মেক্সিকোয় এক মাদকবিরোধী সেনা অভিযানে হালিস্কো নিউ জেনারেশন (সিজেএনজি) নামের দেশটির শীর্ষ মাদক চক্রের নেতা নেমেসিও রুবেন ওসেগেরা সের্ভান্তেসকে ওরফে এল মেনচো নিহত হয়েছেন। এ ঘটনায় চক্রটির শীর্ষ নেতৃত্ব ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে ব্যাপক অস্থিরতা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সময় রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে দেশটির সেনাবাহিনী এই অভিযান চালায়। শীর্ষ নেতার মৃত্যুর পর চক্রের সদস্যরা বিভিন্ন এলাকায় সহিংসতা চালিয়েছে।
এল মেনচোর মতো মাদক সম্রাটকে হত্যা মেক্সিকো সরকারের জন্য একটি বড় সাফল্য। এই চক্রটি দমন ট্রাম্প প্রশাসনের কাছেও গুরুত্বপূর্ণ ছিল।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মাদক চক্রটির সদস্যরা মেক্সিকোর ২০টি অঙ্গরাজ্যের ২৫০টির বেশি স্থানে গাড়ি পুড়িয়ে সড়ক অবরোধ করে। গাড়ি পোড়া কালো ধোঁয়ায় মেক্সিকোর আকাশ কালো হয়ে যায়।
অভিযানের আগে রবিবার রাতে হালিস্কোর রাজধানী গুয়াদালাহারা জনমানবশূন্য হয়ে পড়ে। বাসিন্দারা যে যার ঘরে অবস্থান নেন। কয়েকটি অঙ্গরাজ্যে আজ (সোমবার) স্কুল বন্ধ রাখা হয়েছে। ইতোমধ্যে হালিস্কো, মিচোয়াকান ও গুয়ানাহুয়াতোতে অন্তত ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যার মধ্যে ন্যাশনাল গার্ডে ৭ সদস্যও রয়েছেন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রবিবার হালিস্কোর তাপালপা এলাকায় এল মেনচোকে ধরার অভিযানে নামে সেনাবাহিনী। এই সময় গুলিবিদ্ধ হলে তাকে আটক করে সেনাসদস্যরা। এরপর দ্রুত মেক্সিকো সিটিতে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। মেক্সিকোর এই অঙ্গরাজ্যটি মূলত যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ ফেন্টানিলসহ বিভিন্ন ভয়ঙ্কর মাদক পাচারকারীদের ঘাঁটি।
সবচেয়ে বড় ফেন্টানিল পাচারকারী চক্র
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অভিযান চলাকালে গোলাগুলির মধ্যে সেনাসদস্যদের গুলিতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। ওই সময় আহত আরও তিনজন পরে মারা যান, দুজনকে গ্রেপ্তার করা হয় এবং সাঁজোয়া যান, রকেট লঞ্চারসহ বিভিন্ন অস্ত্র জব্দ করা হয়। অন্যদিকে, সন্ত্রাসীদের গুলিতে সশস্ত্র বাহিনীর তিন সদস্য আহত হয়ে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন।