২০২৪ সালের জুলাই অভ্যুত্থান-সম্পর্কিত হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মো. সুজন হক সাত দিনের রিমান্ড শেষে সাঈদ খোকনকে আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
আবেদনে বলা হয়, গত ১৭ নভেম্বর আদালতের আদেশে সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তিনি মূল রহস্য এড়িয়ে কৌশলে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন জবাব দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেন।
এতে আরও বলা হয়, এজাহারভুক্ত পলাতক আসামিদের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে সাঈদ খোকন কোনো সন্তোষজনক তথ্য দেননি। তবে তিনি মামলা-সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা যাচাই-বাছাই করা হচ্ছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে সাঈদ খোকনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলেও আবেদনে দাবি করা হয়।
এর আগে গত ১৭ নভেম্বর সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। ওই দিন সন্ধ্যায় আদালত তাকে সাত দিনের রিমান্ডে পাঠান।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আবদুল মোতালেব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
এরপর ২৬ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনকে আসামি করে নিহতের বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। সাঈদ খোকন এ মামলার ২৯ নম্বর আসামি।
সাঈদ খোকন ২০১৫ সালে ডিএসসিসির মেয়র নির্বাচিত হন। পরবর্তী মেয়র নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি। এরপর ২০২৪ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।