ফেনীতে চেকপোস্টে দায়িত্বরত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। এ সময় ট্রাকচালকও গুরুতর আহত হন।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ফেনী সদর উপজেলার ফতেহপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্টার লাইন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেনাবাহিনীর ওয়ারেন্ট কর্মকর্তা মোহাম্মদ আলমগীর (৪৬) প্রেষণে এসআরবি-৭-এর ফেনী ক্যাম্পে কর্মরত ছিলেন। তার বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার শান্তিবাগ এলাকায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি সদস্যরা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি কাভার্ডভ্যানকে থামানো হয়। পরে একই লেনে আসা একটি ট্রাক সংকেত অমান্য করে দ্রুতগতিতে চলে যাওয়ার সময় কাভার্ডভ্যানটির পেছনে ধাক্কা দেয়।
এরপর ট্রাকটি মহাসড়কের বাম পাশ দিয়ে পালিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা আলমগীরকে ধাক্কা দেয় এবং রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে আলমগীর ও ট্রাকচালক মো. সজিব গুরুতর আহত হন।
পরে দায়িত্বরত এসআরবি সদস্যরা দুজনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আলমগীরকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে ট্রাকচালক সজিব হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার সালাম গাজীর ছেলে।
খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে থানার হেফাজতে নেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় মহিপাল হাইওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।