পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণের আগে সুপারিশগুলো পর্যালোচনায় নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক সোমবার অনুষ্ঠিত হবে। বৈঠকে মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব জমা দেবে বলে আশা করা হচ্ছে।
রাজধানীর শ্রম অধিদপ্তরে সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বোর্ডের চেয়ারম্যান বিচারক সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১৬ নভেম্বর বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়। পরে নতুন তারিখ জানিয়ে বিজ্ঞপ্তি দেয় বোর্ড।
ন্যূনতম মজুরির সুপারিশ প্রণয়নের কাজ এগিয়ে নিতে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের মতামত এবং সংশ্লিষ্ট বিষয়গুলো বোর্ড পর্যালোচনা করবে বলে আশা করা হচ্ছে।
গত ৪ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের প্রথম বৈঠকে উভয় পক্ষকে নিজ নিজ মজুরি কাঠামোর প্রস্তাব তৈরি করে পরবর্তী বৈঠকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এরপর ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার শ্রমিকদের জন্য চার গ্রেডের মাসিক ন্যূনতম মজুরি কাঠামোর প্রস্তাব দেন।
প্রস্তাবে প্রথম গ্রেডে ৪৮ হাজার টাকা, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার টাকা ও চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের কথা বলা হয়। পাশাপাশি নতুন নিয়োগ পাওয়া বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব দেওয়া হয়।
এছাড়া অফিস স্টাফ বা কর্মচারীদের জন্য শ্রমিকপক্ষ প্রথম গ্রেডে ৫৫ হাজার টাকা, দ্বিতীয় গ্রেডে ৫০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ৪৫ হাজার টাকা ও চতুর্থ গ্রেডে ৪০ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়।
দ্বিতীয় বৈঠকে মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিতে পারেনি। তারা সাত কর্মদিবস সময় চাইলেও বোর্ড চার কর্মদিবস সময় দেয় এবং ১৫ নভেম্বর প্রস্তাব জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করে।
বর্তমানে তৈরি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে এই মজুরি ঘোষণার পর ডিসেম্বর থেকে তা কার্যকর হয়। তার আগে ২০১৮ সালে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল আট হাজার টাকা।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, বাড়িভাড়া, স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার সামগ্রিক ব্যয় বৃদ্ধির কথা উল্লেখ করে শ্রমিক সংগঠনগুলো দীর্ঘদিন ধরে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবি জানিয়ে আসছে। তাদের বৃহত্তর দাবির মধ্যে ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক মজুরির দাবিও রয়েছে।
সরকার গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে বোর্ডের চেয়ারম্যান করা হয়।
নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ।
এছাড়া মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বোর্ডে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম শামছুদ্দিন।
অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।