ফেনীর দাগনভূঞায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগে মেয়েকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার পূর্বচন্দ্রপুর গ্রামের বাদশাহ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সেতারা বেগম (৮০) ওই গ্রামের মৃত হোসেন আহমেদের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত রানু আক্তার (২৭) কয়েকদিন ধরে অস্বাভাবিক আচরণ করায় চিকিৎসার জন্য তাকে বাবার বাড়িতে নিয়ে আসা হয়। রবিবার রাতে হঠাৎ তিনি পরিবারের সদস্যদের একটি ঘরে অবরুদ্ধ করে বটি দিয়ে মাকে কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই সেতারা বেগমের মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘরের লোহার দরজা ভেঙে সেতারা বেগমের মরদেহ উদ্ধার এবং রানুকে আটক করে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, মেঝেতে পড়ে থাকা সেতারা বেগমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রানু মানসিক সমস্যার কারণে মাকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।