চব্বিশের জুলাই আন্দোলনে উত্তরা পশ্চিম থানা এলাকায় মাদরাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।
আইনজীবী সাথী সাহা নাহিদের জামিন চেয়ে শুনানিতে বলেন, ‘ঘটনার বহু আগেই তিনি রাজনীতি ও সব পেশা থেকে অবসর নিয়েছেন। রাজপথে মিছিল বা নেতৃত্ব দেওয়ার মতো বয়স বা শক্তি তার নেই। তিনি অসুস্থ, বয়স্ক মানুষ।’
তিনি আরও বলেন, জামিন দিলে তিনি দেশ ছেড়ে পালিয়ে যাবেন না। মামলার রায়ে যা হবে, তা মাথা পেতে নেবেন।
গত ১৮ নভেম্বর রাতে উত্তরা ১৩ নম্বর সেক্টরে নিজের বাসা থেকে গ্রেপ্তার হন নুরুল ইসলাম নাহিদ।
পরে সাদিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় মাদরাসাছাত্র সাদিকুল ইসলামের পেটে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। পরদিন সেখানেই তার মৃত্যু হয়।
ওই বছরের ১৫ সেপ্টেম্বর আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলাটি করেন।