নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে এক দম্পতিসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজন গুরুতর অবস্থায় আইসিইউতে ভর্তি রয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) ভোর ৫টার দিকে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলায় একটি আবাসিক ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন শাহিন (৩০) ও তার স্ত্রী লিমা পারভীন (২৬) এবং তাদের দুই আত্মীয় হোসেন (২৮) ও শাহেদ (২৪)।
গুরুতর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, ঘটনার সময় ফ্ল্যাটের দরজা-জানালা সব বন্ধ ছিল। তাদের ধারণা, গ্যাসের চুলার চাবি খোলা থাকা অথবা গ্যাসের লাইনে লিকেজের কারণে পুরো ঘরে গ্যাস জমে ছিল।
তারা আরও জানান, সকালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পরে দগ্ধ চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বিস্ফোরণের তীব্রতায় ফ্ল্যাটের দরজা-জানালা ও ঘরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. হারুনুর রশীদ জানান, দগ্ধ চারজনের মধ্যে শাহিন ও লিমা গুরুতর অবস্থায় আইসিইউতে ভর্তি রয়েছেন। শাহিনের শরীরের ৬৮ শতাংশ ও লিমার ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। দুজনেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া হোসেনের শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শ্বাসনালিতে আঘাতের আশঙ্কা রয়েছে।
অন্যদিকে শাহেদের শরীরের ৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার ক্ষেত্রেও শ্বাসনালিতে আঘাতের আশঙ্কা করা হচ্ছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখতে তাদের একটি দল ঘটনাস্থলে কাজ করছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।