বিএনপির সংসদ সদস্যদের এলাকায় সারের কোনো সমস্যা নেই, সংকট ১১ দলীয় জোটের সংসদ সদস্যদের এলাকাগুলোতে রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সরকারকে বিভ্রান্ত করতে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা তাদের দলীয় লোকজনকে দিয়ে এই সংকট তৈরি করে থাকতে পারেন বলেও অভিযোগ করেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে শহিদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শাহে আলম বলেন, যেসব জেলায় সার নিয়ে সমস্যা তৈরি হয়েছে, সে সব জেলার সংসদ সদস্যরা ১১ দলীয় জোটের। তারা সরকারকে বিভ্রান্ত করতে তাদের দলীয় লোকজন দিয়ে এই সংকট তৈরি করে থাকতে পারেন।
বিএনপির সংসদ সদস্যদের এলাকায় সার নিয়ে কোনো সমস্যা হয়নি বলেও দাবি করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, উত্তরাধিকার সূত্রে আমরা যেসব সারের ডিলার পেয়েছি, তারা স্বৈরাচারী সরকার আমলে নিয়োগ পাওয়া। তাদের অসহযোগিতার ফলে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।
এ সময় বর্তমান সরকারের সময় সার ডিলার নিয়োগে কোনো অনিয়ম থাকলে তা খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি।
শহিদ আবরার ফাহাদের নামে সেতু
এছাড়া কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর ওপর শহিদ আবরার ফাহাদের নামে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, যত দ্রুত সম্ভব সেতু নির্মাণের পরিকল্পনা করে তা বাস্তবায়ন করা হবে।
গত ৮ অক্টোবর শহিদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ পরিবারের সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় পারিবারিক বিষয় ছাড়াও এলাকার মসজিদ ও সেতু নির্মাণ নিয়ে আলোচনা হয় বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, তারই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে আমাকে ডেকে সেতু বাস্তবায়নের বিষয়ে নির্দেশনা দিয়েছেন। এ কারণেই আজ আমি কুষ্টিয়ায় এসেছি। শহিদ আবরার ফাহাদের নামে সেতু নির্মাণের উদ্দেশ্যে এখানে এসেছি। যত দ্রুত সম্ভব সেতু নির্মাণের সব পরিকল্পনা করে তা বাস্তবায়ন করা হবে।
এর আগে প্রতিমন্ত্রী উপজেলার রায়ডাঙ্গায় শহিদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন। পরে তিনি সেতু নির্মাণের দুটি স্থান ঘুরে দেখেন।
মতবিনিময় সভায় আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি, জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।