্ত দিকনির্দেশনা দেন।
তিনি ভিউ পয়েন্ট-১-এ একটি গাছের চারাও রোপণ করেন।
পরে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার সময় হেলিপ্যাডে তিন বাহিনীর প্রধান প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
স্বর্ণদ্বীপ নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে জেগে ওঠা একটি প্রাকৃতিক দ্বীপ, যা স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত।
২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী।
গত এক দশকে সেখানে নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে বিভিন্ন সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
তবে প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান সেখানে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন করলেন।