দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের সহকারী নিহত হয়েছেন। সড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে এসে কাভার্ড ভ্যানটি দ্রুতগতিতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত কাভার্ড ভ্যানচালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আল আমিন (৪০) নীলফামারী জেলার সৈয়দপুরের বাসিন্দা। আর আহত ব্যক্তির নাম আমিনুল ইসলাম।
ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, ঘোড়াঘাট এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনের সড়কে পুলিশের রেশনবাহী একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় খেজুরবাহী একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ইঞ্জিন কেবিনে আটকা পড়েন কাভার্ড ভ্যানের চালক ও সহকারী।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর দুর্ঘটনাকবলিত ট্রাক এবং কাভার্ড ভ্যানটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান এ কর্মকর্তা।