শ্রমিক অসন্তোষের জেরে সাভারের আশুলিয়ায় অন্তত ২৫টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং শ্রমিকদের কর্মবিরতির কারণে আরও চারটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মুমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকরা সকালে এসব কারখানায় প্রবেশ করলেও কর্মবিরতি পালনের কারণে উৎপাদন বন্ধ রাখেন। এর পরিপ্রেক্ষিতে মালিকপক্ষ এক দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকরা বাড়ি চলে যান।
তবে শিল্পাঞ্চলের সাভার অংশে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে উৎপাদন শুরু করেছেন বলে জানান তিনি।
পুলিশ সুপার আরও বলেন, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।
এদিকে পৃথক ঘটনায় আশুলিয়ার বেলতলা এলাকায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কার্যালয়ের সাইনবোর্ড ও ফটকে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে বড় কোনো ক্ষতি হয়নি।