কুষ্টিয়া সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশ-ইন করার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের উদয় কিষাণ ক্যাম্পের সদস্যরা ভারতীয় দুই পুরুষ ও দুই নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালান। সীমান্তের ১৫৩/৯-এস পিলার থেকে আনুমানিক ৫০ গজ ভারতের ভেতরে এ ঘটনা ঘটে।
এ সময় বিজিবির সতর্ক অবস্থান, তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা ও কার্যকর তৎপরতায় বিএসএফের ওই চেষ্টা ব্যর্থ হয়। পরে সকাল ৮টার দিকে বিএসএফ চারজনকে ফিরিয়ে নিতে বাধ্য হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সবসময় সতর্ক ও প্রস্তুত রয়েছে।