চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে হলুদের ক্ষেত থেকে আব্দুল আওয়াল নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার হলদেগাছি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল আওয়াল ভোলাহাট উপজেলার ঝাউবোনা গ্রামের মৃত আলা উদ্দীনের ছেলে। তিনি বিভিন্ন ধরনের কৃষিপণ্যের ব্যবসা করতেন।
ওসি বারিক জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ সকালে আব্দুল আওয়ালের মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে তার ব্যবহৃত মোটরসাইকেলটিও পড়ে ছিল।
তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে পরিবারের সদস্যরা দাবি করছেন। তবে দুর্ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই বলে জানিয়েছেন ওসি।
এদিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।