রাজধানীর ডেমরার একটি ভাড়া বাসা থেকে মারিয়া আক্তার শ্রাবণী (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত মারিয়া আক্তার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দ টোলা গ্রামের মৃত সুবেদ মিয়ার মেয়ে ছিলেন। বর্তমানে পরিবারের সাথে ডেমরার ৪৩৬/১০ নম্বর বাঁশেরপুল এলাকায় ভাড়া থাকতেন।
নিহতের খালা জাহানারা বেগম বলেন, মারিয়া আমার একমাত্র ভাগ্নি ছিলেন। আড়াই বছর আগে তার বিয়ে হয়েছিল, কিন্তু স্বামী কোনো কাজকর্ম করত না। তাই গত চার মাস আগে স্বামীর সঙ্গে রাগ করে সে বাপের বাড়ি চলে যায়। গতকাল স্বামী ইমনের সঙ্গে মোবাইল ফোনে কথা কাটাকাটি হয় তার। এরপর কাউকে কোনো কিছু না বলে ঘরের দরজা বন্ধ করে রাখে। তারপর বেশ কিছু সময় পেরিয়ে গেলেও তার কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখি, সে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে আমরা বিষয়টি ডেমরা থানা পুলিশকে জানাই।
নিহত ওই নারীর দুই বছরের একটি ছেলে রয়েছে বলে জানান তিনি।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র রায় বলেন, গতরাতে আমিনবাগের আনোয়ার নামের এক ব্যক্তির বাড়ির দ্বিতীয় তলার একটি বাসার শয়নকক্ষ থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারি, স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে আজ (বৃহস্পতিবার) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।