নেত্রকোনার কেন্দুয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ঘটনার ভিডিও ধারণের অভিযোগ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) ভুক্তভোগীর বাবা কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
মামলার আসামিরা হলেন উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বাসিন্দা মো. শুভ (২৪), মো. নূরে আলম (৩৩) ও শাহ আলম (৩১)। তারা সবাই পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর সঙ্গে শুভর প্রায় চার বছর ধরে সম্পর্ক ছিল। গত শুক্রবার রাতে বাড়িতে বাবা না থাকার সুযোগে শুভ বিয়ের আশ্বাসে তাকে বাড়ি থেকে বের করে আনে। এ সময় অটোরিকশার জন্য অপেক্ষা করার কথা বলে শুভ ভুক্তভোগীকে বাড়ির পেছনের একটি ফসলি জমিতে নিয়ে যান।
পরে ঘটনাস্থলে রাত সাড়ে ১০টার দিকে সেখানে নূরে আলম ও শাহ আলম যান। অভিযোগ অনুযায়ী, তারা তিনজন পালাক্রমে ওই ছাত্রীকে ধর্ষণ করেন এবং ঘটনাটি মোবাইল ফোনে রেকর্ড করেন।
এজাহার অনুযায়ী, শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে ১টার মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনার কথা কাউকে না জানাতে ও বাড়িতে ফিরে না যেতে কিশোরীকে হুমকি দেন আসামিরা। বাড়িতে ফিরলে ধর্ষণের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয়ও দেখানো হয় তাকে।
ভয়ে সে প্রথমে পাশের গ্রামের এক সহপাঠীর বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। সেখানে আশ্রয় না পেয়ে অন্য গ্রামে আরেক সহপাঠীর বাড়ির বারান্দায় রাত কাটায়।
পরদিন শনিবার সকাল ৭টার দিকে ওই সহপাঠীর পরিবারের সদস্যরা তাকে দেখতে পেয়ে স্বজনদের খবর দেন। এরপর পরিবারের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান।
পরে পরিবারের কাছে ঘটনাটির বিস্তারিত জানালে ভুক্তভোগীর বাবা রবিবার ওই তিনজনকে আসামি করে কেন্দুয়া থানায় মামলা করেন।
ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীর বাবার লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা নথিভুক্ত করা হয়েছে।