কক্সবাজারের উখিয়ায় ইনানী বিচ-সংলগ্ন পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে আগুনের ঘটনায় ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
উখিয়া থানার উপ-পরিদর্শক আশিস সূত্রধর শনিবার (১৮ অক্টোবর) রাতে মামলাটি করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, এই মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে এবং বাকিরা অজ্ঞাতপরিচয়। এতে রিসোর্টের মালিক মো. তানভীর ও নেওয়াজ মোর্শেদের নামও রয়েছে।
এর আগে রিসোর্টের ম্যানেজার জাহিদুল ইসলাম সুমনকে শনিবার বিকেলে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তাকেও এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।
কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুন লাগার কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।
এর আগে শনিবার সকালে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম ভূঁইয়া জানান, সকাল ৭টা ২৩ মিনিটে কক্সবাজার ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। ফায়ার সার্ভিসের দল সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় এবং সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
নিহতদের মধ্যে ছয়জন হলেন ঢাকার বনশ্রীর ইসরাত জাহান (৩০) ও মিলিতা মেহেজাবিন (২৩), খিলগাঁও এলাকার লায়লা জাহান (২৭) ও নাফিসতা মিম (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও ফায়িজান আহম্মেদ (৫)। দুই নারী, এক শিশুসহ বাকি চারজন নিহতের পরিচয় এখনও জানা যায়নি।