ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক্টরের চাপায় তাওহীদ (১০) নামের এক মাদরাসাছাত্র নিহত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাঁচপাখিয়া গ্রামের ‘ভাই ভাই মোল্লা ব্রিকস’ ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাওহীদ ওই গ্রামের জসিম শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সকালে তাওহীদ ইটভাটায় খেলছিল। এ সময় মাটি টানার ট্রাক্টরটি পেছানোর সময় তাকে চাপা দিলে সেখানেই তার মৃত্যু হয়।
এদিকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, দুর্ঘটনায় শিশুটি মারা গেছে। পরিবার অভিযোগ করলে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নাহলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।