মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ১৯টি দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ১১টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে এবং ৮টি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
জানা যায়, স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও দ্রুত তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এর প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ধারণা করেছে, ওই বাজারের একটি হোটেল কিংবা তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে আশপাশের অন্যান্য দোকানেও তা ছড়িয়ে যায়।
এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে অর্ধকোটি টাকা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া।