গাজীপুরে এক দিনে পৃথক ঘটনায় পাঁচটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে নিলয় সরকার নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। কালিয়াকৈরে জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ।
এছাড়া নিখোঁজের পর কাপাসিয়ায় ব্রহ্মপুত্র নদ থেকে পাঁচ বছরের শিশু এবং কালিয়াকৈরে বংশাই নদী থেকে ছয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই দিন মৌচাক রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বাক্প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে দুপুরের মধ্যে কাপাসিয়া ও কালিয়াকৈর উপজেলার পৃথক স্থান থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। পৃথক ঘটনাগুলো ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ প্রতিটি ঘটনার পৃথক তদন্ত করছে।
ঘাস কাটাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা
কাপাসিয়ার পাবুর দক্ষিণপাড়া বলখেলা বাজার এলাকায় গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাই রাসেলের সঙ্গে কথা-কাটাকাটির জেরে নিলয় সরকারকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত নিলয় ওই এলাকার মনির সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বেলা ১১টার দিকে বাজারে ঘাস কাটাকে কেন্দ্র করে নিলয় ও রাসেলের মধ্যে বিরোধ হয়। পরে নিলয় বাজার থেকে বাড়ি ফেরার পথে রাসেল তার ওপর হামলা করেন বলে অভিযোগ পাওয়া যায়।
স্থানীয়রা জানান, আব্দুর রশিদ এতিমখানার পাশে পাকা সড়কে পৌঁছালে রাসেল ধারালো অস্ত্র দিয়ে নিলয়ের মাথায় কোপ দেন। গুরুতর আহত হয়ে নিলয় সড়কে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত রাসেল পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
জঙ্গলে ঝুলছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
আজ দুপুরে কালিয়াকৈর উপজেলার গলাচিপা এলাকার একটি জঙ্গল থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জঙ্গলের ভেতরে একটি গাছের সঙ্গে মরদেহটি ঝুলতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।
কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নিখোঁজের তিন দিন পর শিশুর মরদেহ উদ্ধার
কাপাসিয়ায় নিখোঁজের তিন দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে পাঁচ বছরের শিশু জাহিদ হাসানের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে ব্রহ্মপুত্র নদের একটি ঘাটে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জাহিদ হাসান কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের মিজানুর রহমানের ছেলে ছিল।
বংশাই নদীতে শিশুর মরদেহ
কালিয়াকৈরে বংশাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর ছয় বছরের শিশু সাথী আক্তারের মরদেহ ভেসে উঠেছে।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বড়ইতলী এলাকায় নদীতে ডুবে নিখোঁজ হয় সাথী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৫টা পর্যন্ত তল্লাশি চালিয়েও তার সন্ধান পায়নি। পরে আজ শনিবার সকালে নদীতে মরদেহ ভেসে ওঠে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলমগীর কবির জানান, শুক্রবার দিনভর তল্লাশি চালিয়েও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান।
ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
এদিকে, গাজীপুরের মৌচাক রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে আবু বকর নামে এক বাক্প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে জয়দেবপুর-ঢাকা রেলসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমেদ জানান, নিহতের বাড়ি রেলস্টেশন এলাকায়। পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছেন।