তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে ৫৫টি নিবন্ধিত পোশাকশ্রমিক ফেডারেশনের প্রতিনিধিত্বকারী পাঁচটি জোট।
একই সঙ্গে মূল বেতন মোট মজুরির ৬০ শতাংশ নির্ধারণ, বার্ষিক ১৫ শতাংশ ইনক্রিমেন্টসহ মজুরি কাঠামোতে বেশ কিছু সংস্কারের প্রস্তাব দিয়েছে তারা।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের দ্বিতীয় সভার আগে স্মারকলিপির মাধ্যমে এসব প্রস্তাব আনুষ্ঠানিকভাবে বোর্ডের কাছে জমা দেয় জোটগুলো।
বোর্ডের সব সদস্যের উপস্থিতিতে দুপুর ১২টায় সভা শুরু হয়।
শ্রমিক জোটগুলোর প্রস্তাব অনুযায়ী, নতুন মজুরি কাঠামো নির্ধারণে ১২টি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নিতে হবে।
এসব বিষয়ের মধ্যে রয়েছে জীবনযাত্রার ব্যয়, সরকারি বেতন কাঠামো এবং আঞ্চলিক প্রতিযোগী দেশ পাকিস্তান, ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়ার তুলনামূলক মজুরি কাঠামো।
প্রধান প্রস্তাব
মূল বেতন: মোট মজুরির ৬০ শতাংশ মূল বেতন হিসেবে নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
২০০৬ সালের মজুরি কাঠামোর আদলে এ প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে অতিরিক্ত কাজের পারিশ্রমিক ও অবসরের পর চাকরি-সংক্রান্ত সুবিধা পাওয়ার ক্ষেত্রে শ্রমিকদের আর্থিক ক্ষতি না হয়।
বাড়িভাড়া: মোট মজুরির ৫০ শতাংশ বাড়িভাড়া নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
বার্ষিক ইনক্রিমেন্ট: মূল্যস্ফীতি ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রাখতে বার্ষিক ১৫ শতাংশ ইনক্রিমেন্ট চালুর প্রস্তাব করা হয়েছে।
শ্রমিক প্রতিনিধিরা জানান, বাংলাদেশের মোট কর্মক্ষম জনসংখ্যা প্রায় সাত কোটি ৫০ লাখ। এর মধ্যে প্রায় ৪০ লাখ শ্রমিক তৈরি পোশাক খাতে কাজ করেন।
তারা বলেন, বিপুলসংখ্যক এই শ্রমিকের জীবিকা, ক্রয়ক্ষমতা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তবসম্মত ও নিরপেক্ষ মজুরি কাঠামো জরুরি।
সোমবারের আলোচনার পর ডাইং ও নিট খাতের শ্রমিকদের জন্য অতিরিক্ত সুনির্দিষ্ট প্রস্তাব যুক্ত করা হবে বলেও জানিয়েছে জোটগুলো।
এদিকে সভা চলাকালে মজুরি বোর্ডের কার্যালয়ের বাইরে পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ করেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতাকর্মীরা।
শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন করে মজুরি বোর্ড গঠন করে সরকার। নবগঠিত বোর্ড গত ৪ নভেম্বর প্রথম সভা করে।
ওই সভায় জানানো হয়, সংশোধিত মজুরি কাঠামো ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং পোশাকশ্রমিকরা ২০২৭ সালের জানুয়ারি থেকে বর্ধিত বেতন পাবেন।
এর আগে খাতটিতে শ্রমিকদের আশ্বস্ত করা ও স্থিতিশীলতা বজায় রাখতে মজুরি পুনর্নির্ধারণের সময়সূচি দ্রুত ঘোষণার আহ্বান জানিয়েছিলেন বিজিএমইএ নেতারা।