চুয়াডাঙ্গার জীবননগরে ছয় দিন নিখোঁজ থাকার পর আমগাছ থেকে মামুন হোসেন অন্তর (৩১) নামের একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার উথলী ডিগ্রি কলেজের কাছে একটি পুকুরপাড়ের আমগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মামুন উথলী গ্রামের আখ সেন্টারের পাশে থাকতেন। তার বাবার নাম আনসার আলী।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মামুন নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। কয়েকদিন তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেছেন বলেও জানা যায়।
পরে আজ (মঙ্গলবার) পুকুরপাড়ের একটি আমগাছের সঙ্গে মামুনের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।