নাটোরে বাক প্রতিবন্ধী ছেলের বিরুদ্ধে মাকে হত্যা করার অভিযোগ উঠেছে।
রবিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শহিদা বেগম নাটোরের মল্লিকহাটী ঘোষপাড়া এলাকার মৃত শরিফুল হুদার স্ত্রী।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শহিদা তার একমাত্র বাক প্রতিবন্ধী ছেলে আরিফুল হুদাকে নিয়ে বসবাস করতেন। গতকাল (রবিবার) রাতে মায়ের ওপর ক্ষিপ্ত হয়ে রান্না ঘরে থাকা মসলা তৈরির শিলপাটা দিয়ে মায়ের মাথায় আঘাত করে সে। এতে ঘটনাস্থলেই তার মায়ের মৃত্যু হয়। পরে প্রতিবেশীরা টের পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে আরিফুলকে আটক করে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
প্রতিবেশীদের বরাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান জানান, আরিফুল নিয়মিত মাকে মারপিট করত। ধারণা করা হচ্ছে, গতরাতে মায়ের ওপর ক্ষুদ্ধ হয়ে ছেলেই মাকে হত্যা করেছে। তারপরও বিশেষ ব্যবস্থায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।