চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পদ্মা নদীর ৪ নম্বর বেড়িবাঁধ-সংলগ্ন ফাঁসিতলা এলাকার একটি আমবাগান থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে র্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে র্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল উপজেলার ফাঁসিতলা এলাকায় একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১টি সুটারগান, ১ রাউন্ড গুলি, ১ কেজি ৮৫০ গ্রাম গান পাউডার, ২টি হাসুয়াসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
জব্দ করা মালামাল আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।