রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে।
রবিবার (১৫ নভেম্বর) ভোর ৫টার দিকে বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিম পাড়ায় এ অগ্নিকাণ্ড ঘটে।
নিহত শাহরিয়ার রহমান শুভ্র (১৯) টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ভাড়া থাকতেন।
তিনি মো. মনির হোসেন ও মোর্শেদা আক্তার মিতার ছেলে। তাদের গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, ভোর ৪টা ৫৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়।
তিনি আরও বলেন, সকাল ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। এ অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে।
কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।