গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গুদামে লাগা আগুন শনিবার দুপুরে নিয়ন্ত্রণে এসেছে।
কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টার দিকে পশ্চিম শৈলডুবি এলাকায় কার্টনের গুদামটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দুপুর ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
গুদামের ভেতরে প্রচুর খালি কার্টন থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায় বলেও জানান তিনি।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, কাশিমপুর এলাকায় পানির সংকট আগুন নেভানোর অন্যতম বড় চ্যালেঞ্জ। সেই সঙ্গে সড়ক সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে প্রবেশ করতে সমস্যায় পড়েছে।
তিনি আরও বলেন, বাতাসের কারণে ধোঁয়া ছড়িয়ে পড়ছে, যা আগুনের বিস্তারেও ভূমিকা রাখছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।
আশপাশে অনেক শিল্পপ্রতিষ্ঠান থাকলেও সেগুলোতে পর্যাপ্ত পানির সরবরাহ নেই বলেও জানান এই কর্মকর্তা।
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।