ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যা মামলায় ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে প্রধান আসামি করা হয়েছে।
এছাড়া মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও ৯৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১০০ থেকে ১৫০ জনকে।
রবিবার (২২ নভেম্বর) রাতে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
হত্যাকাণ্ডের পাঁচ দিন পর নিহত রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম ভাঙ্গা থানায় মামলাটি করেছেন বলে জানান ওসি।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে রাজু মোল্লা মোটরসাইকেলে করে ভাঙ্গার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। হামিরদী বাসস্ট্যান্ডে পৌঁছালে আসামিরা তার মোটরসাইকেলের গতিরোধ করেন।
আরও উল্লেখ করা হয়, প্রধান আসামি নিক্সন চৌধুরীর নির্দেশনা ও অর্থায়নে নিষিদ্ধ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করেন, মশাল জ্বালান এবং দেশীয় অস্ত্র নিয়ে রাজু মোল্লার ওপর হামলা চালান।
এ সময় তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও চলন্ত বাস ভাঙচুরের অভিযোগও করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রাজু মোল্লাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।