গাজীপুরের টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে তিনজন দগ্ধ হয়েছেন।
রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর পশ্চিম দাঁড়াইল এলাকার একটি বসতবাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
দগ্ধরা হলেন মনিরা আক্তার (৩০) ও তার ছেলে আরিফুল ইসলাম আরাফাত (৬) এবং তরিকুল ইসলাম (২৬)।
টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহিন আলম আরও জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার পর ঘর থেকে বের হওয়ার সময় তিনজন দগ্ধ হন।
পরে তাদের উদ্ধার করে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
শাহিন আলম বলেন, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।