রংপুর নগরীতে যাত্রীবাহী বাসের চাপায় এক মাদরাসা সুপারিনটেনডেন্ট (সুপার) নিহত হয়েছেন। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ করেন।
রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের মডার্ন মোড়ের দক্ষিণে তুলা গবেষণাকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম নগরীর জিয়াতপুকুর মাজার শরিফ দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট ছিলেন। পাশাপাশি একটি মসজিদের ইমাম হিসেবেও তিনি দায়িত্ব পালন করতেন। তার বাড়ি মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের আটপুনিয়া গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কাশেম তার সাত বছর বয়সী মেয়েকে মাদরাসায় পৌঁছে দিতে মোটরসাইকেলে করে লোকাল লেন দিয়ে যাচ্ছিলেন। এ সময় স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস হঠাৎ লেন পরিবর্তন করে লোকাল লেনে চলে এলে তিনি বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুর্ঘটনার মুহূর্তে আবুল কাশেম তার মেয়েকে রাস্তার পাশে সরিয়ে দেওয়ায় শিশুটি অক্ষত থাকে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বিক্ষোভ করেন এবং বাসটিতে আগুন ধরিয়ে দেন। একই সঙ্গে বাসচালক ও তার সহকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
রংপুরের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রফিক বলেন, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল এবং ওই এলাকায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।