গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পাউরুটি কিনতে গিয়ে নয় ও সাত বছর বয়সী দুই বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক দোকানির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত জসিম মুন্সী (৩৫) বিরুদ্ধে কাশিয়ানী থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের চরপরানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জসিম মুন্সী ওই গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ট্রাকচালক এবং পাশাপাশি একটি মুদি দোকান পরিচালনা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শিশু দুটি জসিমের দোকানে পাউরুটি কিনতে যায়। দোকানে পাউরুটি নেই জানিয়ে জসিম তাদের পাশের একটি বাড়িতে নিয়ে যান। সেখানে একটি কক্ষে দরজা বন্ধ করে তিনি শিশু দুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ সময় শিশুদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে জসিমকে আটকানোর চেষ্টা করলে তিনি পালিয়ে যান।
এ ঘটনায় শিশু দুটির বাবা সুলতান মিনা বাদী হয়ে শনিবার সন্ধ্যায় কাশিয়ানী থানায় মামলা করেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’