কোনো দেশ সাড়া না দিলেও চলতি বাজেটেই তিস্তা মেগা প্রকল্পের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল।
বুধবার (১ জুলাই) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
রোকন উদ্দিন বাবুল বলেন, কোন দেশ সাড়া না দিলেও চলতি বাজেটেই তিস্তা মেগা প্রকল্পের কাজ শুরু করা হবে। মেগা প্রকল্প বাস্তবায়ন হলে তিস্তাপাড় কথা বৃহত্তর রংপুর অঞ্চলের মানুষের দুঃখ লাঘব হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সাম্প্রতি চীন সফর করেছেন। তার এ সফরের প্রধান এজেন্ডাই ছিল তিস্তা মেগা প্রকল্প। তিনি দেশে ফিরে সংসদে বলেছেন যে দ্রুত সময়ে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করছে সরকার।
এমপি বাবুল আরও বলেন, তিস্তা বাঁচাও আন্দোলন আমরাই করেছি। সেই আন্দোলনে ৪৮ ঘণ্টা অবস্থান কর্মসুচিতে বর্তমান প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। সেই আন্দোলন থেকে তিনি ঘোষণা করেছিলেন, বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে। সেই প্রতিশ্রুতি রাখতেই প্রধানমন্ত্রী তিস্তা মেগা প্রকল্প নিয়ে কাজ শুরু করেছেন।
তিনি জানান, ইতোমধ্যে বিশেষজ্ঞ দল তিস্তাপাড় পরিদর্শন করেছে। খুব দ্রুত তিস্তা মেগা প্রকল্পের কাজ শুরু করা হবে। তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়িত হলে তিস্তা আর অভিশাপ নয়, আর্শিবাদে পরিণত হবে।
অপর এক প্রশ্নের জবাবে এই সংসদ সদস্য বলেন, তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের আন্দোলন আমরা করেছি এবং করছি, যার সুফল পেতে যাচ্ছে তিস্তাপাড়ের মানুষ। একসময় একটি দল লোক দেখানো আন্দোলনের নামে তিস্তাপাড়ে কর্মসূচি দিয়েছিল। সেটি ছিল হাস্যকর ও জনবিচ্ছিন্ন একটি কর্মসূচি।
তিস্তাপাড়ের বন্যাদুর্গত আদিতমারী ও কালীগঞ্জ উপজেলায় পৃথক স্থানে প্রায় দেড় হাজার পরিবারকে ত্রাণ সহায়তা হিসেবে চালসহ শুকনো খাবারের প্যাকেট দেওয়া হয়েছে বলেও এ সময় জানান তিনি।
ভোটমারী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাসের মো. রাজিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাজহানুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. ফেরদৌসুর রহমান প্রমুখ।